১৬ নভেম্বর ২০২৬
সাবেকডাঙ্গার ধ্যানঘর
চিত্রবিন্যাস :
বিজন অরণ্য
সোনিয়া রহমান
শিক্ষাবিদ, ভ্রামণিক
24

সোনিয়া রহমান
শিক্ষাবিদ, ভ্রামণিক

24

ঐতিহ্যের ঝটিকা সফর

সাবেকডাঙ্গার ধ্যানঘর

কয়েক বছর আগে কোয়ান্টাম ফাউন্ডেশনের তিন দিনের একটি কোর্স করেছিলাম। সেখানে মেডিটেশন বা ধ্যানের মাধ্যমে কীভাবে আত্মনিয়ন্ত্রণ, মনঃসংযোগ ও ইতিবাচক চিন্তার চর্চা করা যায়, তা হাতে-কলমে শেখানো হয়েছিল।

মেডিটেশন বলতে আমরা সাধারণত বুঝি কোনো একটি বিষয়ে গভীর মনোনিবেশ, চিন্তার শুদ্ধতা, আত্মনিমগ্নতা এবং বাইরের জগৎ থেকে সাময়িকভাবে নিজেকে বিচ্ছিন্ন করে অন্তর্জগতের দিকে ফিরে তাকানো। এর মধ্য দিয়ে মন শান্ত হয়, আত্মোপলব্ধির সুযোগ তৈরি হয়, মানুষ নিজের ভেতরের জগৎকে নতুন করে আবিষ্কার করতে পারে।

পৃথিবীতে ধ্যানচর্চার সূচনা ঠিক কবে, তা নিশ্চিত করে বলা কঠিন। তবে কয়েক হাজার বছর ধরে বিভিন্ন সভ্যতা ও ধর্মীয় ঐতিহ্যে এর চর্চা হয়ে আসছে। হিন্দুধর্মে ধ্যান ও সমাধির ধারণা রয়েছে। বৌদ্ধধর্মে ধ্যান আত্মোপলব্ধি ও নির্বাণের পথ। খ্রিষ্টধর্মের বিভিন্ন ধারায় রয়েছে নীরব প্রার্থনা ও গভীর মনোনিবেশের চর্চা। ইসলামেও তাফাক্কুর, জিকির, তিলাওয়াত, নির্জন ইবাদত ও ইতিকাফের (১. Taffakur ২. Gratitude ৩. Seclusion ৪. Dhikr ৫. Reciting Quran) মতো অনুশীলনের মধ্যে আত্মিক মনোনিবেশের দৃষ্টান্ত পাওয়া যায়। এগুলোর বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। শুধু এটুকু বলি—নামাজ আদায় ও পবিত্র কোরআন তেলাওয়াতও একধরনের ধ্যান বা মেডিটেশন। পবিত্র রমজান মাসে মুসুল্লিরা ইতিকাফে বসেন; সেটিও আত্মনিমগ্নতা ও ধ্যানের এক বিশেষ অনুশীলন। তবে ইসলামী আধ্যাত্মিক চর্চায় সবচেয়ে পরিচিত ও বহুল প্রচলিত ধ্যানসদৃশ অনুশীলন হলো জিকির—আল্লাহর স্মরণে মনকে নিবিষ্ট করা।

রাজপুত্র সিদ্ধার্থ রাজত্ব, ক্ষমতা, সংসার ও সন্তান ছেড়ে এক পূর্ণিমার রাতে গৃহত্যাগ করেছিলেন। দীর্ঘ ধ্যান ও সাধনার মধ্য দিয়ে বোধিবৃক্ষের নিচে তিনি বুদ্ধত্ব লাভ করেন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) মক্কার অদূরে হেরা পর্বতের নির্জন গুহায় ধ্যান ও ইবাদতে নিমগ্ন থাকতেন। সেখানেই তাঁর ওপর প্রথম ওহি নাজিল হয়।

ধর্ম ও সংস্কৃতির ভিন্নতা থাকলেও মানুষের আত্মিক অনুসন্ধান, নীরবতা ও গভীর মনোনিবেশের আকাঙ্ক্ষায় এক ধরনের মিল রয়েছে।

এই ধ্যানের প্রসঙ্গেই আজ এমন একটি পুরাকীর্তির কথা বলতে চাই, যার সঙ্গে আমার পরিচয় বাগেরহাট ভ্রমণের সূত্রে। স্থাপনাটি ইসলামি স্থাপত্যের হলেও এর প্রকৃত পরিচয় নিয়ে রয়েছে রহস্য ও বিতর্ক। এটি কি মসজিদ, মন্দির, ইবাদতখানা, নাকি কোনো নির্জন ধ্যানকক্ষ—এ প্রশ্নের নিশ্চিত উত্তর আজও পাওয়া যায়নি।

ঐতিহ্যের ঝটিকা সফর

বাগেরহাটের ইতিহাসের পথে

আমি অনেকবার বাগেরহাটে গিয়েছি। বাংলাদেশের মুসলিম স্থাপত্য ও পুরাকীর্তির উল্লেখযোগ্য নিদর্শনগুলোর একটি বড় অংশ এই অঞ্চলে অবস্থিত। বিখ্যাত ষাট গম্বুজ মসজিদকে কেন্দ্র করে আশপাশে ছড়িয়ে রয়েছে অসংখ্য প্রাচীন মসজিদ, মাজার, পুকুর ও ঐতিহাসিক স্থাপনা। এসবের অধিকাংশই খানজাহান আলী (রহ.)-এর সময়কার স্থাপত্য ও নির্মাণ ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত।

সবগুলোর মধ্যে চুনাখোলা মসজিদ আমার কাছে বিশেষভাবে আকর্ষণীয় মনে হয়েছে। এখানকার মাটিতে শুধুই চুন পাওয়া যায়। মসজিদের দেয়াল ও নির্মাণশৈলীতেও চুনের ব্যবহার চোখে পড়ে। অন্যান্য মসজিদের তুলনায় এর স্থাপত্য বিন্যাসেও কিছু স্বাতন্ত্র্য রয়েছে।

ঘুরে ফিরে প্রায় সব উল্লেখযোগ্য পুরাকীর্তিই দেখা হয়েছে। দেখেছি খানজাহান আলী (রহ.)-এর বসতভিটা, তাঁর ব্যবহৃত পুকুর এবং তাঁর আমলে নির্মিত প্রাচীন সড়কের নিদর্শন। জনশ্রুতি ও স্থানীয় ঐতিহ্য অনুযায়ী, একটি রাস্তা চট্টগ্রামের দিকে এবং অন্যটি ঝিনাইদহের বারোবাজারের দিকে চলে গিয়েছিল। পঞ্চদশ শতকে নির্মিত বলে পরিচিত সেই সড়কের কিছু অস্তিত্ব এখনো টিকে আছে।

সেই প্রাচীন রাস্তার ওপর দাঁড়িয়ে মনে হয়েছিল চারপাশের পরিবেশ যেন অতীতের কোনো অজানা সময়ের দরজা খুলে দিচ্ছে। মনে হচ্ছিল, এই পথ দিয়ে কত মানুষ হেঁটে গেছেন, কত ঘোড়ার খুরের শব্দ মিশে আছে এর মাটিতে! ইতিহাসের সামনে দাঁড়ালে কখনো কখনো এমন এক গা ছমছমে অনুভূতি হয়, যার ব্যাখ্যা খুঁজে পাওয়া কঠিন।

মাইলস্টোন
মাইলস্টোন

সাবেকডাঙ্গার রহস্যময় স্থাপনা

খানজাহান আলী (রহ.)-এর মাজার শরিফ থেকে প্রায় পাঁচ কিলোমিটার উত্তরে, বাগেরহাটের কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙ্গা গ্রামে রয়েছে এক রহস্যময় পুরাকীর্তি। স্থানীয়ভাবে এটি সাবেকডাঙ্গা মনুমেন্ট নামে পরিচিত।

স্থাপনাটি আসলে কী কাজে ব্যবহৃত হতো, তা নিয়ে মতভেদ রয়েছে। কেউ একে মসজিদ বলেন, কেউ মন্দির বা প্রার্থনাকক্ষ। কিন্তু এর স্থাপত্য বিন্যাস পর্যবেক্ষণ করলে একে সাধারণ মসজিদ হিসেবে চিহ্নিত করা কঠিন।

আমার কাছে মনে হয়েছে, এটি হয়তো খানজাহান আলী (রহ.)-এর ধ্যানঘর বা নির্জন ইবাদতের স্থান ছিল। কারণ, ষাট গম্বুজ মসজিদসহ আশপাশে অসংখ্য মসজিদ ও মাজারসংলগ্ন ইবাদতখানা থাকা সত্ত্বেও জনবসতি থেকে কিছুটা বিচ্ছিন্ন এই গ্রামে এমন একটি স্থাপনা নির্মাণের উদ্দেশ্য কী হতে পারে, তা ভাবার বিষয়। অবশ্য এটি আমার ব্যক্তিগত অনুমান; এর ঐতিহাসিক পরিচয় নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত নয়।

স্থাপনাটি আয়তাকার ভূমির ওপর নির্মিত। ছাদ চৌচালা ধরনের। কার্নিশগুলো ধনুকাকৃতির। দক্ষিণ দিকে রয়েছে একটি মাত্র প্রবেশপথ। বাইরে থেকে দেখলে এর অবয়ব অত্যন্ত সাদামাটা। লাল ইটের তৈরি ভবনটি প্রথম দর্শনে বিশেষ কোনো চমক তৈরি করে না। কিন্তু এর ভেতরে প্রবেশ করলেই বদলে যায় পুরো অভিজ্ঞতা।

ধ্যানঘর
ধ্যানঘর

অন্ধকারের ভেতর বিস্ময়

ভেতরে ঢুকব কি ঢুকব না, কিছুক্ষণ ইতস্তত করছিলাম। শেষ পর্যন্ত কৌতূহলের জয় হলো।

প্রবেশ করতেই গুমোট একটা পরিবেশ। বাদুড়ের তীব্র চিমসে গন্ধ। প্রথম কয়েক সেকেন্ড কিছুই দেখতে পেলাম না। বাইরের আলো থেকে হঠাৎ অন্ধকারে প্রবেশ করায় চোখ ধাতস্থ হতে সময় লাগছিল।

ধীরে ধীরে অন্ধকারের সঙ্গে চোখ সয়ে এলো। দেয়ালগুলো ভেজা ভেজা। ভেতরে এক ধরনের হিমশীতল অনুভূতি। দেয়ালে দুটি কুলুঙ্গি চোখে পড়ল। সম্ভবত সেখানে প্রদীপ জ্বালানো হতো।

সঙ্গীদের মধ্যে কেউ একজন মোবাইলের টর্চ জ্বালালেন। সেই সামান্য আলোয় যা দেখলাম, তাতে আমি সত্যিই বিস্মিত!

পুরো ঘরের দেয়ালজুড়ে পোড়ামাটির অপূর্ব কারুকাজ। একেকটি দেয়ালের মাঝখানে আয়তাকার সীমানা তৈরি করে তার ভেতরে ফুল, লতাপাতা ও নানান নকশা ফুটিয়ে তোলা হয়েছে। অন্ধকারের মধ্যে সেই অলংকরণগুলো যেন বহু শতাব্দী ধরে অপেক্ষা করছিল কারও বিস্মিত চোখের জন্য।

হঠাৎ চোখ পড়ল ছাদের দিকে।
সেই দৃশ্য আমাকে একেবারে বিহ্বল করে দিল!

ছাদের পুরোটা জুড়ে আয়তাকার খোপ খোপ নকশা। প্রতিটি খোপের মধ্যে ছোট্ট একটি ফুলের অলংকরণ। মনে হলো, মাথার ওপর যেন এক আদিগন্ত আকাশ। অসংখ্য তারার মেলা বসেছে সেখানে। পোড়ামাটির এই সূক্ষ্ম কারুকাজ, নকশার বিন্যাস ও ছাদের সামগ্রিক অলংকরণ দেখে কিছুক্ষণ নির্বাক হয়ে রইলাম।

আমি মুগ্ধ! স্তব্ধ!

একটি অন্ধকার, প্রায় বিস্মৃত স্থাপনার ভেতরে এমন সৌন্দর্য লুকিয়ে থাকতে পারে, তা বাইরে থেকে কল্পনাও করা যায় না।

দেওয়ালের কারুকাজ
দেওয়ালের কারুকাজ

নীরবতার স্থাপত্য

স্থাপনাটির ভেতরে কোনো মিহরাব নেই। ফলে একে প্রচলিত অর্থে মসজিদ বা নিয়মিত নামাজ আদায়ের ঘর হিসেবে চিহ্নিত করা কঠিন। এর নির্জন অবস্থান, ছোট পরিসর এবং ভেতরের বিন্যাস আমাকে বারবার একটি ধ্যানকক্ষ বা নিভৃত ইবাদতখানার কথা মনে করিয়ে দিয়েছে।

হয়তো কোনো এক সময় এখানে কেউ নির্জনে বসে প্রার্থনা করতেন, জিকির করতেন, নিজের ভেতরের জগতে ডুব দিতেন। হয়তো ইতিহাসের কোনো এক বিস্মৃত সাধক এই নিভৃত ঘরে দীর্ঘ সময় কাটিয়েছেন। তবে এ-সবই আমার অনুমান; স্থাপনাটির প্রকৃত ব্যবহার সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর মতো তথ্য আমার হাতে নেই।

বাংলাদেশের পুরাকীর্তির তালিকায় এমন স্থাপনা আর আছে কি না, আমার জানা নেই। একটি ছোট্ট ঘর, বাইরে থেকে যার বিশেষ কোনো জাঁকজমক নেই, অথচ ভেতরে প্রবেশ করলেই শতাব্দীপ্রাচীন শিল্পকলার এক বিস্ময়কর জগৎ খুলে যায়।

ভ্রমণ করতে গিয়ে আমরা অনেক সময় বিখ্যাত স্থাপনা দেখি, ছবি তুলি, ইতিহাস জেনে ফিরে আসি। কিন্তু কিছু জায়গা আছে, যেগুলো শুধু দেখা হয় না—মনের ভেতরে থেকে যায়। সাবেকডাঙ্গার এই স্থাপনাটি আমার কাছে তেমনই একটি জায়গা।

পার্থিব জগৎ দেখার জন্য একটি জীবন বড্ড ছোট। কত ইতিহাস, কত অজানা স্থাপত্য, কত বিস্মৃত মানুষের সৃষ্টিকর্ম ছড়িয়ে আছে এই দেশজুড়ে! মাঝে মাঝে মনে হয়, জীবনের অবশিষ্ট সময়ে এসব পুরাকীর্তি দেখে যেতে পারব তো?

আপনারা সুযোগ পেলে বাগেরহাটের সাবেকডাঙ্গা মনুমেন্টটি দেখে আসবেন। এর স্থাপত্যসৌন্দর্য ও পোড়ামাটির কারুকাজ আপনাকে মুগ্ধ করবেই। আমার মতো আপনিও হয়তো সেই ধ্যানঘরের ছাদের তারামণ্ডলের দিকে তাকিয়ে ভাববেন, “আকাশ ভরা সূর্য তারা বিশ্বভরা প্রাণ / তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর প্রাণ…।”

খান জাহান আলীর বসতবাড়ি
খান জাহান আলীর বসতবাড়ি
সাবেকডাঙ্গার ধ্যানঘর
সাবেকডাঙ্গার ধ্যানঘর
ধ্যানঘরের ছাদ
ধ্যানঘরের ছাদ
'ধ্যানঘরে'র নামলিপি
‘ধ্যানঘরে’র নামলিপি
স্বচ্ছ একটা পুকুর
স্বচ্ছ একটা পুকুর
সময়ের সন্তানেরা
সময়ের সন্তানেরা-২
After-Article Banner 2
After-Article Banner 2 mob

মন্তব্য লিখুন

ধন্যবাদ। নাম ও মতামত লিখুন। পর্যালোচনার পর অল্প সময়ের মধ্যেই মন্তব্যটি প্রকাশিত হবে।

Fill out this field
Fill out this field

সম্পর্কিত