কথাসাহিত্যিক
মা: ফজিলাতুননেসা পুষ্প, বাবা: তবিবুর রহমান। বৃহত্তর বরিশালের পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার বোথলা গ্রামে, প্রমত্ত কচা নদীর পাড়ে ১৯৬৮ সালের ১লা মে জন্মগ্রহণ (সার্টিফিকেট অনুসারে)। ১৯৮২ সালে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ঢাকায়। একটা রাজনৈতিক দলের অফিসে পিওনের কাজ, ছেঁড়া কাগজ বস্তায় ভরার কাজ, ফটোস্ট্যাট মেশিনের কাজ… পরে টিউশনি, লজিং থেকে সিদ্ধেশ্বরী কলেজে ভর্তি হওয়া। ১৯৮৬ সালে বাংলাদেশ বেতারে চাকরি। তারপর ২০১৫ সালে বাংলা একাডেমিতে নিয়োগ।
প্রকাশিত বই শতাধিক। শিশুসাহিত্য প্রিয় প্রসঙ্গ। ২০২০ সালের বইমেলায় কথাপ্রকাশ থেকে এসেছে গল্প পঞ্চাশ—যা কথাশিল্পী মনি হায়দারকে দিয়েছে অনন্য মর্যাদা।
প্রকাশিত গল্পের বই: পনেরোটি। উপন্যাস: দশটি।
পুরস্কার: বরিশালের জীবনানন্দ কথাসাহিত্য পুরস্কার। শ্রীপুর সাহিত্য পরিষদের কথাসাহিত্য পুরস্কার। চর্যাপদ একাডেমির কথাসাহিত্য পুরস্কার। বগুড়া লেখক চক্রের কথাসাহিত্য পুরস্কার। বাংলাদেশ শিশু একাডেমি পরিচালিত অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার দুইবার। এম নূরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার।
বিটিভিতের কথাসাহিত্যের অনুষ্ঠান কথাঅমৃত উপস্থাপনা। জিটিভিতে শিল্পসাহিত্য সংস্কৃতির অনুষ্ঠান শিল্পবাড়ি উপস্থাপনা দীর্ঘ পাঁচ বছর। লিখছেন টিভি নাটকও।

