১.
ভালোবাসার কবিতা লিখেছি
বিরহের কবিতাও লিখেছি।
অদ্ভুত ব্যাপার হলো
পড়তে আমার একই লাগে।
২.
আমাকে ছাড়া
কখনো চুম্বনের অভাব হবে না তোমার
কিন্তু রয়ে যাবে সর্বদা
ভালোবাসার অভাব।
৩.
তোমার সুকণ্ঠ শুনে
মৌমাছিরাও দল বেঁধে ঈর্ষা করে
আমাদের চোখের তারায়
মধুমাখা ফুল আছে,
প্রতিবার দেখা হলে
ওরাই ফুটে ওঠে দু’চোখে।
৪.
তুমি তো সেরকম কোনো ফুল নও
তুলে নিয়ে খোঁপায় গুঁজবে কেউ
তোমাকে চয়ন করার আগে
দু’বার ভাববে লোকে
ফুলকে ফুটতে দিতে হয়।
৫.
আমিতো যাদু ছাড়া কিছু নই, দেখো
তোমার উপস্থিতি কি হাল করলো আমার!
৬.
অতীতের আমি মরে আছি
নিজের গহ্বরেই
আমি যখন ভালোবাসাকে আরেকটা সুযোগ দিতে চাই
ওরা একটা পুনরুজ্জীবন চেয়ে দরখাস্ত করেছে।
৭.
তুমিহীনতায় আমার হৃদয়ে
গড়ে দিয়েছে
সবুজ সেমেটারি।
আমার স্বভাব অনেকটাই আজ
আমার সাথে নাই আর।
৮.
তুমি চলে যাবার পর
নিজেকে ফিরে পেয়েছি অনেকখানি
তোমার সাথে থাকার বিনিময়ে
নিজেকে গুটিয়ে আনতে হয়েছিল।
বিশ্বাস করো—
আমার অনুভূতিগুলোকে
স্বাধীনভাবে অনুভব করতে পারছি
সেদিন থেকেই,
যেদিন থেকে
তোমার জন্যে আর কিছু অনুভব করি না।
৯.
কেউ কেউ যখন তোমার জীবনে আসে—
তুমি শিখে যাও
যারা হাত বাড়িয়ে দেয়
তাদের সবার হৃদয় থাকে না।
১০.
সূর্য যেমন করে পৃথিবীকে ভালোবাসে
তেমন ভালোবাসাই প্রাপ্য তোমার,
রোজ যে দেখা দেয়
দিনটাকে করে উজ্জ্বল—
প্রয়োজন আছে কি নেই
তা জানতে না চেয়ে।
ঝড়-বাদল যাই থাকুক না কেন,
সে রোজ আসবে তোমার কাছে,
চিরদিন পাশে থাকার জন্যে—
বিশ্বাসের মতো।
১১.
ঝড়ের আগেকার নীল আকাশ
আমার প্রিয় রং—
তুমি আসবার আগে
আমার জীবনের রং
ঠিক যেমন ছিল।
১২.
তোমাকে নিয়ে
আমি ডুবতে বসেছিলাম
শ্বাস নেবার জন্য আঁকড়ে ধরতে চাচ্ছিলাম
কোনো কিছু।
আর তুমি
আমার দুরবস্থায় হাসলে—
জীবন চাইতে গিয়ে
নিজেকে দেখলাম মৃত্যুর কাছাকাছি।
তুমি ছাড়া আমিই আস্ত মহাসাগর
পূর্ণ জীবন নিয়ে টইটম্বুর!
১৩.
আমার আত্মাকে পাপড়ির মতো ঘিরে রাখতে দাও;
বোলো না, চলে যেতে।
সবাই বলছে—
আমাদের ভালো মানিয়েছে;
আর আমি তো একা থাকতেও
ভয় পাই।
১৪.
আমি প্রস্তুত নই, তবে সময় হয়ে গেছে
তোমাকে তোমার মতো যেতে দিয়ে
আমাকে আমার মতো
ভালোবাসবার।
তোমার আত্মার সূর্য হতে চেয়ে
হারিয়েছি হাজারটা গ্রীষ্মকাল,
কিন্তু তুমি আমাকে ভীষণ একাকীত্ব দিয়ে গেছো।
তোমাকে একা ছেড়ে দিয়ে
পস্তাই সারাবেলা।
১৫.
গুডবাই জানাতে আমি ওস্তাদ,
— বলেছি তোমাকে আগে।
নিজেকে বুঝিয়েছি,
তুমি চলে গেলেও আহত হবো না
আর তুমি বুঝে নিও,
তোমাকে না যেতে দেবার মতো
পাগলামি আর নেই আমার।
১৬.
তুমিহীন এই জাগরণ
ভেতরের সুর্যটাকে নিহত করেছে।
তোমাকে ছাড়া
শুধু এই অন্ধকারকেই
আলিঙ্গনে বেঁধেছি আজ,
ফিরে এসো—
এই নিস্প্রদীপ ঘরে।
১৭.
তোমার হৃদয়ে কখনো
আমার জন্যে ‘সংরক্ষিত আসন’ ছিল না—
এই ভেবে ভয় লাগে।
সেখানে কেবলই একটা ‘জায়গা’ ছিল,
যে কেউ সেখানে এসে বসলেই
তুমি খুশি হতে।




















































































