অনুবাদক
বাংলাদেশের প্রধানতম অনুবাদক খালিকুজ্জামান ইলিয়াস-এর জন্ম ১৯৪৯ সালের ২০ এপ্রিলে, ঢাকায়। বগুড়া জেলা স্কুল থেকে মেট্রিক পাস করে বগুড়া আজিজুল হক কলেজে পড়াশুনা করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং এমএ করেছেন। পিএইচডি করেছে তুলনামূলক কৃষ্ণাঙ্গ সাহিত্য নিয়ে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে। প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭। বেশির ভাগই চিরায়ত সাহিত্যের অনুবাদ। বাংলাদেশের অনুবাদ জগতকে তিনি এককভাবে–গুণে ও মানে–যতটা সমৃদ্ধ করেছেন তা আর কেউ-ই করেননি। অনুবাদের ক্ষেত্রে দুরূহতম আদর্শ– ফরেনাইজেশন না করেই অনুবাদকে লক্ষ্য ভাষায় মূলানুগ ও সুপাঠ্য করে তোলা–এটি তিনি অত্যন্ত দক্ষতা ও শৈল্পিক সূক্ষ্মতাবজায় রেখে করে আসছেন একেবারে শুরু থেকে। অনুবাদ সুপাঠ্য হলে যেমন মূলানুগ হওয়ার কথা নয়, তেমনি মূলানুগ হতে গেলে সুপাঠ্য হওয়ার সম্ভাবনা কম–এই ধারণাকে তিনি ভুল প্রমাণিত করেছেন তাঁর অনুবাদকলার আশ্চর্য দক্ষতার মাধ্যমে। বিপরীতমুখী দুই সত্যকে তিনি একাননে তুলে ধরেন উভয় ভাষায় তর্কাতীত দখল ও ভাষিক ছন্দে পারদর্শিতার ফলে।
[বিস্তারিত তথ্যাদি শীঘ্রই আপডেট করা হবে]

