প্রথম কবিতার বইয়ের প্রচ্ছদ পূর্ণেন্দু পত্রীকে দিয়ে করানোর পরিকল্পনা করা যত সহজ, তাঁকে দিয়ে প্রচ্ছদ আঁকানোটা তত সহজ ছিল না। সমস্যা ছিল, ৮৪ সালে যখন বইটির পরিকল্পনা করি, তখনো পর্যন্ত তাঁর সঙ্গে আমার পরিচয়টুকুও ছিল না। শুনেছি, তিনি আনন্দবাজার ছেড়ে তখন প্রতিক্ষণ নামে একটা পাক্ষিক কাগজে যোগ দিয়েছেন! সে কাগজের কাউকেই চিনি না! কলকাতায় দু-চারজন কবির সঙ্গেই তখনো আমার চেনা-পরিচয়– সুভাষ মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, পবিত্র মুখোপাধ্যায় আর, তরুণদের মধ্যে কেবল কাজল চক্রবর্তী।
১৯৭৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার আগে আমার লেখা কবিতাভর্তি চারটি খাতায় শ-চারেক কবিতা ছিল। তার সবই আমি ফেলে দিলাম! ততদিনে আমি বুঝে ফেলেছি, এসব কবিতা ছাপানোর অযোগ্য। আমার প্রথম কবিতার বই হৃদপিণ্ডে রক্তপাত-এর জন্য আমি ছন্দে লেখা কবিতাই বেশি রাখলাম, বিশেষ করে যেগুলো ‘৭৯ থেকে ‘৮৪ সালের মধ্যে লেখা।
১৯৮৫ সালের ফেব্রুয়ারিতে আমি আমার নিজের কবিতার বই ছাড়াও পঞ্চাশ বছরের প্রেমের কবিতা নামে একটা বই সম্পাদনা করার পরিকল্পনা করলাম। ঠিক করলাম, তাতে কবিদের হাতের লেখাই সরাসরি ছাপা হবে। সঙ্গে ইংরেজি অনুবাদ।
পশ্চিমবাংলার কবিদের কবিতা সংগ্রহ করা এবং হৃদপিণ্ডে রক্তপাত-এর প্রচ্ছদ করার জন্য ১৯৮৪-র অক্টোবরেই আমি হাজির হলাম কলকাতায়। সঙ্গে আমার বন্ধু গোলাম হিলালী।
তারপর খুঁজতে খুঁজতে প্রথমেই হাজির হলাম প্রতিক্ষণ অফিসে, একেবারেই পূর্ণেন্দু পত্রীর সামনে।
পূর্ণেন্দু পত্রী তখন কেবল প্রচ্ছদশিল্পী হিশেবেই খ্যাতিমান নন, তাঁর কবিতার বই কথোপকথন-এর জন্যও তিনি তখন খুবই জনপ্রিয়। একাধারে চিত্রশিল্পী, কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও চলচ্চিত্র পরিচালক হিসেবে তিনি তখনই বেশ খ্যাতিমান। আমি নিজে তাঁর কবিতার খুব ভক্ত না হলেও তখন তাঁর প্রবন্ধ ও ছোটগল্পের বেশ অনুরক্ত। তাঁর করা দুটো সিনেমাও আমি সে সময়ে দেখে ফেলেছি। যেমন, স্ত্রীর পত্র ও ছোট বকুলপুরের যাত্রী।
প্রথম দেখায় পূর্ণেন্দু পত্রীকে বেশ গম্ভীর টাইপের মানুষ বলেই মনে হল। আমি আর হিলালী তাঁর চেয়ারের সামনে বসার পরও অনেকক্ষণ তিনি আমার দিকে তাকাচ্ছিলেনই না। আপন মনেই কী যেন লিখছিলেন। প্রায় মিনিট পাঁচেক পর তিনি আমার দিকে ফিরলেন। ভারী কাচের চশমার ফাঁক দিয়ে আমাদের দিকে পরিপূর্ণ চোখে তাকিয়ে বললেন, হ্যাঁ বলুন?
আমি নিজের পরিচয় দিয়ে বললাম, আমি বাংলাদেশ থেকে এসেছি। আমার খুব ইচ্ছে, আমার প্রথম বইয়ের প্রচ্ছদ আপনার হাতে হোক। সে কারণেই কলকাতায় আসা।
পূর্ণেন্দু দা আমার কথা শুনে খুবই হতবাক! বললেন, শুধু একটা প্রচ্ছদ করবার জন্য আপনি কলকাতা এসেছেন! আচ্ছা!
আমি বললাম, সত্যিই তাই। প্রচ্ছদ শুধু নয়, আপনার কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, এমনকি আপনার সিনেমাও আমার খুব পছন্দ।
আমি তাঁর কী কী বই পড়েছি, কোন কোন সিনেমা দেখেছি সেসব বললাম।
তিনি হেসে ফেললেন। বললেন, আপনি দেখি আমার সম্পর্কে বেশ ভালোই জানেন!
আমি বললাম, আমি এ-ও জানি, আপনি বাংলাদেশের কবিদের মধ্যে কেবল শামসুর রাহমানের বন্দী শিবির থেকে আর সিকদার আমিনুল হকের পারাবত এই প্রাচীরের শেষ কবিতার প্রচ্ছদ করেছেন। আমার খুব ইচ্ছে আপনি আমার প্রথম বইটারও একটা প্রচ্ছদ করে দেবেন। আর একটা কথা, প্লিজ, আমাকে তুমি করে বলবেন।

পূর্ণেন্দু দা বললেন, দেখো, আমি আসলে সত্যি খুব ব্যস্ত। ফেব্রুয়ারির আগে আমি তোমার বইয়ের প্রচ্ছদ ধরতেই পারব না। তুমি তোমার পাণ্ডুলিপির কপি রেখে যাও, আমি সময় পেলে করে রাখব। তুমি কাউকে দিয়ে সংগ্রহ করে নিও।
আমি বললাম, তাহলে তো একটু মুশকিলেই পড়ব। আমার পরিচিত এমন কেউ নেই যে আমি পরে প্রচ্ছদটা সংগ্রহ করে নিতে পারব। তাছাড়া, আমার সম্পাদনায় আরো একটা বই বেরোবে। সেটার সঙ্গে আমার কবিতার বইটার প্রচ্ছদ ছেপে নিলে এক খরচে আমি দুটো বইয়ের প্রচ্ছদ করে নিতে পারি।
পূর্ণেন্দু দা বললেন, তা বুঝলাম, কিন্তু আমি তো আগামী পনেরো-বিশ দিন খুবই ব্যস্ত। তুমি বরং অন্য কারোর কাছে যাও। এখানে অনেকেই ভালো প্রচ্ছদ করছেন এখন।
আমিও নাছোড়! বললাম, পূর্ণেন্দু দা, আমি কিন্তু এখান থেকে নড়ছি না। আমার বই আপনার প্রচ্ছদ ছাড়া বেরোবে না! আপনি এখন কীভাবে করবেন, জানি না। কিন্তু করতে হবে আপনাকেই।
পূর্ণেন্দু দা বললেন, আচ্ছা, ঠিক আছে, তুমি তোমার কবিতার বইয়ের পাণ্ডুলিপিটা দাও। একটা কথা বলে রাখি, পাণ্ডুলিপি পছন্দ না হলে কিন্তু আমি কাভার ডিজাইন করব না। তুমি দিন পনেরো পর এসো।
আমি বললাম, আমার ভিসা তো আগামী মঙ্গলবারই শেষ হয়ে যাবে। তার মানে, সময় আছে মাত্র চারদিন। এর বেশি তো আমি থাকতে পারব না।
এবার তিনি মনে হয় একটু ভাবনায় পড়লেন! কিছুক্ষণ ভেবে বললেন, তুমি একটা চা খাবে? তুমি চা খাও, আমি একটু ভেবে দেখি…।
তিনি আবার কী একটা লেখায় ডুবে গেলেন! চা এলে আমি কাপে চুমুক দিলাম! তিনি কয়েক মিনিট পর আমার দিকে ফিরে বললেন, তুমি এক কাজ করো, তোমার কবিতার পাণ্ডুলিপি আমার কাছে রেখে যাও। সোমবার এই সময়ে এসো। দেখা যাক, কী করা যায়। যদি আমি সময় বের করতে পারি, তবে করে দেব। না করতে পারলে তো কিছু করার নেই! বুঝতে পেরেছ?
আমি বুঝলাম, সম্ভাবনা কম।
আমার ব্যাগে ১০-১২টি কবিতা ছিল, সেগুলো বের করে দিলাম। তিনি সেটা ড্রয়ারে রেখে দিলেন। আমি ওঠার সময় বললাম, আপনি কি আমার পঞ্চাশ বছরের প্রেমের কবিতার জন্য একটা কবিতা দেবেন? প্রেমের কবিতা দিতে হবে। হাতের লেখা।
তিনি বললেন, আচ্ছা, তা দেবো নাহয়।
আমি বেরিয়ে এলাম।
সোমবারে যথারীতি বিকেলের দিকে প্রতিক্ষণ অফিসে পূর্ণেন্দু পত্রীর টেবিলের সামনে হাজির হলাম। আমাকে দেখেই তিনি বললেন, সেকি! তোমার কি আজই আসার কথা ছিল!
বললাম, জি। আজ সোমবার। কাল ভোরেই আমি রওনা হব।
তিনি এবার একটু রহস্যময় হাসি দিয়ে বললেন, ওহ! তাহলে বোধ হয় এ যাত্রায় তোমার কাভার করা হল না!
শুনে আমার খুব মন খারাপ হল।
পূর্ণেন্দু দা তখন বললেন, মন খারাপ কোরো না। একটা চা তো খাবে?
তাঁর মুখের রহস্যময় হাসির রেখা দেখেই আমার মনে বিশ্বাস জন্মাল, আশা একেবারে ফুরিয়ে যায়নি।








































