২৭ জুলাই ২০২৬
চিত্রবিন্যাস :
বিজন অরণ্য
কাজী বর্ণাঢ্য
কবি, গীতিকার

কাজী বর্ণাঢ্য
কবি, গীতিকার

কবিতাগুচ্ছ

নিজের জন্য শোকগাথা

মহামান্য জীবন

হৃদয় এক উর্বর জমি
ভালোবাসার ফসল ফলায় বলবান কৃষক

লোভ ঘৃণা দাফন করেই
জেগে উঠে মহামান্য জীবন
জলই জীবন
তবু চোখের জলে নেভে না মনের আগুন
লাল কমলা হলুদ আগুনে
ঝাল-ঝোলে রান্না হয় বাহারি সুখ।

হে সৃজনশীল আত্মা—
বেদনার সানকিতে
চামচ ডুবিয়ে সুখ খুঁজে বের করার
বিনীত অনুরোধ রইলো।

 

ডাস্টবিন

সম্মানিত সুধি,
অনুগ্রহপূর্বক কিছু সময়ের জন্য দাঁড়ান
আপনার যত নষ্ট চিন্তার ভ্রুণ এইখানে রাখুন
রঙ-বেরঙের ভাওতাবাজি যত কারসাজি সব
বমি করে এইখানে ঢালুন।

আপনার নিরাপত্তার কথা চিন্তা করে
একদল স্বপ্নচাষা-সূর্যকিশোর
আমাকে জীবাণুমুক্ত করে
রেখে গেছে এইখানে
এই চৌরাস্তার মোড়ে।

আমাকে ব্যবহার করুন।

 

টান

ভালোবাসতে গিয়ে প্রতারিত হবে
এটাই তো স্বাভাবিক
এরকম কেন ভাবো—
তোমার ব্যাপারে ব্যতিক্রম উপহার।
সময় দিয়ে কেনা অতীত দেখে কেন শিক্ষিত হও না
লোভে-কামে ছেড়ে দিয়েছো মূর্খের রশি।

এবার টানো—
শৈল্পিক টানে তুলে নাও
জীবন নদীর মাছ।

 

নিজের জন্য শোকগাথা

নিজের জন্য লিখছি শোকগাথা
অতীত ছেঁকে ফেলছি শোকের জল
কী নির্মম! ভাঙছি মুন্ডু-মাথা
মন মগজে দুঃখ অনর্গল।

আবেগঘন দুঃসময়ের স্মৃতি
বুকের মাঝে কফের মতো জমা,
আঁকড়ে ধরে মরণব্যাধি প্রীতি
নিজের কাছেই চাইছি নিজে ক্ষমা।

নিজের জন্য করুণা হয় খুব
জীবনটাকে প্রতিবন্ধী করে,
প্রেম সায়রে দিয়েছিলাম ডুব
তলিয়ে গেছি হয়তো চিরতরে!

মন্তব্য লিখুন

ধন্যবাদ। নাম ও মতামত লিখুন। পর্যালোচনার পর অল্প সময়ের মধ্যেই মন্তব্যটি প্রকাশিত হবে।

Fill out this field
Fill out this field

সম্পর্কিত