ভারতীয় ভক্তি আন্দোলনের অন্যতম পথিকৃৎ সন্ত নামদেব (১২৭০–১৩৫০ খ্রিস্টাব্দ)। তিনি মহারাষ্ট্রের এক অদ্বিতীয় কবি-সাধক। তিনি ভগবান বিঠ্ঠল বা ভিতোবা বা বিঠোবা বা পাণ্ডুরঙ্গ — যিনি পাণ্ডরপুর অঞ্চলে উপাসিত বিষ্ণুর একটি রূপ — তার প্রতি ভক্তির মাধ্যমে সমাজের জাতিভেদ, ধর্মীয় গোঁড়ামি ও অন্ধকার দূর করার প্রয়াস চালান।
নামদেবের জীবন ছিল সাধারণ মানুষের জীবন, কিন্তু তাঁর ভক্তি ও কবিতা অসাধারণ। তিনি সমগ্র ভারতবর্ষে ভ্রমণ করে ভক্তি প্রচার করেন। তাঁর অভঙ্গ (ভক্তিগীতি) মারাঠি সাহিত্যের প্রথম দিকের উজ্জ্বল নিদর্শন। গুরু গ্রন্থ সাহিবে তাঁর ৬১টি শ্লোক সংকলিত, যা তাঁর সর্বধর্মীয় দৃষ্টিভঙ্গির প্রমাণ।
নামদেবের জন্ম ১২৭০ খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের সাতারা জেলার নারসি-বামনি গ্রামে এক নিম্নবর্ণীয় ছেউলি (শুদ্র) দর্জি পরিবারে। পিতার নাম ছিল দামাশেট্টি ও মাতার নাম গোনাবাই (বা গুনাবাই)। নামদেবের পুরো নাম ছিল নামদেব রেলেকার। সামাজিকভাবে বঞ্চিত এক অবস্থান থেকে উঠে এসে তিনি সর্বজনীন ভক্তির পতাকা উড়িয়ে দেন, যা আজও বহুজনের হৃদয়কে উদ্দীপিত করে।
ছোটবেলা থেকেই নামদেব ভগবান ভিতোবার প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। ভিতোবা বা বিঠ্ঠল বা পাণ্ডুরঙ্গ একজন জনপ্রিয় হিন্দু দেবতা, যাকে মূলত ভারতের মহারাষ্ট্র ও কর্ণাটক রাজ্যে পূজা করা হয়। বিঠ্ঠলকে সাধারণত বিষ্ণু বা তাঁর অবতার কৃষ্ণের একটি রূপ হিসেবে বিবেচনা করা হয়। তিনি মহারাষ্ট্রের বারকারি ভক্তি সম্প্রদায়ের প্রধান উপাস্য দেবতা। এই সম্প্রদায়ের সাধু-সন্তরা (যেমন জ্ঞানেশ্বর, নামদেব, একনাথ, তুকারাম) মারাঠি ভাষায় বিঠ্ঠলের প্রশংসায় অসংখ্য ভক্তিমূলক কবিতা রচনা করেছেন, যেগুলো অভঙ্গ (Abhang) নামে পরিচিত। বিঠ্ঠলের সবচেয়ে বিখ্যাত মন্দিরটি মহারাষ্ট্রের পাণ্ডরপুর শহরে অবস্থিত। এটি মহারাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান।
কথিত আছে, কৈশোরে তিনি লুটতরাজে যুক্ত হন। একবার ডাকাতি করতে গিয়ে এক সাধুর কুটিরে আশ্রয় নেন। সাধুর ভক্তি দেখে তাঁর মনে পরিবর্তন আসে। তাঁর আধ্যাত্মিক জীবন শুরু হয় মারাঠা ভক্তি আন্দোলনের ধারায়, যেখানে পাণ্ডুরঙ্গ ছিল ঈশ্বরের মূর্ত প্রতীক এবং ভক্তি ছিল একমাত্র আরাধনা। তিনি পান্ধরপুরের বিঠ্ঠল মন্দিরে নিয়মিত পূজা করতে থাকেন। স্ত্রী রাজাই ও চার সন্তানের সংসার থাকা সত্ত্বেও তিনি সন্ন্যাস জীবন গ্রহণ করেন।
নামদেবের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হল উত্তর ভারত ভ্রমণ (১৩০০–১৩৫০)। তিনি পাণ্ডরপুর থেকে পাঞ্জাব, দিল্লি, বৃন্দাবন, গয়া পর্যন্ত ৫০ বছর ধরে পদব্রজে ভ্রমণ করেন। এই যাত্রায় তিনি সন্ত জ্ঞানেশ্বর, সন্ত একনাথ, কবীর, রবিদাস প্রমুখের সঙ্গে মিলিত হন।
তাঁর সাধনায় এক গভীর বাঁক আসে যখন তিনি এইসব সাধুদের সঙ্গ লাভ করেন। এই কীর্তনভিত্তিক সাধুদের সাহচর্যে তিনি এক নির্গুণ-নামভক্তির দিকে ধাবিত হন, যেখানে ঈশ্বরের কোনো মূর্তি নেই, আছে কেবল নাম, ধ্বনি, শব্দরূপ প্রেম।
নামদেবের আধ্যাত্মিক জীবনে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেন যোগসাধক ও জ্ঞানসাধক সন্ত জ্ঞানেশ্বর (Jnanadev)। তাদের মধ্যে এক আন্তরিক ও আধ্যাত্মিক বন্ধুত্ব গড়ে ওঠে। জ্ঞানদেব তাকে সনাতন বেদান্ত ও যোগসাধনার দিকে আহ্বান জানান। পরে এই ভ্রমণকালেই নামদেব বিষোবা খেচার নামক এক সাধুকে তাঁর গুরু হিসেবে গ্রহণ করেন। বিশোবা খেচর, তাঁকে বোঝান—ঈশ্বর সর্বত্র প্রতিটি জীবের মধ্যেই বিরাজমান। এই উপলব্ধি থেকে নামদেবের ভক্তি বৃত্তি শুধু একটি নির্দিষ্ট মূর্তি বা লোকেশনে সীমাবদ্ধ নয়, বরং তাঁর সময়কালে সর্বত্র প্রসারিত হয়।

Jaipur, early 19th century, National Museum New Delhi
নামদেব একের পর এক পুণ্যস্থানে ঘুরেছেন। দিল্লিতে সুফি সাধুদের সঙ্গেও মিলিত হন বলে জানা যায়। তিনি বারকারি পন্থের একজন প্রধান প্রবক্তা হয়ে ওঠেন, যা ‘তীর্থযাত্রীদের পথ’ নামে পরিচিত। তিনি পাঞ্জাবে গিয়েছেন। গুরু নানকের পূর্বসূরীদের প্রভাবিত করেন তিনি। তাঁর ৬০টি পদ গুরু গ্রন্থ সাহিব-এ অন্তর্ভুক্ত হয়েছে — যা তাঁকে ভারতীয় সর্বধর্মীয় ঐক্যের প্রতীক করে তোলে।
তাঁকে উত্তর ভারতের দাদুপন্থী, কবীরপন্থী এবং শিখ ধারার অন্তর্ভুক্ত সাধুরাও শ্রদ্ধা করেন।
দাদুপন্থা অনুসারে, নামদেব হলেন শ্রদ্ধেয় পাঁচ গুরুদের একজন — বাকি চারজন হলেন দাদু, কবীর, হরিদাস ও রবিদাস।
নামদেবের পরিচারিকা ছিলেন সাধিকা জনাবাই। তিনিও একজন কীর্তন-ভক্ত কবি। জনাবাইয়ের রচনায়ও ভক্তি ও ঈশ্বরানুভূতির গভীর প্রকাশ পাওয়া যায়। তাঁর রেখে যাওয়া বহু ভক্তিগানে তিনি নিজেকে ‘নামের দাসী’ বা ‘নামদেবের জানি’ বলে সম্বোধন করেছেন। তিনি ছিলেন নামদেবের একনিষ্ঠ ভক্ত — তাঁর একমাত্র আকাঙ্ক্ষা ছিল নামদেবকে সেবা করা ও ভিটোবার গান গাওয়া।
১৩৫০ খ্রিস্টাব্দে পাণ্ডরপুরে নামদেব দেহত্যাগ করেন। তাঁর সমাধি পাণ্ডরপুরে বিঠ্ঠল মন্দিরের কাছে অবস্থিত।
নামদেবের দর্শন ছিল গভীরভাবে ভক্তিবাদী। তিনি ছিলেন পাণ্ডুরঙ্গ বা ভিতোবার একনিষ্ঠ ভক্ত। তাঁর দর্শনে সগুণ (রূপময়) ও নির্গুণ (নিরাকার) উভয় ব্রহ্মের ধারণার এক সমন্বয় দেখা যায়, যা বেদান্তের চিন্তাধারার অনুরূপ। উত্তর ভারতে তাঁকে সাধারণত নির্গুণ ভক্ত হিসেবে দেখা হয়, তবে মারাঠি সংস্কৃতিতে তিনি সগুণ ভক্ত হিসেবে পূজিত হন। তিনি ক্রমাগত আন্তরিক ভক্তির মাধ্যমে ব্রহ্মের সাথে প্রত্যক্ষ, গভীর সংযোগ স্থাপনের উপর জোর দেন।
তাঁর মতে, ঈশ্বর রূপহীন বা অচিন্ত্য। তিনি নামরূপ ছাপিয়ে বিরাজমান। প্রেম ও স্মরণের মধ্য দিয়ে তিনি অনুভবযোগ্য। তাঁর ভাবাদর্শে, নামই ঈশ্বর—নাম স্মরণেই মুক্তি। ভগবানের জন্য কোনো বাহ্য আচারের প্রয়োজন নেই — হৃদয়ের সরলতাই যথেষ্ট।
তাঁর মতে, ঈশ্বর সব মানুষের মধ্যে বিদ্যমান। জাতপাত, বর্ণ বা সামাজিক শ্রেণি দিয়ে তাঁর কাছে পৌঁছানো যায় না, যায় শুধু ভক্তি-প্রেম দিয়ে—এই ভাবনাই ছিল তাঁর সাধনার মূল। তিনি বিশ্বাস করতেন, ঈশ্বর নির্দিষ্ট কোনো জাত বা সম্প্রদায়ের একচেটিয়া সম্পত্তি নন; তিনি সকলের—যে ভালোবাসবে, সে-ই ঈশ্বর লাভ করবে।
তাঁর ভক্তি শুধু আবেগ নয়, বরং এক অন্তর্জাগতিক ক্রিয়া, যা ঈশ্বর ও ভক্তের মধ্যে অপার্থিব সম্পর্ক গড়ে তোলে। এই ভক্তির ভাবধারা ছিল সরল, গীতিময় ও আত্মানুসন্ধানমুখী। বলা হয়, তাঁর দর্শন জ্ঞানেশ্বরের অদ্বৈতবাদ ও কবিরের নির্গুণ ভক্তির মধ্যে সেতুবন্ধন।
নামদেব একজন সমাজ সংস্কারকও ছিলেন।
জাতিভেদ ভাঙার জন্য অস্পৃশ্যদের সঙ্গে ভোজনে অংশ নেন, যা তৎকালীন সমাজে একটা বিপ্লবী কর্মকাণ্ড ছিল। তার ভাবধারায়, নারী-পুরুষ, ধনী-গরিব সবাই ঈশ্বরের সামনে সমান। তিনি নারীদের মন্দিরে প্রবেশের অধিকার প্রতিষ্ঠা করেন। দরিদ্রদের মধ্যে অন্ন বিতরণের আয়োজন করেন।
নামদেব শুধু মারাঠি বা পাঞ্জাবি জনসমাজেই নয়, সারা ভারতবর্ষে ভক্তি আন্দোলনের অন্যতম পূর্বসূরি। তিনি কবির, রবিদাস, গুরু নানক প্রমুখের পূর্বপ্রেরণা। তাঁর ভাবনা বাউল, সুফি, ও রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বিস্তার করে। পাণ্ডারপুর এখনও তাঁর স্মৃতিধন্য অন্যতম তীর্থস্থান। তাঁর পদাবলি বারকারি সম্প্রদায়ের মধ্যে প্রতিদিন গাওয়া হয়
ভক্তিবাদ প্রচারের জন্য আটটি রাজ্য ভ্রমণ করে তিনি মারাঠি, হিন্দি, পাঞ্জাবি ভাষায় কীর্তন করেন। পাণ্ডরপুরে বারোয়ারী ভক্তিসভা প্রবর্তন করেন। তাঁর গানে যেমন ছিল ভক্তির নৃত্য, তেমনি ছিল সামাজিক প্রতিবাদের কণ্ঠস্বর। তিনি অস্পৃশ্যতা ও ব্রাহ্মণ্যবাদকে প্রত্যাখ্যান করে এক নতুন ঈশ্বরতত্ত্বের পথে চলেছেন, যা পরবর্তীতে রবিদাস, কবির, দাদু, মিরা বাঈ প্রমুখের ভাবনায় প্রভাব ফেলেছে।
নামদেবের সাহিত্য বৈষ্ণব দর্শন দ্বারা প্রভাবিত।
নামদেবের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্যকীর্তি হল অভঙ্গ (abhang) — ছোট, সরল, কিন্তু দার্শনিকভাবে গভীর পদাবলি। সংস্কৃত ‘অভঙ্গ’ অর্থ যা ভাঙা হয় নাই। এগুলো ৩-৪ পঙক্তির সরল গীতি। এগুলো সাধারণ মানুষের ভাষায় রচিত। এই অভঙ্গগুলি সুর করে গাওয়ার জন্য রচিত হয়েছিল (ভজন)। ভাষা মারাঠি, কিন্তু হিন্দি-পাঞ্জাবি শব্দের মিশ্রণ। এগুলোর বিষয়বস্তু বিঠ্ঠলের লীলা, ভক্তির মাহাত্ম্য, সমাজের কুসংস্কার৷ রচনার শৈলী সরল, আবেগপ্রবণ, লোকগীতির ধ্বনিময়। এগুলো মহারাষ্ট্রের বারকারি আন্দোলনের প্রাণভোমরা। তিনি প্রায় ২৫০০ অভঙ্গ রচনা করেন। এগুলোর মধ্যে কিছু সংরক্ষিত হয়েছে পঞ্জাবি, হিন্দি ও মারাঠি ভাষায়।
নামদেব মারাঠি ও হিন্দি—উভয় ভাষায় কীর্তন ও পদ রচনা করেন। তাঁর রচনাগুলি সাধারণ মানুষের হৃদয়ে ঈশ্বরচিন্তার আলো জ্বালিয়ে দেয়। এই কবিতাগুলি গীতিময়, সহজবোধ্য এবং গভীর আত্মবীক্ষামূলক। তার রচনার একটি অনন্য বৈশিষ্ট্য হলো, ঈশ্বরকে তিনি বন্ধু, সখা, প্রেমিক ও নিজের অন্তঃস্থ সত্তা রূপে দেখেছেন।
নামদেবের প্রায় ৬০টি কবিতা শ্রী গুরু গ্রন্থ সাহিবে স্থান পেয়েছে, যা তাকে হিন্দু-মুসলিম-শিখ সকলের সাধক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শিখ ধর্মে তিনি অন্যতম প্রাচীন ‘ভগত’ কবি হিসেবে সমাদৃত। এতে দেখা যায় তাঁর অন্তর্সত্তার বর্ণমুক্তির আকাঙ্ক্ষা ও পরমতত্ত্বের প্রতি পূর্ণ আত্মসমর্পণ।
সন্ত নামদেব মধ্যযুগের ভারতবর্ষে এক অলোকসামান্য আধ্যাত্মিক চেতনার নাম। তিনি ঈশ্বরকে হৃদয়ে ধারণ করে, সমাজে ন্যায়ের আলো ছড়িয়ে দিয়ে, সাহিত্যকে পরিণত করেছিলেন আত্মার প্রতিধ্বনিতে। তাঁর কীর্তন ও কবিতায় আজও আমরা পাই ঈশ্বরানুভবের স্পন্দন ও মানবতার জয়গান।
নামদেব শুধু মারাঠি বা পাঞ্জাবি জনসমাজেই নয়, সারা ভারতবর্ষে ভক্তি আন্দোলনের অন্যতম পূর্বসূরি। তিনি কবির, রবিদাস, গুরু নানক প্রমুখের পূর্বপ্রেরণা। তাঁর ভাবনা বাউল, সুফি, ও রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বিস্তার করে। পাণ্ডারপুর এখনও তাঁর স্মৃতিধন্য অন্যতম তীর্থস্থান। তাঁর পদাবলি বারকারি সম্প্রদায়ের মধ্যে প্রতিদিন গাওয়া হয়।
সন্ত নামদেব ছিলেন এমন এক কণ্ঠ—যিনি সমাজের প্রান্ত থেকে, সরল ভক্তির ভাষায় উচ্চারণ করেছিলেন মুক্তির এক সর্বজনীন সূত্র:
“নাম জপো, প্রেম করো। ঈশ্বর তোমার অন্তরেই বিরাজমান।” তাঁর ভক্তি দার্শনিক, তাঁর দর্শন সামাজিক, তাঁর সংগীত চিরকালীন। তাঁর জীবন ও কবিতা আজও ধর্মীয় ও সামাজিক সমতার এক কালজয়ী বার্তা বহন করে চলেছে।

না ম দে বে র কি ছু ক বি তা
১.
সবকিছুই গোবিন্দ,
গোবিন্দ ছাড়া কিছুই নেই।
যা-কিছু আছে সব তাঁরই আভা।
একটি সুতোয় যেমন
হাজারো মুক্তো গাঁথা থাকে,
তেমনি সেই সুতোটাও প্রভু,
গাঁথার হাতটিও প্রভু,
এমনকি গাঁথা মুক্তোও তিনিই।
২.
সত্যিকার দাতা কেবল তিনিই,
মানুষ কিছুই দিতে পারে না।
রাজারা এসেছিল, গেছে খালি হাতে—
একমাত্র তাঁর নামেই মন নিবদ্ধ করো।
নামই মুক্তি, নামেই প্রেম—
সেই শব্দধ্বনিই জীবন্ত মোক্ষ।
৩.
রাম নাম গাও—সেই তো নির্বাণ।
সেবা, পূজা, ধ্যান, জপ—
সবই অর্থহীন যদি না থাকে ঈশ্বরচেতনা।
৪.
মগ্ন ধ্যানে ধরা পড়ে তাঁর রূপ,
মায়ার জাল হয়ে পড়ে ছিন্ন।
বাহ্য আচারে নয়, হৃদয়ের একাগ্রতায়
ওঠে জেগে নামের শক্তি।
৫.
তুমি আমার মা,
তুমি আমার বাবা,
তুমি চেতনার প্রভু;
তোমার সর্বপ্লাবী প্রেম
তুমি আমার অন্তরে ঢেলে দিয়েছ।
কত ভাগ্যবান আমি—
তোমারই সান্নিধ্যে পেয়েছি মুক্তির পথ।
৬.
আমি তোমার দাস, ওগো প্রভু,
তুমি না থাকলে কিছুই আমার নয়।
তোমার নামই আশ্রয়, তোমার প্রেমেই প্রাণ।
৭.
রাম বিঠ্ঠল, দেব বিঠ্ঠল,
আমরা তোমারই সেবক।
বালক বেলায় মা-ও বিঠ্ঠল, বাবা-ও বিঠ্ঠল,
জাতি, গোত্র, গুরু, গীত — সবই বিঠ্ঠল।
জ্ঞান বিঠ্ঠল, ধ্যান বিঠ্ঠল,
নামার স্বামী, প্রাণ বিঠ্ঠল।
(নামা: নামদেব-এর সংক্ষিপ্ত রূপ)
৮.
ঢাকের চামড়া নেই, তবুও সে বাজে।
মেঘ নেই, তবুও আকাশ গর্জে ওঠে।
মেঘহীন আকাশ থেকে বৃষ্টি নামে নিরবধি।
এই রহস্য কেউ কি বোঝে?
আমি রামের সঙ্গে মিলেছি—
তাঁর সৌন্দর্য মেখে আমিও সুন্দর হয়ে উঠেছি।
৯.
তিনি এক, কিন্তু তাঁর থেকে অসংখ্য রূপ জন্ম নেয়।
তিনি আলো, তিনি ছায়া, তিনি পথ আর পথিকও।
নামদেব বলে—আমি যেদিকেই তাকাই,
সেখানে তাঁরই উপস্থিতি।
১০.
যেমন পরশ পাথর সিসাকে সোনায় বদলে দেয়,
তেমনি আমার কথা আর ভাবনার সুতোয়
আমি রত্ন গেঁথে চলেছি।
সত্যিকারের প্রেমকে চিনেছি—
সন্দেহ-ভয় সব ঝরে গেছে।
গুরু আমাকে যে বোধ দিয়েছেন
তাতেই আমি শান্ত হয়েছি।
১১.
যেমন কলসিকে জলে ডুবালে
সে নিজে থেকেই ভরে ওঠে,
তেমনি রাম সর্বত্র, সবার মধ্যে।
গুরুর হৃদয় আর শিষ্যের হৃদয়
আসলে একই সুরে বাঁধা।
এইভাবেই দাস নামদেব সত্যকে উপলব্ধি করেছে।
১২.
তিনি এক, কিন্তু তাঁর রূপ অসংখ্য।
অগণিত রূপে, অগণিত আকারে
তিনি ভরে আছেন এই সৃষ্টিলোকের সর্বত্র।
যেদিকেই তাকাই, তাঁকেই দেখি—
কিন্তু খুব অল্প মানুষই এই সত্য বোঝে;
কারণ মায়া আমাদের মোহিত করে রাখে
তার রঙিন প্রতিফলন,
তার লোভনীয় সৌন্দর্যের ছলে।
১৩.
নদী, তরঙ্গ, ফেনা, বুদবুদ—
সবকিছুই তো জলের মধ্যেই থাকে;
তাদের খেলা, ওঠানামা
সবই পরব্রহ্মের লীলা।
এখানে একটিকে আরেকটির
আলাদা বলে ভাবার সুযোগ নেই—
কারণ সবই একই সত্তার ভিন্ন ভঙ্গি।
১৪.
আশা এক মায়া,
ইচ্ছা এক স্বপ্ন—
তবু মানুষ এগুলোকে
বাস্তব ভেবে ধরে রাখে।
কিন্তু যখন গুরু তাঁর জ্ঞান দিলেন,
আমার ঘুম ভাঙল,
হৃদয় সমর্পিত হলো সত্যের সামনে।
১৫.
নামদেব বলেন—
হরির এই সৃষ্টিকে দেখো,
মন দিয়ে বিবেচনা করো;
তবে বুঝতে পারবে—
জগৎস্বরূপ প্রতিটি রন্ধ্রে,
প্রাণীসত্তার প্রতিটি টুকরোয়
অবশেষে একটাই আছেন—
মুরারি, চিরন্তন সেই এক।
১৬.
শব্দের বজ্রনিনাদ আমাকে
এই জীবনেই মুক্ত করেছে।
এটাই তো, হে প্রভু,
তোমার দাস-সন্তের সেবা—
এ উপকারের বদলা
আমি কীভাবে শোধ দেব তোমায়?
১৭.
তুমিই সৃষ্টিকর্তা,
তুমিই আমার একমাত্র সঙ্গী;
হে প্রভু, তুমি সর্বত্র বিরাজমান।
সঠিক ধ্যান তোমার পূর্ণ রূপকে প্রকাশ করে—
তখন মায়ার ফাঁদ
আর কার্যকর থাকে না।
মায়ার জাল বিশাল, নিষ্ঠুর,
তার শেকড় অসংখ্য,
মানুষকে শুষে নিতে থাকে।
মন দিয়ে প্রভুর নাম স্মরণ করো, গান করো—
হে নামা, তাঁর নাম জপতে
তোমার তো কিছুই খরচ হয় না।
১৮.
হাসতে হাসতে, খেলতে খেলতে
আমি তোমার মন্দিরে এসেছিলাম, হে প্রভু।
নামদেব যখন পূজায় মগ্ন,
তাকে ধরে বের করে দেওয়া হলো।
হে প্রভু, আমি নিম্নজাতের—
কাপড়ে রং করার ঘরে
কেন যে জন্ম হলো আমার!
বিছানার চাদরটা হাতে তুলে
আমি মন্দিরের পিছনে গিয়ে বসলাম।
সেখানে বসে নামদেব
তোমার গৌরবগান করতেই
মন্দিরটি ঘুরে দাঁড়াল—
অধম ভক্তের দিকে মুখ করে।
১৯.
নামদেব বাদামি গরুর দুধ দোহন করে
দুধের পাত্র আর জলের কলস
তার গৃহদেবতার সামনে রাখল।
‘এই দুধটি পান করো, হে প্রভু,
নয়তো বাবা রাগ করবেন আমার ওপর।’
নামদেব সোনার পাত্রটি
অমৃত-দুধে ভরে
প্রভুর সামনে রাখল।
প্রভু তাকালেন, হাসলেন—
‘এই ভক্তটি আমার হৃদয়ে থাকে।’
এবং প্রভু দুধ পান করলেন।
ভক্ত ফিরে গেল তার ঘরে—
এইভাবেই নামদেব
প্রভুর দর্শন লাভ করেছিল।
২০.
তাঁর লীলা দেখলেই
আমার গান জাগে।
এইভাবেই শান্তি পাই, ভাইয়েরা।
ভাইয়েরা, বাক্যে নিজেকে মিশিয়ে দাও—
সত্যগুরু তোমাকে দেবতার কাছে পৌঁছে দেবেন।
যেখানে আলো কাঁপে,
সেখানে প্রতিধ্বনিত হয়
অশ্রুত সেই শব্দ।
আলো আলোতে মিশে যায়—
গুরুর কৃপায় আমি এটি উপলব্ধি করেছি।
আমার নিজের অন্তরকুসুমে
বিদ্যুৎ-উজ্জ্বল রত্ন লুকিয়ে ছিল।
তিনি দূরে নন—খুব কাছে।
আমার শ্বাস-প্রশ্বাসে তিনি ভরে আছেন।
যেখানে চিরসূর্য জ্বলে,
সেখানেও এক ক্ষীণ প্রদীপ টিমটিম করে।
গুরুর কৃপায় আমি সত্য বুঝেছি।
এখন দাস নামদেব
চিরসত্তায় মিশে গেছে।
২১.
শব্দের গভীর থেকে যে বজ্রধ্বনি ওঠে,
তাই আমার হৃদয়ে জেগে থাকে।
যে নাম আমি উচ্চারণ করি,
সেই নামই আমাকে পথ দেখায়।
ভগবান ভিটোবার অনুগ্রহে
আমার মন এক বিন্দু আলোর দিকে টান খায়।
২২.
তুমিই সৃষ্টিকর্তা, তুমিই আমার একমাত্র বন্ধু।
আমার দুঃখ, ক্লান্তি, অন্ধকার—সব তুমি জানো।
আমি যদি কখনো ভেঙে পড়ি,
তোমার দয়া আমাকে তুলে ধরে।
নামদেবের আর কোনো ভরসা নেই—
শুধু তোমার নাম।
২৩.
হাসতে হাসতে, খেলতে খেলতে
আমি তোমার মন্দিরে এসে দাঁড়ালাম।
দরজায় এসে বুঝলাম—
এই হাসি-খেলা আসলে তোমারই লীলা।
আমার পথ আমি নিজে ঠিক করিনি;
তুমি ডেকেছিলে, তাই এসেছি।
২৪.
যে ভিতোবার সঙ্গে সত্যিই মেশে,
তার অহং ভেঙে যায়।
নিজেকে বড় বা ছোট ভাবার সুযোগ থাকে না।
নামদেব বলে—ঈশ্বরের কাছে এসে
আমি শুধু আলোয় ভেসে যাই।
২৫.
অন্ধকার যতই ঘন হোক,
ভগবানের নাম একটিমাত্র প্রদীপের মতো
সব দিক আলোকিত করে।
আমি যতবার তাঁর নাম নেই,
মনের ভিতরকার দরজা খুলে যায়।
২৬.
ঈশ্বর দূরে নন,
দূরে আছে আমাদের মন।
যখন মন ফিরে আসে নিজের ভিতরে,
তখন দেখা যায়—
তিনি তো সবসময় কাছে দাঁড়িয়ে।
২৭.
বাইরে মন্দির গড়ার প্রয়োজন নেই।
হৃদয়কে নির্মল করলেই
সেখানে তিনি বসে পড়েন।
নামদেব বলে—একা বসে তাঁর নাম নিলেই
হৃদয় মন্দির হয়ে ওঠে।
২৮.
ভিতোবা ভক্তকে কখনো ভয় দেখান না।
তিনি কেবল টেনে নেন,
মমতার মতো সূক্ষ্ম এক স্পর্শে।
আমি ভুল করলেও তিনি রাগ করেন না—
আবার ডাকেন।
২৯.
তিনি আমার প্রভু নন শুধু,
সখাও।
আমি কথা বলি, অভিযোগ করি,
হাসি, কাঁদি—সবই তাঁর সঙ্গে।
নামদেব বলে—এই বন্ধুত্বই আমার শক্তি।
৩০.
মানুষের আশ্রয় বদলায়,
সময়ের গতি বদলায়।
কিন্তু ঈশ্বর কখনো বদলান না।
তাঁর নামই আমার নিরাপত্তা।
৩১.
মানুষ যে বর্ণ, জাত, মান-অভিমান গড়ে তুলেছে
ঈশ্বর সেসব দেখেনই না।
তিনি দেখেন শুধু হৃদয় কত খোলা।
এই সত্য আমি যতবার বুঝেছি,
ততবার মুক্ত হয়েছি।
৩২.
অহংকার যেদিন বড় হয়ে ওঠে,
সেদিন ঈশ্বরের দরজা বন্ধ মনে হয়।
দরজা বন্ধ নয়—
বন্ধ থাকে আমার ভেতরটাই।
ঈশ্বরের দিকে ফিরে তাকালেই
দরজা নিজে খুলে যায়।
৩৩.
এই জীবনের নদী পার হওয়ার নৌকা
শুধু একটাই—ভগবানের নাম।
মানুষ, সম্পদ, জ্ঞান—কিছুই শেষ পর্যন্ত ধরে না।
শুধু নামের ভরসা টিকে থাকে।
৩৪.
আমি তাঁর দরজার সামনে বসে থাকি,
যতক্ষণ না তিনি নিজ হাতে খুলে দেন।
অপেক্ষাকে আমি ক্লান্তি ভাবি না—
এটাই তো ভক্তির গভীর আনন্দ।
৩৫.
ঈশ্বর কেন কী করেন—
এটি বুদ্ধি দিয়ে ধরা যায় না।
আমি শুধু দেখি
সব ঘটনার ভিতরে তাঁর ইশারা আছে।
বোঝার চাইতে মানাই বড়।
৩৬.
মানুষ ভুলে যায়, ক্লান্ত হয়,
কখনো উদাসীনও হয়।
কিন্তু তিনি নজর সরান না।
আমার নিশ্বাসের মতো
তাঁর দয়া আমার সঙ্গে থাকে।
৩৭.
অভাব বাইরে নয়,
অভাব ভিতরে।
মন যদি শান্ত থাকে,
জীবনের সবকিছুই যথেষ্ট মনে হয়।
মন অস্থির হলেই চাওয়া বাড়ে।
৩৮.
শেষ পর্যন্ত আমার যা কিছু আছে—
শরীর, মন, শ্বাস, চিন্তা—
সবই তাঁর।
নামদেব বলে—আমি আলাদা কিছু নই,
তাঁরই অংশ হয়েই আছি।
৩৯.
তোমার দয়ার স্রোত থামে না।
আমি তা সামলাতে পারি না—
শুধু ভেসে যাই।
নিজের শক্তি দিয়ে কিছুই হয় না,
সবটাই তোমার অনুগ্রহ।
৪০.
ঈশ্বর দূর থেকে চিৎকার করেন না।
তিনি নীরব ইশারায় বলেন।
যে শুনতে পারে,
সে-ই তাঁর দিকে এগোয়।
৪১.
যুদ্ধ বাইরে নয়,
যুদ্ধ মনেই।
দ্বেষ, সন্দেহ, অহং—
যতক্ষণ আগুন জ্বলে,
ঈশ্বরকে ছুঁতে পারি না।
৪২.
চোখ খোলা থাকে,
তবু সত্য দেখি না।
যেদিন অনুগ্রহ আসে,
সেদিনই স্পষ্ট হয়—
সবকিছু তাঁরই রূপ।
৪৩.
হাজার মাইল হেঁটেও
তীর্থ পাওয়া যায় না
যদি হৃদয়ে ভালোবাসা না জাগে।
যার ভিতর ভক্তি আছে,
তার প্রতিটি পদক্ষেপই পবিত্র।
৪৪.
অনেক নিয়ম পালন করেও
মন যদি নির্মল না হয়,
তাহলে কিছুই হয় না।
ঈশ্বর হৃদয়ের সত্য খোঁজেন,
রীতিনীতির জমকালো শব্দ নয়।
৪৫.
যতদিন নিজেকে ধরে রাখি,
ততদিন আটকে থাকি।
যেদিন সব ছেড়ে দিই—
সেদিনই মুক্ত হই।
সমর্পণই পথ,
নামদেব তাই বুঝেছে।
৪৬.
কখনো সুখ দিয়ে শেখান,
কখনো দুঃখ দিয়ে।
দুই পথই তাঁর।
দুঃখে মন ভাঙে,
আর সেই ফাঁটল দিয়েই
আলো ঢুকে পড়ে।
৪৭.
বাইরের সম্পদ শেষ অবধি ধুলোই।
ভেতরের সম্পদ—
দয়া, নাম, ভক্তি—
এগুলোই সত্যিকারের ধন।
৪৮.
তুমি যাকে ডাকো,
তোমার মন তাতেই রঙিন হয়।
যদি পৃথিবীকে ডাকো—
জটিলতা বাড়ে।
যদি ঈশ্বরকে ডাকো—
মন হালকা হয়ে যায়।
৪৯.
কাজ আমার,
ফল তাঁর।
এই সহজ সত্য বুঝলেই
মন শান্ত থাকে।
৫০.
যে অন্তরে সত্য থাকে,
তার জন্য এক স্থানে দাঁড়িয়েও
তীর্থযাত্রা শেষ হয়।
বিশ্বজগতই তখন তীর্থক্ষেত্র।
৫১.
যে পথেই যাওয়া হোক,
শেষে এসে থামে তাঁর কাছে।
মানুষ যতই ঘুরে ঘুরে যাক,
সত্য একটাই—
ঈশ্বরই গন্তব্য।
৫২.
আমি তাঁকে খুঁজতে খুঁজতে
শেষমেশ নিজেকেই পেলাম।
তিনি ছাড়া ‘আমি’ বলে কিছুই নেই।
এই উপলব্ধি যত গভীর হয়,
অহং তত গলে যায়।


















































































































































































