Painter from Bangladesh, Syed Jahangir, Meghchil Biography

সৈয়দ জাহাঙ্গীর

চিত্রশিল্পী

বাংলাদেশের একজন প্রথিতযশা চিত্রকর। ঊনবিংশ শতাব্দীর পঞ্চাশের দশক থেকে তাঁর সৃজন অভিযাত্রা। বৈচিত্র্যে এবং বিপুলতায় তার সৃষ্টি বাংলাদেশের চিত্রকলা প্রয়াসে খুবই উজ্জ্বল হয়ে আছে। চলনবলনে, কথাবার্তা কিংবা জ্ঞানের বিচারে সৈয়দ জাহাঙ্গীর ছিলেন আধুনিকতম শিল্পীদের একজন। তিনি ছিলেন বিমূর্ত চিত্রকলার অন্যতম শ্রেষ্ঠ শিল্পী।
বাংলাদেশের চিত্রকলা আন্দোলনের প্রথম প্রজন্মের শিল্পীদের একজন ছিলেন সৈয়দ জাহাঙ্গীর। আমাদের চিত্রকলায় আধুনিকতার পথ নির্মাণ ও সৃজনযাত্রায় তিনি অগ্রণী চিত্রকর হয়ে উঠেছিলেন। ক্যানভাসের ব্যাপ্তি ও বিষয়বৈচিত্র্যের সঙ্গে বাংলার নিসর্গ ও মানুষের নানা অনুষঙ্গ তাকে করে তুলেছিল পঞ্চাশ দশকের খ্যাতিমান শিল্পীদের মধ্যে বিশিষ্ট একজন।

আলোকচিত্র: ফয়জুল লতিফ চৌধুরী

একনজরে

চিত্রশিল্পী

জন্ম
১ নভেম্বর ১৯৩৫

মৃত্যু
২৯ ডিসেম্বর ২০১৮

বই
আত্মপ্রতিকৃতি: স্মৃতির মানচিত্র

উল্লেখযোগ্য সিরিজ
আত্মার উজ্জীবন
উল্লাস
ধ্বনি
অজানা অন্বেষা

উল্লেখযোগ্য সম্মাননা
একুশে পদক
চারুশিল্পী সংসদ সম্মাননা
হামিদুর রহমান পুরস্কার


বিস্তারিত তথ্যের জন্য
বইয়ের নামে ক্লিক করুন

জন্ম, পড়াশোনা ও চিত্রকর্ম

সৈয়দ জাহাঙ্গীর ১৯৩৫ সালের ১ নভেম্বর সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। চারুকলা থেকে পড়াশোনার পর দীর্ঘদিন তিনি নিজেকে নিয়োজিত রাখেন একজন ‘ফুলটাইম’ চিত্রকর হিসেবে। ১৯৫৮ সালে ফোর্ড ফাউন্ডেশনের ফেলোশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর বিভিন্ন স্টেট ঘুরে ঘুরে আমেরিকান শিল্পধারার সঙ্গে সৈয়দ জাহাঙ্গীরের পরিচয় হয়। পাকিস্তান আমলে টেলিভিশনে খবর পড়তেন সৈয়দ জাহাঙ্গীর। বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হলে, তিনি আটকা পড়েন পাকিস্তানে।

১৯৭৩ সালে দালালের মাধ্যমে পালিয়ে দেশে ফেরেন সৈয়দ জাহাঙ্গীর। ধীরে ধীরে বিমূর্ততা থেকে সরে এসে আঁকতে শুরু করেন রিয়েলিস্টিক ফর্মে। তার ছবিতে আসতে থাকে গ্রাম বাংলার রঙ। প্রকৃতি এবং ঋতু পরিবর্তন ছিল তাঁর ছবির অন্যতম বৈশিষ্ট্য। তাঁর বিখ্যাত প্রদর্শনী ও সিরিজের নাম হচ্ছে ‘আত্মার উজ্জীবন’, ‘উল্লাস’, ‘ধ্বনি’, ‘অজানা অন্বেষা’। তাঁর নানা চিত্রকর্মের মধ্যে ১৯৭৩ থেকে ১৯৭৫ সালের বিভিন্ন ঘটনা নিয়ে করা কাজ ‘আত্মার উজ্জীবন’ উল্লেখযোগ্য।

তার ছবিতে প্রকৃতি ও মানুষের নানা অনুষঙ্গ খুবই সযত্নে উঠে এসেছে। নির্মাণশৈলীতে এসেছে সহজ ছন্দ, যা তাঁর সৃষ্টিকে করে তুলেছে তাৎপর্যময়। দেশের সঙ্গে তার আত্মিক বন্ধন তার শিল্পকর্মে উঠে এসেছে। চিত্রকলার ভুবনে তিনি খুবই সক্রিয় জীবন যাপন করেছেন। জ্ঞানের বিচারে সৈয়দ জাহাঙ্গীর ছিলেন আধুনিকতম শিল্পীদের একজন। তিনি ছিলেন বিমূর্ত চিত্রকলার অন্যতম শ্রেষ্ঠ শিল্পী।

কর্মজীবন

প্রায় ২২ বছর পেশাদার চিত্রকর হিসেবে কাজ করার পরে তিনি ১৯৭৭ সালে শিল্পকলা একাডেমীর শিল্পকলা বিভাগের প্রধান হিসেবে যোগদান করেন।
সৈয়দ জাহাঙ্গীর শিল্পকলা একাডেমীর পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন এবং শিল্পকলা একাডেমীতে চারুকলা বিভাগ চালু করেন।

১৬ বছর শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালকের দায়িত্বে থেকে তিনি বাংলাদেশের চিত্রকলাকে এগিয়ে নিতে নানা উদ্যোগ নেন। তার সময়েই শিল্পকলা একাডেমির দ্বিবার্ষিক আন্তর্জাতিক চিত্রকলা প্রদর্শনী শুরু হয়।

বইপত্র

আত্মপ্রতিকৃতি: স্মৃতির মানচিত্র

এই বইয়ে শিল্পী সৈয়দ জাহাঙ্গীর তাঁর সৃজন ও বন্ধুবৃত্তের কথা বলেছেন। একই সঙ্গে পারিবারিক পরিমণ্ডল, শৈশব স্মৃতি, জীবনে প্রতিষ্ঠার সংগ্রাম, বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা এবং শিল্পীর প্রত্যয় ও দৃঢ়তার ছবি একটি মাত্রা নিয়ে উন্মোচিত হয়েছে এই বইয়ে।

প্রদর্শনী

‘আত্মার উজ্জীবন’, ‘উল্লাস’, ‘ধ্বনি’, ‘অজানা অন্বেষা’সহ অসংখ্য চিত্রকর্ম রয়েছে তার। ‘অশনি সংকেত’ নামের একটি সিরিজে তিনি ১৯৭৪-৭৫ সালের রাজনৈতিক পরিস্থিতিও ধরতে চেয়েছেন।

  • ২০১৩: একক প্রদর্শনী  [শিল্পাঙ্গন গ্যালারি, ঢাকা]
  • ২০১২: মাটি ও মানুষ  [বেঙ্গল গ্যালারি। চারুকলার ছাত্রজীবনে করা ক্লাস স্টাডি থেকে শুরু করে সর্বশেষ ২০১২ সালে আঁকা মোট ৮০টি শিল্পকর্ম এ একক প্রদর্শনীতে প্রদর্শিত হয়।]
  • ২০০৫: একক প্রদর্শনী  [সাজু আর্ট গ্যালারি, গুলশান, ঢাকা]
  • ১৯৯৭: একক চিত্রকর্ম প্রদর্শনী  [শিল্পকলা একাডেমী, ঢাকা]
  • ১৯৯০: চিত্রকর্ম প্রদর্শনী  [মেট্রোপল হোটেল, করাচি, পাকিস্তান]
  • ১৯৭৮: একক চিত্রকর্ম প্রদর্শনী  [শিল্পকলা একাডেমী, ঢাকা]

সম্মাননা

  • একুশে পদক, ১৯৮৫
  • চারুশিল্পী সংসদ সম্মাননা, ১৯৯২
  • মাইকেল মধুসূদন পুরস্কার, ২০০০
  • শশীভূষণ সম্মাননা, ২০০৫
  • বার্জার পেইণ্টস বিশেষ সম্মাননা, ২০১০ [আজীবনকাজের স্বীকৃতিস্বরূপ]
  • হামিদুর রহমান পুরস্কার সহ অন্যান্য

প্রয়াণ

২০১৮ সালের ২৯ ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে নিজের বাসায় শিল্পী সৈয়দ জাহাঙ্গীরের মৃত্যু হয়।

 


তথ্য সহায়তা: প্রথম আলো, উইকিপিডিয়া, প্রতিদিনের সংবাদ ও সৈয়দ জাহাঙ্গীরের আত্মজৈবনিক বই ‘আত্মপ্রতিকৃতি: স্মৃতির মানচিত্র’
‘নিসর্গ-ক্যানভাসের শিল্পী সৈয়দ জাহাঙ্গীর’—
সঞ্জয় ঘোষ [সমকাল]

পাঠকের ভালোবাসাই মেঘচিলের শক্তি।
এক কাপ চায়ের দামে আমাদের পাশে থাকতে পারেন