২১ নভেম্বর ২০২৬
সঞ্জীবদা, এতো আভা, এভয়েড করি
চিত্রবিন্যাস :
বিজন অরণ্য
দেবদুলাল মুন্না
কথাসাহিত্যিক
32

দেবদুলাল মুন্না
কথাসাহিত্যিক

32

সঞ্জীবদা, এতো আভা, এভয়েড করি

সঞ্জীবদার সাথে পরিচয় রাজপথেই। নব্বুইয়ের গণ আন্দোলনের সময়ে। তিনি গলায় হারমোনিয়াম ঝুলিয়ে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে তো কাল টিএসসিতে হাসান মাসুদসহ (অভিনেতা) দলবল নিয়ে গান করেন। আমরা মিছিল করি। আন্দোলনের পরিকল্পনা করি। দৃষ্টি বিনিময় করি। হাত তুলি। তখনও কথা হয়নি।

পরে একদিন মধুর ক্যান্টিনে আলাপ। প্রথম দিনেই আপন করে নিলেন। ‘তুই আমার ছোট ভাই’–এ বাক্য দিয়ে শুরু পরে বয়সের ব্যবধান ঘুচে বন্ধুত্বে রূপ নিলো।

রাতের ঢাকাকে একটা সময়ে আমরা কতোভাবে যে শাসন করেছি; পিরামিডের গায়ে নীলনদের সূর্যের আভা পড়লে যে কারণে জ্বলজ্বল করে, সেরকম আজও সেসব স্মৃতি ভেসে ওঠে তার কথা মনে পড়লেই।

পিরামিড ও নীলনদের কথাটা এ কারণে বললাম যে ওই বাক্যে একধরণের রহস্য তৈরি করেন মিশরীয়রা। নাগিব মাহফুজের বরাতে জানা। পিরামিড স্থির। উচুঁ। দেখতেই হয়– এমন। আর নীল নদ বহতা। ওটিও দেখতে হয়। মানে পিরামিডকে মৃত আর নীলনদকে জীবন্ত ভেবে রোদের আভা পড়াকে মিশরীয়রা মনে করেন, পুরনো আর নতুনের জন্ম হইতেছে আর সেকারণে আভা বিকিরিত।

সঞ্জীবদা মারা যাওয়ার পর বছর দুয়েক আমার ফোন বাজলেই এমন মনে হইত। একবার ভাবছিলাম নাম্বার ডিলিট করি। পরে করি নাই। তারপরে হারাইয়া গেছে।

সঞ্জীব চৌধুরী। একাডেমিক লাইফে বড়ো ভাই। পরে বন্ধু। কিছুদিন আগেই ১৯ নভেম্বর তার মৃত্যুদিন পালিত হলো। সঞ্জীব-সন্ধ্যা হলো। গানের আসর বসে প্রতিবছর টিএসসিতে।

সেই টিএসসি, যেখানে তিনি এরশাদবিরোধী আন্দোলনের সময় ফ্যাসিবাদ বিরোধী গান গেয়ে উজ্জীবিত করেছিলেন। স্বপ্নবাজের সেই গান ‘খামোশ’।

গান করা ও সাংবাদিকতার পাশাপাশি গল্প লিখতেন। একটা লাইন মনে আছে, ‘নতুন মৃতদের জন্য পুরনো মৃতদের কবর ছেড়ে দিতে হয়। ভীড়। কবরেরও ব্যবসা হয়। হয় লাশ চুরি। মাটি দিয়ে তাই লেখ নাম।’ লিখেছিলেন রাশপ্রিন্টে।

তার অসুস্থতার খবর প্রথম পাই বাপ্পার (বাপ্পা মজুমদার) কাছ থেকে সিডরের রাতে, আলোহীন ভুতুড়ে শহরে। পরদিন অ্যাপোলোতে যাই। কোমায় তখন সঞ্জীবদা। তখনও ওই এলাকা সুভোগ্যা হয়ে ওঠে নাই। ফাঁকা। নিরালা। ইটের ওপর বাইরে বসে থাকি কয়েকজন। চা বিড়ি খাই। পার্থ (বড়ুয়া) প্রথম হসপিটাল থেকে বাইর হয়া খবর দেন, দাদা নো মোর। তখন দুপুর গড়িয়ে বিকাল তিনটা বা আরও কিছু ঢের।

সেইদিনের আগে কয়দিন সিডরের তাণ্ডব ছিল। ঢাকা শহরে বিদ্যুৎ ছিল না। মোবাইল ফোন বন্ধ ছিল অন্তত ১০০তে ৮০ জনের। চার্জজনিত সমস্যায়।

তারও আগে খবর পাইছিলাম সিডর শুরুর দিন শেষরাতে তিনি হাল্কা অসুস্থ। এই খবরটা পরে জানি। অসুস্থ হওয়ার পর তার বউকে বলেছিলেন খারাপ লাগতেছে। কিন্তু তার তো এইরকম খারাপ লাগে মদ্যপানজনিত কারণে হ্যাংওভার হৈলে। এইটা কাছের যারা তারা সবাই জানতো। ফলে মিরপুরের এক হাসপাতালে শরীর খারাপ লাগার পরদিন আরও খারাপ লাগার পর নেওয়া।

তার মেয়ে কিংবদন্তি। তার কথা মাঝে মাঝে বলতেন। তার কাছের বন্ধু অমিত হাবিব (দেশ রুপান্তরের সম্পাদক ছিলেন, এখন তিনিও জীবিত নেই, তখন চীনে কর্মরত ছিলেন)। তার কথাও বলতেন। বাপ্পা তো ছিলই।

বেকার ছিলেন মারা যাওয়ার আগে। বেকার হওয়ার আগে তার শেষ চাকরিস্থল শফিক রেহমানের দৈনিক যায়যায়দিন। অনেক বড়ো বাজেটে পত্রিকাটা বেরিয়েছিল। কিন্তু একমাস অতিক্রম করার কিছুদিন পরই শফিক রেহমান ব্রিটেনে পালাতে গিয়ে এয়ারপোর্টে গ্রেপ্তার হলেন আর সাংবাদিকরা বেকার হয়ে পড়ল। তো সঞ্জীবদা ততোদিনে গানে ও সাংবাদিকতায় স্টার। বুঝতাম তিনি নিজে যেচে তো আর চাকরি চাওয়ার অবস্থানে নেই। আবার টাকাও দরকার। সেই সময়টা শান্তিনগরে বাপ্পা মজুমদারের স্টুডিওতে কতো যে সময় গেছে আমাদের সেসব ভাবলে কষ্ট লাগে। কারণ সঞ্জীবদাকে তখন প্রায়ই ডিপ্রেসনে ভুগতে দেখতাম। সেই দ্রোহ বা রঙিলা সময় যেন নেই আর তার। একজন স্টার মিরপুরের বাসা থেকে শান্তিনগর কীভাবে পাবলিক বাসে আসবেন? কিন্তু তিনি মাঝেমধ্যে চড়ে বসতেন। বাসের ভেতর মানুষজন তাকে দেখে ভালবাসায় জড়িয়ে যেতো আর তিনি চুপসে যেতেন। কনসার্টের কাজও তখন পাচ্ছিলেন না তেমন। খুব কম পাচ্ছিলেন। যেমন সাত/আট মাসে একটা। সংসার চলবে কী করে?

সঞ্জীব চৌধুরী (২৫ ডিসেম্বর ১৯৬৪ – ১৯ নভেম্বর ২০০৭)
সঞ্জীব চৌধুরী (২৫ ডিসেম্বর ১৯৬৪ – ১৯ নভেম্বর ২০০৭)

এসব বুঝতাম। কিন্তু আমাদের তো ছিল না কোনো বড়োলোক বন্ধু। তো সেসব আলাপে না যাই। অন্য আলাপ করি।

সঞ্জীবদা প্রেমিক ছিলেন। বিয়েও করেছেন প্রেম করে। প্রেমিকাও ছিল অনেক। প্রেমিকাদের গল্প করতেন। তার সাথে অল্পদিনের প্রেম ছিল এখন দুই বাংলার নামী অভিনেত্রী, তখন খালি নাটক করতেন, তার। তার গল্প করতেন। কারণ আমরা তিনজন একবার আজকের রকস্টার জেমসের ইনভাইটে বনানীর একটা হোটেল কাম বারে গেছিলাম। সেইদিন ওই প্রেমিকার হাত ধইরা কানছিলেন। কেন কানছিলেন বা কানতেন জানি না। মাঝে মাঝে মদ খাইয়া মেমরি লস করতেন। তখন তাকে বাসায় আগাইয়া দিতে যাইতে হৈত। গেছি কয়েকবার।

বাসায় রাগ করছেন তিনি। হোটেলে উইঠা অফিস করেন। সেইটা যায়যায়দিনের সময়। আমি তখন আমাদের সময়ে। বিবাহিত। বাচ্চা আছে। কিন্তু তিনি একা থাকতে ভয় পাইতেন বইলা তার লগে গিয়া হোটেলে ঘুমাইতে হৈত।

উচ্চতাভীতি ছিল তার। এইরকম অনেক ভীতি। সবচে বড়ো যে ভীতি ছিল, মানে তার স্ত্রী শিল্পী যখন তার প্রেমিকা তখন তিনি একবার বেশ দীর্ঘসময়ের জন্য মেমোরি লস করছিলেন। সেটা তিনিই বলেছিলেন। শিল্পী তখন তাকে অনেক হেল্প করেছিল সেটাও জানিয়েছিলেন। একদিন আমাকে বলেছিলেন, “আমার জীবন থেকে জাস্ট সাত/আট মাস নাই হয়ে গেলো, কী কী করেছিলাম, এখন আর মনে নেই। গোল্ডফিশ মেমোরির মতো। এইটা আমাকে এখনও খুব ভয় দেখায় মুন্না।”

কিন্তু এসব কথা খুব কম মানুষই জানত। কাউকে বলতেন না। বাইরে উচ্ছল, প্রাণবন্ত, আড্ডাবাজ অনেক দুষ্টুমি করছেন, হাসছেন আর ভেতরে যেন তিনি নিজেই নিজের সাথে লড়াই করে যাচ্ছিলেন; বেকারত্ব ও মানসিক অশান্তির সঙ্গে। কিন্তু ওই যে, কাউকে বুঝতে দিতেন না। তিনি হয়তো জানতেন, সবাই আমরা মুখোশ পরা লোক।

সঞ্জীবদা বন্ধু পরিবেষ্টিত থাকলে ভালো থাকতেন। নইলে দার্জিলিং যান কেমনে ঘুরতে?

একটা চাকরি খুব দরকারি ছিল তার। পান নাই। তিনি ভোরের কাগজের ‘মেলা’, ‘পাঠকসভা’ এসব খুব জনপ্রিয় করছিলেন। সম্পাদক ও বড়োভাই নাঈমুল ইসলাম খান (নাঈম ভাই)-এর কাছে শুনছি একবার মদ খাইয়া অফিসে ঢোকার সময় পত্রিকার মালিক ও প্রকাশক কাজী শাহেদ আহমেদের সঙ্গে একটা বাজে ঘটনা ঘটার পর স্বভাবতই মালিক সম্পাদক নাঈম ভাইকে ডেকে বলেছিলেন তখুনি চাকরিচ্যুত করতে। নাঈম ভাই সেইটা করেন নাই। তাৎক্ষণিক মালিককে আশ্বস্ত করলেও পরেরদিন তিনি মালিককে বোঝাতে সক্ষম হইছিলেন যে সঞ্জীবের ফিচারের কারণে পত্রিকার সার্কুলেশন বাড়ে। তারে হারানো মানে পত্রিকার ক্ষতি।

কিন্তু এইগুলা লিখতেছি কেন? অনেস্টলি, আমি কিছু লিখতে চাই নাই। কিন্তু লিখতেছি তো। মৃত্যু সার্টেন। বাঁইচা থাকা আনসার্টেন। কিন্তু বাঁইচা আমরা মরার চিন্তাই বেশি করি মনে হয়। এই সাইকোলজির মানে কী?

ফলে এই লেখাটা কেন লিখলাম বুঝতেছি না শেষে। কী করে মানুষ, কেন করে, কিছুই না জাইনা করে। এইরকম আরকি।

তো, মারা যাওয়ার পর বহুদিন তার গান শুনি নাই। কিংবদন্তিরে দেখতে যাই নাই। শুনছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। তার বউ শিল্পীর লগে প্রথম প্রথম যোগাযোগ ছিল। এখন নাই।
আস্তে আস্তে এইরকম যোগাযোগের খেয়ালও মরে। আমিও মরব। মানুষ থাকবে। নামের অধীনের সভ্যতা এখনও এইটুকুই।

ও আচ্ছা, তিনি ঢাকা মেডিকেলে শরীর দিয়া গেছিলেন। তার কঙ্কাল আছে। দেখতে যাইতে পারেন। নিচতলায়, পিছনের দিকে। তার বেহেশতও নাই, দোজখও নাই।

এখনও যেন তার রিং বাজে। বলছেন যেন, ‘কই তুই, দেখা কর।’ আমি এভয়েড করি।

তার গান শুনি না। এভয়েড করি। তার ছবি দেখি না ইগনোর করি। কিন্তু হিকমতের সেই কবিতার লাইনের মতো মানুষের শোকের আয়ু তো বেশি নয়, এইটা মানতে পারি না। কারণ এখনও তো তার কথা মনে হলে অনেক অনেক আভা ও মেঘ ওড়ে। আমি দুইটাইতেই হারাই। আর লিখতে বসি তাকে নিয়ে।

সময়ের সন্তানেরা
সময়ের সন্তানেরা-২
After-Article Banner 2
After-Article Banner 2 mob

মন্তব্য লিখুন

ধন্যবাদ। নাম ও মতামত লিখুন। পর্যালোচনার পর অল্প সময়ের মধ্যেই মন্তব্যটি প্রকাশিত হবে।

Fill out this field
Fill out this field

সম্পর্কিত