২৭ জুলাই ২০২৬
মানবোত্তরণের দর্শন: ফ্রিডরিখ নিৎসের জীবন, চিন্তা ও অতিমানবের আহ্বান
চিত্রবিন্যাস :
বিজন অরণ্য
মাসুদুল হক
কথাসাহিত্যিক
30

মাসুদুল হক
কথাসাহিত্যিক

30

মানবোত্তরণের দর্শন

ফ্রিডরিখ নিৎসের জীবন, চিন্তা ও অতিমানবের আহ্বান

১.
উনিশ শতকের ইউরোপ ছিল এক অভূতপূর্ব পরিবর্তনের যুগ। শিল্পবিপ্লব মানুষের জীবনযাত্রাকে নতুন গতি দিয়েছিল, বিজ্ঞান বহু শতাব্দী ধরে প্রতিষ্ঠিত ধর্মীয় বিশ্বাসকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিল, আর ফরাসি বিপ্লব স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের নতুন আদর্শ সামনে এনে সমাজ ও রাষ্ট্র সম্পর্কে মানুষের ভাবনাকে আমূল বদলে দিয়েছিল। কিন্তু এই অগ্রগতির মধ্যেই আধুনিক মানুষ এক নতুন সংকটের মুখোমুখি হয়। প্রযুক্তি ও যুক্তিবাদের বিস্তার মানুষকে প্রকৃতির ওপর অধিক নিয়ন্ত্রণ দিলেও জীবনের অর্থ, নৈতিকতার ভিত্তি এবং মানুষের চূড়ান্ত গন্তব্য সম্পর্কে অনিশ্চয়তা ক্রমেই গভীর হতে থাকে। মানুষ প্রশ্ন করতে শুরু করে—ঈশ্বর কি এখনও জীবনের কেন্দ্রে আছেন? নৈতিকতা কি অপরিবর্তনীয়? মানুষের প্রকৃত পরিচয় কী? এই প্রশ্নগুলোর মুখোমুখি দাঁড়িয়ে পাশ্চাত্য দর্শনে যে কজন চিন্তক নতুন পথের সূচনা করেছিলেন, তাঁদের মধ্যে ফ্রিডরিখ ভিলহেল্ম নিৎসে অন্যতম।

নিৎসে এমন একজন দার্শনিক, যিনি কেবল তাঁর সময়কে ব্যাখ্যা করেননি; বরং তার ভিত কাঁপিয়ে দিয়েছিলেন। তিনি প্রতিষ্ঠিত সত্যকে সন্দেহের চোখে দেখেছেন, প্রচলিত নৈতিকতার উৎস অনুসন্ধান করেছেন এবং মানুষের সামনে এমন এক আদর্শের কথা বলেছেন, যেখানে মানুষ নিজেই নিজের নির্মাতা। তাঁর দর্শনের কেন্দ্রে রয়েছে একটি মৌলিক বিশ্বাস—মানুষ কোনো সমাপ্ত সত্তা নয়; সে এক চলমান সম্ভাবনা। নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করে নতুন মূল্যবোধ সৃষ্টি করার ক্ষমতাই মানুষকে প্রকৃত অর্থে মানুষ করে তোলে। তাই নিৎসের দর্শন মূলত শক্তির নয়, সৃজনশীল শক্তির; আধিপত্যের নয়, আত্মোত্তরণের; ধ্বংসের নয়, নতুন সৃষ্টির দর্শন।

এই দর্শনের জন্ম কোনো বিমূর্ত চিন্তার জগতে নয়; বরং নিৎসের ব্যক্তিগত জীবনের গভীর অভিজ্ঞতার মধ্য দিয়ে। তাঁর জীবনের ঘটনাগুলো তাঁর দর্শনের সঙ্গে এত নিবিড়ভাবে যুক্ত যে একটিকে অন্যটি থেকে আলাদা করে বোঝা যায় না। যেমন সক্রেটিসের জীবন তাঁর দর্শনের সাক্ষ্য, কিংবা বুদ্ধের জীবন তাঁর বোধির পথকে ব্যাখ্যা করে, তেমনি নিৎসের জীবনও তাঁর চিন্তার এক জীবন্ত উৎস।

১৮৪৪ সালের ১৫ অক্টোবর প্রুশিয়ার ছোট্ট গ্রাম র‍্যোকেনে তাঁর জন্ম। পিতা কার্ল লুডভিগ নিৎসে ছিলেন একজন লুথেরান ধর্মযাজক এবং মা ফ্রানৎসিস্কা ওয়েহলার ছিলেন গভীর ধর্মবিশ্বাসী। শৈশবের পরিবেশ ছিল শৃঙ্খলাপূর্ণ, ধর্মীয় এবং নৈতিক শিক্ষায় সমৃদ্ধ। পরিবারের আশা ছিল, একদিন ছেলেও পিতার পথ অনুসরণ করে ধর্মযাজক হবে। কিন্তু ভাগ্য তাঁর জন্য ভিন্ন পথ নির্ধারণ করে রেখেছিল।

মাত্র পাঁচ বছর বয়সে পিতার মৃত্যু তাঁর জীবনের প্রথম গভীর আঘাত। অল্প সময়ের মধ্যে ছোট ভাইয়ের মৃত্যুও তাঁর শিশুমনকে গভীরভাবে আলোড়িত করে। খুব অল্প বয়সেই তিনি জীবনের অনিবার্য সত্য—মৃত্যু ও বিচ্ছেদের মুখোমুখি হন। পরবর্তী জীবনে মা, দাদি, দুই খালা ও বোনের স্নেহে একটি নারীপ্রধান পরিবারে তাঁর বেড়ে ওঠা তাঁকে সংবেদনশীল ও অন্তর্মুখী করে তোলে। অনেক গবেষক মনে করেন, মানুষের অন্তর্জগত সম্পর্কে তাঁর সূক্ষ্ম উপলব্ধির পেছনে এই পারিবারিক পরিবেশের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

শৈশব থেকেই নিৎসের শরীর ছিল দুর্বল। দীর্ঘস্থায়ী মাথাব্যথা, চোখের অসুবিধা এবং স্নায়বিক সমস্যা তাঁর সারাজীবনের সঙ্গী হয়ে থাকে। খেলাধুলা বা বহির্মুখী সামাজিক জীবনের চেয়ে তিনি ধীরে ধীরে বইয়ের জগতেই আশ্রয় খুঁজে পান। গ্রিক সাহিত্য, লাতিন ভাষা, বাইবেল, সংগীত এবং কবিতা তাঁর কিশোর মনকে আকর্ষণ করে। নিঃসঙ্গতা তাঁর কাছে কোনো শাস্তি ছিল না; বরং ছিল আত্মগঠনের এক নীরব বিদ্যালয়। পরবর্তীকালে তিনি লিখেছিলেন, যে-মানুষ একা থাকতে শেখেনি, সে কখনও সত্যিকার অর্থে স্বাধীন হতে পারে না। এই বক্তব্য কেবল একটি দার্শনিক উক্তি নয়; এটি তাঁর নিজের জীবনেরই প্রতিধ্বনি।

১৮৫৮ সালে তিনি জার্মানির খ্যাতনামা আবাসিক বিদ্যালয় শুলপফোর্তায় ভর্তি হন। এই বিদ্যালয় কেবল কঠোর শৃঙ্খলার জন্যই নয়, ধ্রুপদি মানবিক শিক্ষার জন্যও সুপরিচিত ছিল। এখানেই তিনি গ্রিক ও লাতিন সাহিত্য, ইতিহাস, দর্শন এবং ধর্মতত্ত্বের গভীর অধ্যয়নের সুযোগ পান। বিশেষ করে প্রাচীন গ্রিক সভ্যতার প্রতি তাঁর আকর্ষণ ক্রমশ গভীর হতে থাকে। তিনি উপলব্ধি করেন, গ্রিকরা জীবনের দুঃখকে অস্বীকার করেনি; বরং শিল্প, সৌন্দর্য ও সৃষ্টিশীলতার মাধ্যমে তাকে অর্থপূর্ণ করে তুলেছিল। মানুষের জীবনের ট্র্যাজেডিকে গ্রহণ করেও কীভাবে জীবনকে ভালোবাসা যায়—এই শিক্ষা তিনি গ্রিক সংস্কৃতি থেকেই অর্জন করেছিলেন। পরবর্তীকালে তাঁর প্রথম গুরুত্বপূর্ণ গ্রন্থ The Birth of Tragedy-এর মূল অনুপ্রেরণা এখানেই নিহিত।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর প্রথমে তিনি ধর্মতত্ত্ব ও ভাষাতত্ত্ব নিয়ে পড়াশোনা শুরু করেন। কিন্তু অল্পদিনের মধ্যেই উপলব্ধি করেন, ধর্মীয় মতবাদ মুখস্থ করা তাঁর লক্ষ্য নয়; বরং মানুষের চিন্তার উৎস অনুসন্ধান করাই তাঁর প্রকৃত আগ্রহ। বন বিশ্ববিদ্যালয় থেকে লাইপজিগ বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরের পর তাঁর জীবনে একটি নির্ণায়ক ঘটনা ঘটে। একটি পুরোনো বইয়ের দোকানে তিনি আর্থার শোপেনহাওয়ারের The World as Will and Representation গ্রন্থটি হাতে পান। পরে তিনি স্মরণ করেছিলেন, বইটি পড়ে যেন নিজের অন্তর্গত কণ্ঠস্বরের সঙ্গে প্রথমবারের মতো তাঁর পরিচয় ঘটে।

শোপেনহাওয়ার মনে করতেন, পৃথিবীর গভীরে কাজ করছে এক অন্ধ ও অতৃপ্ত ইচ্ছাশক্তি। মানুষের সব আকাঙ্ক্ষা ও বাসনার উৎস এই ইচ্ছা, আর যেহেতু তা কখনও সম্পূর্ণ তৃপ্ত হয় না, তাই জীবন মূলত দুঃখময়। মুক্তির পথ হলো আকাঙ্ক্ষার সংযম এবং ইচ্ছার দমন। নিৎসে প্রথমদিকে এই দর্শনে গভীরভাবে প্রভাবিত হন, কারণ তাঁর নিজের জীবনও ছিল অসুস্থতা, নিঃসঙ্গতা ও যন্ত্রণায় পরিপূর্ণ। কিন্তু এখানেই তিনি থেমে থাকেননি। ধীরে ধীরে তাঁর মনে প্রশ্ন জাগে—যদি জীবন নিজেই ইচ্ছার প্রকাশ হয়, তবে সেই জীবনকে অস্বীকার করা কেন? মানুষের কাজ কি নিজের শক্তিকে দমন করা, নাকি তাকে আরও বিকশিত করা?

এই প্রশ্নই তাঁর চিন্তাকে শোপেনহাওয়ার থেকে আলাদা পথে নিয়ে যায়। তিনি উপলব্ধি করেন, মানুষের ইচ্ছাশক্তি কেবল বেঁচে থাকার আকাঙ্ক্ষা নয়; এটি নিজেকে আরও উচ্চতর রূপে গড়ে তোলার তাগিদ। পরবর্তীকালে এই উপলব্ধিই তাঁর বিখ্যাত Will to Power ধারণায় রূপ নেয়। এই শক্তি অন্যকে দমন করার ক্ষমতা নয়; বরং নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করার সৃষ্টিশীল শক্তি। একজন শিল্পী যখন নতুন শিল্প সৃষ্টি করেন, একজন বিজ্ঞানী যখন অজানাকে আবিষ্কার করেন, কিংবা একজন মানুষ যখন নিজের দুর্বলতার বিরুদ্ধে দাঁড়ায়—সেখানেই এই শক্তির প্রকাশ ঘটে।

এই সময়েই তাঁর পরিচয় হয় জার্মান সুরকার রিখার্ড ওয়াগনারের সঙ্গে। ওয়াগনারের সংগীত ও শিল্পচিন্তা তরুণ নিৎসেকে গভীরভাবে প্রভাবিত করে। তিনি মনে করেছিলেন, শিল্প মানুষের আত্মাকে পুনর্জাগরিত করতে পারে। প্রাচীন গ্রিক ট্র্যাজেডির মতো আধুনিক শিল্পও মানুষের অস্তিত্বকে নতুন অর্থ দিতে সক্ষম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিৎসে উপলব্ধি করেন, ওয়াগনার ক্রমে জাতীয়তাবাদ ও খ্রিস্টীয় আবেগের দিকে ঝুঁকে পড়ছেন। এই বিচ্ছেদ নিৎসের জন্য বেদনাদায়ক হলেও তা তাঁর চিন্তার স্বাধীনতাকে আরও সুদৃঢ় করে। তিনি বুঝতে পারেন, কোনো ব্যক্তিত্ব বা মতবাদের প্রতি অন্ধ আনুগত্য একজন চিন্তকের স্বাধীন বিকাশের অন্তরায়।

এই সময়ে নিৎসের দর্শনের আরেকটি গুরুত্বপূর্ণ ভিত্তি গড়ে ওঠে—গ্রিক ট্র্যাজেডি সম্পর্কে তাঁর ব্যাখ্যা। তিনি মনে করেন, মানবজীবনের পূর্ণতা দুটি শক্তির সৃজনশীল সমন্বয়ের মধ্যে নিহিত। একদিকে রয়েছে অ্যাপোলোনীয় শক্তি, যা শৃঙ্খলা, সৌন্দর্য, পরিমিতি ও যুক্তির প্রতীক। অন্যদিকে রয়েছে ডায়োনিসীয় শক্তি, যা প্রবল জীবনশক্তি, উচ্ছ্বাস, আবেগ এবং সৃষ্টিশীলতার প্রতীক। কেবল যুক্তি মানুষকে পূর্ণ করে না, আবার কেবল আবেগও নয়। মানুষের প্রকৃত বিকাশ ঘটে তখনই, যখন এই দুই শক্তি পরস্পরকে সমৃদ্ধ করে। এখানেই নিৎসের জীবনদর্শনের একটি মৌলিক সূত্র লুকিয়ে আছে—জীবনকে খণ্ডিতভাবে নয়, সমগ্রতায় গ্রহণ করতে হবে।

এই পর্যন্ত এসে নিৎসের জীবন ও চিন্তার ভিত প্রায় সম্পূর্ণ রূপে নির্মিত হয়। শৈশবের শোক, দীর্ঘ নিঃসঙ্গতা, ধ্রুপদি শিক্ষা, শোপেনহাওয়ারের প্রভাব, ওয়াগনারের শিল্পভাবনা এবং গ্রিক সংস্কৃতির গভীর অনুরাগ মিলিয়ে তিনি এমন এক দৃষ্টিভঙ্গি অর্জন করেন, যা পরবর্তী সময়ে পাশ্চাত্য দর্শনের অন্যতম মৌলিক ও বিতর্কিত রূপ ধারণ করবে। তাঁর কাছে মানুষ আর কোনো স্থির পরিচয় নয়; সে এক চলমান সৃষ্টি, যে প্রতিনিয়ত নিজেকে নতুন করে গড়ে তুলতে পারে। আর এই বিশ্বাসই ধীরে ধীরে তাঁকে নিয়ে যাবে তাঁর সবচেয়ে বিখ্যাত ধারণাগুলোর দিকে—জীবন-স্বীকৃতি, মূল্যবোধের পুনর্মূল্যায়ন, ক্ষমতার ইচ্ছা এবং শেষ পর্যন্ত অতিমানবের দর্শনের দিকে।

Friedrich Nietzsche, Artist: Edvard Munch
Friedrich Nietzsche, Artist: Edvard Munch. Source: Wikipedia

২.
শিক্ষাজীবনের অসাধারণ সাফল্য নিৎসেকে খুব অল্প বয়সেই ইউরোপের বিদ্বৎসমাজে পরিচিত করে তোলে। মাত্র চব্বিশ বছর বয়সে, ১৮৬৯ সালে, তাঁকে সুইজারল্যান্ডের বাসেল বিশ্ববিদ্যালয়ে ধ্রুপদি ভাষাতত্ত্বের অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়। সে সময় এত কম বয়সে এমন মর্যাদাপূর্ণ পদ লাভ ছিল অত্যন্ত বিরল ঘটনা। ভাষাতত্ত্ব, গ্রিক সাহিত্য এবং প্রাচীন সংস্কৃতি সম্পর্কে তাঁর অসামান্য জ্ঞান সমকালীন পণ্ডিতদের বিস্মিত করেছিল। কিন্তু এই সাফল্যের মধ্যেও নিৎসে অনুভব করছিলেন যে তাঁর অনুসন্ধানের পরিধি কেবল ভাষা বা ইতিহাসের মধ্যে সীমাবদ্ধ নয়। ভাষাতত্ত্ব তাঁর কাছে ছিল একটি মাধ্যম; লক্ষ্য ছিল মানুষকে বোঝা—তার চিন্তা, নৈতিকতা, সৃষ্টিশীলতা এবং অস্তিত্বের গভীরতম অর্থকে অন্বেষণ করা।

এই অনুসন্ধানের প্রথম পূর্ণাঙ্গ প্রকাশ ঘটে ১৮৭২ সালে প্রকাশিত The Birth of Tragedy গ্রন্থে। এখানে নিৎসে ইতিহাস রচনা করেননি; বরং গ্রিক ট্র্যাজেডির ব্যাখ্যার মাধ্যমে মানুষের জীবন সম্পর্কে এক নতুন দার্শনিক দৃষ্টিভঙ্গি নির্মাণ করেছিলেন। তাঁর মতে, মানুষের জীবনকে কেবল যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। জীবনের মধ্যে এমন এক গভীর, প্রবল এবং রহস্যময় শক্তি কাজ করে, যা আনন্দ ও বেদনা, সৃষ্টি ও ধ্বংস, শৃঙ্খলা ও উচ্ছ্বাস—সবকিছুকে একসঙ্গে ধারণ করে। প্রকৃত শিল্প এই দ্বৈততারই সৃজনশীল প্রকাশ।

কিন্তু যখন তাঁর চিন্তা নতুন উচ্চতায় পৌঁছাতে শুরু করেছে, তখন শরীর যেন ধীরে ধীরে তাঁর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল। দীর্ঘদিনের মাথাব্যথা, দৃষ্টিশক্তির অবনতি, স্নায়বিক যন্ত্রণা এবং নানা শারীরিক জটিলতা তাঁকে প্রায় অক্ষম করে তুলল। কখনও দিনের পর দিন তিনি পড়তে বা লিখতে পারতেন না। চিকিৎসার জন্য তাঁকে বারবার স্থান পরিবর্তন করতে হতো। অবশেষে ১৮৭৯ সালে, মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে, তিনি অধ্যাপনার পদ থেকে অবসর নিতে বাধ্য হন।

বাহ্যিক দৃষ্টিতে এটি ছিল এক বিরাট ব্যর্থতা। একজন প্রতিভাবান অধ্যাপকের উজ্জ্বল একাডেমিক জীবন কার্যত এখানেই শেষ হয়ে গেল। কিন্তু নিৎসের জীবনে এই ঘটনাই এক নতুন সূচনা এনে দেয়। তিনি স্থায়ী কর্মজীবন হারালেন, কিন্তু পেলেন সম্পূর্ণ স্বাধীন চিন্তার সুযোগ। পরবর্তী প্রায় দশ বছর তিনি সুইজারল্যান্ড, ইতালি ও ফ্রান্সের বিভিন্ন শহরে একাকী জীবন কাটিয়েছেন। কোনো বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব, সামাজিক প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা কিংবা পারিবারিক বন্ধন তাঁর চিন্তাকে আর নিয়ন্ত্রণ করেনি। অসুস্থ শরীর নিয়ে তিনি এক স্থান থেকে অন্য স্থানে ঘুরেছেন, কিন্তু সেই সময়েই তাঁর প্রায় সব শ্রেষ্ঠ গ্রন্থ রচিত হয়েছে।

এই দীর্ঘ নিঃসঙ্গতা নিৎসের কাছে কেবল ব্যক্তিগত দুর্ভাগ্য ছিল না; বরং সৃষ্টিশীল স্বাধীনতার অপরিহার্য শর্তে পরিণত হয়েছিল। তিনি বিশ্বাস করতেন, ভিড়ের মধ্যে মানুষ প্রায়ই নিজের কণ্ঠস্বর হারিয়ে ফেলে। সমাজের প্রচলিত বিশ্বাস, অভ্যাস এবং মূল্যবোধ এত প্রবল যে অধিকাংশ মানুষ কখনও নিজেকে প্রশ্নই করে না। অথচ নতুন সত্যের সন্ধান পেতে হলে মানুষকে একসময় একা দাঁড়াতেই হয়। নিৎসের নিজের জীবন সেই বিশ্বাসেরই এক প্রতীক।

এই সময়েই তিনি ধর্ম, নৈতিকতা এবং পাশ্চাত্য সভ্যতার ভিত্তি সম্পর্কে তাঁর সবচেয়ে মৌলিক প্রশ্নগুলো উত্থাপন করেন। ধর্মীয় পরিবারে জন্ম নেওয়া সত্ত্বেও তিনি ক্রমে উপলব্ধি করেছিলেন যে খ্রিস্টীয় নৈতিকতার বহু মূল্যবোধ মানুষের সৃষ্টিশীল শক্তিকে বিকশিত না করে বরং দমন করে। তাঁর আপত্তি ধর্মীয় বিশ্বাসের ব্যক্তিগত অভিজ্ঞতার বিরুদ্ধে ছিল না; বরং সেই নৈতিক কাঠামোর বিরুদ্ধে, যা মানুষের আত্মবিশ্বাস, সাহস এবং সৃষ্টিশীলতাকে অপরাধবোধের মধ্যে আবদ্ধ করে রাখে।

এই সমালোচনার মধ্য দিয়েই নিৎসে তাঁর বহুল আলোচিত ধারণা “সমস্ত মূল্যবোধের পুনর্মূল্যায়ন” (Revaluation of All Values)-এর কথা বলেন। তাঁর মতে, মানুষ সাধারণত ধরে নেয় যে নৈতিক মূল্যবোধ চিরন্তন এবং অপরিবর্তনীয়। কিন্তু ইতিহাস দেখায়, কোনো মূল্যবোধই আকাশ থেকে অবতীর্ণ হয় না; প্রতিটি মূল্যবোধই একটি নির্দিষ্ট সমাজ, সংস্কৃতি ও ক্ষমতার সম্পর্কের মধ্যে গড়ে ওঠে। ফলে নৈতিকতাকেও প্রশ্ন করা যায়, বিশ্লেষণ করা যায় এবং প্রয়োজনে নতুনভাবে নির্মাণ করা যায়।

এখানে নিৎসের উদ্দেশ্য নৈতিকতাকে ধ্বংস করা নয়; বরং নৈতিকতার উৎসকে উদ্ঘাটন করা। তিনি দেখতে চেয়েছিলেন, কোন মূল্য মানুষকে শক্তিশালী করে এবং কোন মূল্য তাকে দুর্বল করে। তাঁর কাছে নৈতিকতার চূড়ান্ত মানদণ্ড ছিল—তা কি জীবনকে প্রসারিত করছে, নাকি সংকুচিত করছে? তা কি মানুষকে স্বাধীন করছে, নাকি তাকে ভীত ও নির্ভরশীল করে তুলছে?

এই প্রশ্নগুলোরই একটি নাটকীয় প্রকাশ তাঁর বিখ্যাত ঘোষণা—”ঈশ্বর মৃত”।

সম্ভবত আধুনিক দর্শনের ইতিহাসে এত ভুল ব্যাখ্যাত আর কোনো বাক্য নেই। অনেকেই মনে করেন, এটি ছিল ঈশ্বরের অস্তিত্ব অস্বীকারের ঘোষণা। কিন্তু নিৎসের বক্তব্য তার চেয়ে অনেক গভীর। তিনি বলতে চেয়েছিলেন, আধুনিক ইউরোপে ঈশ্বরকে কেন্দ্র করে যে নৈতিক ও সাংস্কৃতিক বিশ্বদৃষ্টি গড়ে উঠেছিল, তা ভেঙে পড়ছে। বিজ্ঞান, যুক্তিবাদ এবং আধুনিক জ্ঞানচর্চা মানুষের চিন্তাকে এমনভাবে বদলে দিয়েছে যে পুরোনো বিশ্বাস আর আগের মতো সমাজকে ধারণ করতে পারছে না।

অর্থাৎ, “ঈশ্বর মৃত” মানে ঈশ্বরের জৈবিক মৃত্যু নয়; বরং মানুষের চেতনার মধ্যে ঈশ্বরকেন্দ্রিক মূল্যব্যবস্থার পতন।

কিন্তু এই পতনের ফল কী?
নীত্সের উত্তর ছিল—এক গভীর শূন্যতা।

যখন পুরোনো মূল্যবোধের ভিত্তি ভেঙে যায়, অথচ নতুন মূল্য এখনও জন্ম নেয়নি, তখন মানুষ এমন এক অবস্থায় পৌঁছে যেখানে কিছুই অর্থপূর্ণ বলে মনে হয় না। জীবনের উদ্দেশ্য, নৈতিকতার ভিত্তি, সত্যের মানদণ্ড—সবকিছু অনিশ্চিত হয়ে ওঠে। এই অবস্থাকেই নিৎসে বলেন নিহিলিজম।

তাঁর মতে, নিহিলিজম আধুনিক মানুষের সবচেয়ে বড় সংকট। এটি এমন এক মানসিক অবস্থা, যেখানে মানুষ আর কোনো কিছুর মধ্যেই প্রকৃত অর্থ খুঁজে পায় না। কিন্তু এখানেও নিৎসে অন্যদের মতো হতাশ হননি। তিনি দেখলেন, এই সংকটের মধ্যেই লুকিয়ে আছে এক নতুন সম্ভাবনা।

তিনি নিহিলিজমের দুটি রূপের কথা বলেন। প্রথমটি নিষ্ক্রিয় নিহিলিজম। এতে মানুষ পুরোনো বিশ্বাস হারিয়ে হতাশায় নিমজ্জিত হয়। সে ভাবে, যদি কোনো চূড়ান্ত সত্য না থাকে, তবে জীবনেরও কোনো অর্থ নেই। ফলস্বরূপ সে নিষ্ক্রিয়, উদাসীন এবং আত্মসমর্পণকারী হয়ে পড়ে।

কিন্তু সক্রিয় নিহিলিজম সম্পূর্ণ ভিন্ন। এখানে মানুষ পুরোনো মূল্যবোধের পতনকে ধ্বংস হিসেবে নয়, মুক্তি হিসেবে গ্রহণ করে। সে বুঝতে পারে, পুরোনো কাঠামো ভেঙে পড়েছে বলেই এখন নতুন কিছু সৃষ্টি করা সম্ভব। যেমন একজন ভাস্কর পাথরের অপ্রয়োজনীয় অংশ সরিয়ে মূর্তি গড়েন, তেমনি মানুষকেও পুরোনো মূল্যবোধের অপ্রয়োজনীয় আবরণ ভেঙে নিজের জীবনকে নতুন অর্থ দিতে হবে।

এইখানেই নিৎসের দর্শনের সৃজনশীল শক্তি প্রকাশ পায়। তিনি ধ্বংসের আহ্বান জানাননি; তিনি নতুন সৃষ্টির জন্য ধ্বংসকে প্রয়োজনীয় বলে মনে করেছিলেন।
এই নতুন সৃষ্টির কেন্দ্রবিন্দু হলো মানুষের নিজের শক্তি। এখানেই তাঁর আরেকটি বিখ্যাত ধারণা Will to Power পূর্ণতা লাভ করে।

অনেকেই এই ধারণাকে অন্যের ওপর ক্ষমতা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা হিসেবে ব্যাখ্যা করেছেন, কিন্তু নিৎসের রচনাগুলো মনোযোগ দিয়ে পড়লে দেখা যায়, তিনি মূলত মানুষের অন্তর্নিহিত সৃষ্টিশীল শক্তির কথাই বলেছেন। তাঁর কাছে ক্ষমতা মানে শাসন নয়; ক্ষমতা মানে নিজের সম্ভাবনার বিকাশ।

একটি বীজ যেমন বৃক্ষে পরিণত হতে চায়, নদী যেমন সমুদ্রের দিকে ছুটে যায়, শিল্পী যেমন নতুন শিল্প সৃষ্টি করতে চায়—তেমনি মানুষও নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করে আরও বৃহৎ হতে চায়। এই অন্তর্নিহিত তাগিদই Will to Power

সুতরাং প্রকৃত শক্তিমান মানুষ সে নয়, যে অন্যকে পরাজিত করে; বরং সে, যে নিজের ভয়, দুর্বলতা, আলস্য এবং সংকীর্ণতাকে অতিক্রম করতে পারে।

এই কারণেই নিৎসে সুখকে মানুষের সর্বোচ্চ লক্ষ্য বলে মনে করেননি। তাঁর মতে, কেবল সুখের অনুসন্ধান মানুষকে মহান করে না। বরং প্রতিকূলতার মুখোমুখি দাঁড়িয়ে নিজের শক্তিকে বিকশিত করার মধ্যেই মানুষের মর্যাদা নিহিত।

এই উপলব্ধি থেকেই তাঁর আরেকটি গভীর ধারণার জন্ম—Amor Fati, অর্থাৎ নিজের ভাগ্যকে ভালোবাসা।

এটি নিষ্ক্রিয় ভাগ্যবাদ নয়। এর অর্থ এই নয় যে মানুষ অন্যায়ের কাছে আত্মসমর্পণ করবে বা কষ্টকে মহিমান্বিত করবে। বরং এর অর্থ হলো—জীবনে যা-ই ঘটুক না কেন, তাকে নিজের বিকাশের উপাদানে রূপান্তরিত করা। অতীতকে অস্বীকার নয়, বরং তাকে সৃজনশীলভাবে গ্রহণ করা। যে মানুষ ব্যর্থতা থেকে শিক্ষা নেয়, যন্ত্রণা থেকে শক্তি অর্জন করে এবং দুঃখকে জীবনেরই একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে মেনে নিতে পারে, সেই মানুষই সত্যিকার অর্থে জীবনকে ভালোবাসতে শেখে।

এই জীবন-স্বীকৃতিই নিৎসের দর্শনের প্রাণ। তিনি দুঃখকে অস্বীকার করেননি, কিন্তু দুঃখের কাছে আত্মসমর্পণও করেননি। তিনি বিশ্বাস করতেন, জীবনকে ভালোবাসার অর্থ হলো তাকে তার সমগ্র রূপে গ্রহণ করা—সাফল্য যেমন, তেমনি ব্যর্থতা; আনন্দ যেমন, তেমনি বেদনাও।

এইভাবেই নিৎসের চিন্তা ধীরে ধীরে এমন এক মানব-আদর্শের দিকে অগ্রসর হতে থাকে, যে আর বাইরের কোনো কর্তৃত্বের ওপর নির্ভর করে না; যে নিজের জীবন, নিজের মূল্য এবং নিজের ভবিষ্যৎ নিজেই নির্মাণ করতে সক্ষম। এই আদর্শই পরবর্তীকালে তাঁর দর্শনের সবচেয়ে আলোচিত ধারণা—Übermensch বা অতিমানব—হিসেবে পূর্ণতা লাভ করে।

নিৎসের উদ্দেশ্য নৈতিকতাকে ধ্বংস করা নয়; বরং নৈতিকতার উৎসকে উদ্ঘাটন করা। তিনি দেখতে চেয়েছিলেন, কোন মূল্য মানুষকে শক্তিশালী করে এবং কোন মূল্য তাকে দুর্বল করে। তাঁর কাছে নৈতিকতার চূড়ান্ত মানদণ্ড ছিল—তা কি জীবনকে প্রসারিত করছে, নাকি সংকুচিত করছে?

৩.
নিৎসের সমগ্র দর্শনের প্রবাহ শেষ পর্যন্ত এসে মিলিত হয় একটি প্রশ্নে—মানুষ কি তার বর্তমান অবস্থাকেই চূড়ান্ত, নাকি তার মধ্যে এমন এক সম্ভাবনা নিহিত আছে যা তাকে নিজেকেই অতিক্রম করতে আহ্বান জানায়? এই প্রশ্নের উত্তরে তিনি যে ধারণা উপস্থাপন করেন, সেটিই তাঁর দর্শনের সবচেয়ে পরিচিত এবং একই সঙ্গে সবচেয়ে বেশি ভুল বোঝা ধারণা—Übermensch বা অতিমানব।

অনেকেই অতিমানবকে অসাধারণ শারীরিক শক্তির অধিকারী, অন্যের ওপর আধিপত্য বিস্তারকারী কিংবা কোনো বিশেষ জাতির শ্রেষ্ঠ প্রতিনিধি হিসেবে ব্যাখ্যা করেছেন। বিশ শতকে রাজনৈতিক স্বার্থে নিৎসের কিছু বক্তব্য বিকৃতভাবে ব্যবহারও করা হয়েছিল। অথচ তাঁর রচনাগুলি মনোযোগ দিয়ে পড়লে বোঝা যায়, অতিমানব কোনো রাজনৈতিক আদর্শ বা জৈবিকভাবে উন্নত মানুষ নয়; এটি মানুষের আত্মোত্তরণের একটি নৈতিক ও সৃজনশীল আদর্শ।

নিৎসে মনে করতেন, মানুষ নিজেই একটি সেতু—চূড়ান্ত গন্তব্য নয়। মানুষের বর্তমান অবস্থার মধ্যে যেমন সীমাবদ্ধতা আছে, তেমনি আছে সেই সীমা অতিক্রম করার ক্ষমতাও। তাই অতিমানব এমন একজন, যিনি নিজের ভয়, দুর্বলতা, অনুকরণপ্রবণতা এবং আত্মপ্রবঞ্চনাকে অতিক্রম করেন। তিনি সমাজের প্রচলিত মূল্যবোধকে অন্ধভাবে অনুসরণ করেন না; আবার নিছক বিদ্রোহ করার জন্যও বিদ্রোহ করেন না। তিনি প্রশ্ন করেন, বিচার করেন এবং শেষ পর্যন্ত নিজের জীবনের জন্য এমন মূল্যবোধ নির্মাণ করেন, যা জীবনকে আরও গভীর, আরও সৃজনশীল এবং আরও অর্থপূর্ণ করে তোলে।

এই কারণে নিৎসের কাছে আত্মোত্তরণ ছিল কোনো একবারের ঘটনা নয়; বরং এটি একটি অবিরাম প্রক্রিয়া। মানুষ প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি সংকট এবং প্রতিটি সিদ্ধান্তের মাধ্যমে নিজেকে নতুনভাবে নির্মাণ করে। যে ব্যক্তি প্রতিদিন নিজের গতকালের সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারে, সেই-ই প্রকৃত অর্থে অতিমানবের পথে এগিয়ে যায়।

এই আত্মোত্তরণের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা হলো Master Morality এবং Slave Morality। নিৎসের এই ধারণা প্রায়ই ভুল বোঝা হয়। তিনি কোনো সামাজিক শ্রেণিবিভাগের তত্ত্ব নির্মাণ করেননি; বরং নৈতিক মূল্যবোধের ঐতিহাসিক উৎস বিশ্লেষণ করেছিলেন।

তাঁর মতে, ইতিহাসের এক পর্যায়ে এমন এক নৈতিকতা বিকশিত হয়েছিল, যা শক্তি, সাহস, আত্মমর্যাদা এবং সৃষ্টিশীলতাকে ইতিবাচক গুণ হিসেবে দেখত। নিৎসে একে বলেছেন Master Morality। এখানে ‘প্রভু’ শব্দটি রাজনৈতিক শাসক বোঝায় না; বরং এমন ব্যক্তিত্বকে বোঝায়, যিনি নিজের শক্তির প্রতি আস্থাশীল এবং নিজের জীবনকে নিজেই পরিচালনা করতে সক্ষম।

অন্যদিকে তিনি Slave Morality বলতে এমন এক মানসিকতার কথা বলেছেন, যেখানে মানুষ নিজের অসহায়ত্বকে নৈতিক আদর্শে রূপ দেয়। ঈর্ষা, ভয় এবং প্রতিশোধের মনোভাব থেকে জন্ম নেওয়া এই নৈতিকতা শক্তিকে সন্দেহের চোখে দেখে এবং দুর্বলতাকে অনেক সময় নৈতিক শ্রেষ্ঠত্ব হিসেবে প্রতিষ্ঠা করে। নিৎসের আপত্তি বিনয়, সহানুভূতি কিংবা আত্মসংযমের বিরুদ্ধে ছিল না; তাঁর আপত্তি তখনই, যখন এসব গুণ মানুষের সৃষ্টিশীল শক্তিকে দমন করে অথবা জীবনকে সংকুচিত করে।

এখানে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা প্রয়োজন। নিৎসে কখনো নিষ্ঠুরতা, অন্যায় বা শক্তির অপব্যবহারকে মহিমান্বিত করেননি। তাঁর কাছে প্রকৃত শক্তি মানে অন্যকে পরাজিত করা নয়; নিজের নিম্নতর প্রবৃত্তিকে রূপান্তরিত করে উচ্চতর সত্তায় উন্নীত হওয়া। এই কারণে তাঁর দর্শনে আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব অপরিসীম। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনোই সত্যিকার অর্থে শক্তিমান হতে পারে না।

এই আত্মনির্মাণের ধারণাকে আরও গভীরভাবে পরীক্ষা করার জন্য নিৎসে একটি অভিনব চিন্তা-পরীক্ষার আশ্রয় নেন, যা Eternal Recurrence বা চির পুনরাবর্তন নামে পরিচিত।

তিনি প্রশ্ন করেন—যদি এমন হয় যে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি আনন্দ, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি দুঃখ এবং প্রতিটি সিদ্ধান্ত অনন্তকাল ধরে ঠিক একইভাবে পুনরাবৃত্ত হবে, তবে তুমি কি সেই জীবনকে আবারও গ্রহণ করবে?

এটি মহাবিশ্বের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নয়; বরং মানুষের জীবনবোধের একটি কঠিন পরীক্ষা। যদি কেউ নিজের জীবনকে এমনভাবে গ্রহণ করতে পারে যে সে তার পুনরাবৃত্তিকেও স্বাগত জানায়, তবে সে সত্যিকার অর্থে জীবনকে ভালোবাসতে শিখেছে। আর যদি নিজের অতীত, নিজের সিদ্ধান্ত কিংবা নিজের অস্তিত্বকেই প্রত্যাখ্যান করতে হয়, তবে তার জীবন-স্বীকৃতি এখনো অসম্পূর্ণ।

এই ধারণার মধ্য দিয়ে নিৎসে মানুষকে বর্তমান মুহূর্তের প্রতি সম্পূর্ণ দায়িত্বশীল হতে আহ্বান জানান। এমনভাবে বাঁচতে হবে, যেন প্রতিটি সিদ্ধান্ত অনন্তকাল ধরে বহমান থাকবে। এই ভাবনা মানুষের নৈতিক দায়িত্ববোধকে বাইরের কোনো কর্তৃত্বের ওপর নয়, নিজের বিবেক ও আত্মসচেতনতার ওপর প্রতিষ্ঠিত করে।

এখানেই নিৎসের দর্শনের মানবতাবাদী দিকটি স্পষ্ট হয়ে ওঠে। তাঁকে অনেক সময় ভুলভাবে মানুষের প্রতি অবিশ্বাসী কিংবা নির্মম চিন্তক হিসেবে উপস্থাপন করা হয়। কিন্তু বাস্তবে তাঁর দর্শনের কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষের সম্ভাবনার প্রতি এক গভীর আস্থা। তিনি বিশ্বাস করতেন, মানুষের মধ্যে এমন সৃষ্টিশীল শক্তি রয়েছে, যা তাকে নিজের সীমাবদ্ধতা অতিক্রম করতে সাহায্য করতে পারে। তাঁর সমালোচনার লক্ষ্য ছিল মানুষ নয়; মানুষের ভেতরে বাস করা ভয়, আত্মসমর্পণ এবং জড়তা।

এই কারণেই নিৎসে সুখের চেয়ে শক্তিকে, নিরাপত্তার চেয়ে স্বাধীনতাকে এবং অনুকরণের চেয়ে সৃষ্টিশীলতাকে অধিক মূল্য দিয়েছেন। তাঁর কাছে মানুষ তখনই প্রকৃত মানুষ হয়ে ওঠে, যখন সে নিজের জীবনকে নিজেই একটি শিল্পকর্মে পরিণত করতে পারে। শিল্পী যেমন প্রতিটি তুলির আঁচড় সচেতনভাবে নির্বাচন করেন, তেমনি মানুষকেও নিজের চরিত্র, সিদ্ধান্ত এবং মূল্যবোধ সচেতনভাবে নির্মাণ করতে হবে। এই আত্মনির্মাণই নিৎসের নৈতিক দর্শনের প্রকৃত অর্থ।

তবে নিৎসের দর্শন সমালোচনার ঊর্ধ্বে নয়। তাঁর ভাষা প্রায়ই রূপকনির্ভর, তীক্ষ্ণ এবং ইচ্ছাকৃতভাবে প্ররোচনামূলক। ফলে তাঁর অনেক বক্তব্য প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন করে উদ্ধৃত হয়েছে এবং ভুল ব্যাখ্যার শিকার হয়েছে। বিশেষ করে Will to Power এবং Übermensch ধারণাকে রাজনৈতিক আধিপত্য, সামরিক আগ্রাসন কিংবা জাতিগত শ্রেষ্ঠত্বের তত্ত্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, যা তাঁর দর্শনের মূল উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

আরেকটি গুরুত্বপূর্ণ সমালোচনা হলো, নিৎসে গণতান্ত্রিক সমতার ধারণার প্রতি সন্দেহ প্রকাশ করেছিলেন। এ কারণে তাঁকে অনেক সময় অভিজাততান্ত্রিক চিন্তক বলা হয়। কিন্তু তাঁর বক্তব্যের কেন্দ্রে ছিল একটি ভিন্ন উদ্বেগ। তিনি আশঙ্কা করেছিলেন যে, যদি সমাজ সর্বদা গড়পড়তা মানসিকতাকেই আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করে, তবে অসাধারণ সৃজনশীল ব্যক্তিত্বের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। তাঁর এই অবস্থানের সঙ্গে একমত হওয়া বা না হওয়া ভিন্ন বিষয়; কিন্তু এটিকে কেবল গণতন্ত্রবিরোধিতা হিসেবে ব্যাখ্যা করলে তাঁর চিন্তার সূক্ষ্মতা ধরা পড়ে না।

একইভাবে, নৈতিকতার পুনর্মূল্যায়নের আহ্বানও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে। যদি প্রত্যেক মানুষ নিজের মূল্যবোধ নিজেই তৈরি করে, তবে কি নৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে না? নিৎসে এই প্রশ্নের সরল উত্তর দেননি। তবে তাঁর লেখায় স্পষ্ট যে তিনি স্বেচ্ছাচারিতার পক্ষে ছিলেন না। বরং তিনি মনে করতেন, নতুন মূল্যবোধ সৃষ্টি করার জন্য যে আত্মশৃঙ্খলা, সততা এবং সৃষ্টিশীল দায়িত্ববোধ প্রয়োজন, তা প্রচলিত নিয়ম মেনে চলার চেয়েও কঠিন।

আজকের বিশ্বে নিৎসের দর্শন নতুনভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। প্রযুক্তির দ্রুত বিকাশ, ভোগবাদী সংস্কৃতির বিস্তার এবং সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভর জীবনে মানুষ একদিকে আগের চেয়ে বেশি সংযুক্ত, অন্যদিকে অনেক ক্ষেত্রেই আগের চেয়ে বেশি নিঃসঙ্গ। তথ্যের প্রাচুর্য বেড়েছে, কিন্তু জীবনের অর্থ নিয়ে প্রশ্নও ততটাই গভীর হয়েছে। এই বাস্তবতায় নিৎসের আহ্বান আমাদের মনে করিয়ে দেয় যে, মানুষের সবচেয়ে বড় সংগ্রাম বাইরের পৃথিবীর সঙ্গে নয়; নিজের ভেতরের জড়তা, ভয় এবং অনুকরণপ্রবণতার সঙ্গে।

তাঁর দর্শন আমাদের শেখায়, জীবনের অর্থ বাইরে থেকে এসে মানুষের হাতে তুলে দেওয়া হয় না; মানুষকেই সেই অর্থ নির্মাণ করতে হয়। দুঃখকে অস্বীকার করে নয়, বরং তাকে রূপান্তরিত করে; ব্যর্থতা থেকে পালিয়ে নয়, বরং তাকে শিক্ষায় পরিণত করে; ভিড়ের অনুসরণ করে নয়, বরং নিজের বিবেকের আলোয় পথ নির্মাণ করে মানুষ তার প্রকৃত সম্ভাবনার দিকে এগিয়ে যায়।

ফ্রিডরিখ নিৎসের জীবন তাই এক গভীর বৈপরীত্যের ইতিহাস। দুর্বল শরীরের এই মানুষটির মানসিক শক্তি ছিল বিস্ময়কর। ব্যক্তিগত জীবনে তিনি নিঃসঙ্গ ছিলেন, কিন্তু তাঁর দর্শন মানুষের সম্ভাবনার প্রতি এক অনিঃশেষ আস্থার কথা বলে। অসুস্থতা, প্রত্যাখ্যান এবং দীর্ঘ একাকীত্ব তাঁকে জীবনের প্রতি বিমুখ করেনি; বরং জীবনের প্রতি তাঁর স্বীকৃতিকে আরও গভীর করেছে। তিনি বিশ্বাস করেছিলেন, মানুষের সর্বশ্রেষ্ঠ পরিচয় তার জন্মগত অবস্থায় নয়, বরং সে কী হতে চায় এবং সেই হওয়ার জন্য কতদূর এগিয়ে যেতে পারে—সেখানেই।

এই কারণেই নিৎসের দর্শন কেবল কয়েকটি বিমূর্ত তত্ত্বের সমষ্টি নয়; এটি মানুষের আত্মনির্মাণের এক নিরন্তর আহ্বান। তাঁর চিন্তার কেন্দ্রে বারবার ফিরে আসে একই সত্য—মানুষ তার বর্তমান অবস্থায় শেষ নয়। তার মধ্যে এমন এক অশেষ সম্ভাবনা নিহিত আছে, যা তাকে প্রতিনিয়ত নিজেকে অতিক্রম করতে, নতুন মূল্যবোধ নির্মাণ করতে এবং জীবনের প্রতি আরও গভীর, আরও সাহসী ও আরও সৃজনশীল স্বীকৃতি জানাতে আহ্বান করে। এই আহ্বানই নিৎসের দর্শনের প্রাণ, আর এখানেই তাঁর চিন্তার স্থায়ী তাৎপর্য।

মন্তব্য লিখুন

ধন্যবাদ। নাম ও মতামত লিখুন। পর্যালোচনার পর অল্প সময়ের মধ্যেই মন্তব্যটি প্রকাশিত হবে।

Fill out this field
Fill out this field

সম্পর্কিত