১.
যত বেশি ভালোবাসি তোমাকে
তত বেশি শূন্য মনে হয়,
যখন বুঝি সব সামলে নেয়া যাবে —
তখন না হয় বলব
চলে যেতে।
২.
বুঝে গেছি
ভালোবাসা এক বিষণ্ণ মালী —
চুলে তাঁর ঝরে-পরা লিলিফুল,
পৃথিবীতে নিঃস্বতা নিয়েই ঝকমক ক’রে যাবে —
ভালোবাসা চায় না সে আর।
৩.
চাঁদ উঠলে কি সমুদ্র কেঁপে ওঠে
নেহায়েত এক কবির মতো?
— যখন চাঁদের আলো
তার ঢেউগুলো চুমু খেতে অস্বীকৃতি জানায়?
৪.
অস্তগামী সূর্যটা
যদি কমলালেবু হতো,
খোসা ছাড়িয়ে
তোমার সামনে এনে দিতাম
আর তুমি যদি কখনো ভালোবাসতে আমাকে,
আমার হৃদয়টুকুও
কমলালেবুর মতো
কিংবা সূর্যের মতো
মেলে ধরতাম।
৫.
ভালোবাসার বদলে আজকাল
কাগজে বাসা বাঁধছে দুঃখেরা।
আমার চিঠিগুলো
তোমার সুন্দর মুখের প্রশস্তি মোটেও নয়;
একদিন তুমি
ট্রাজেডিকে বুকে জড়িয়ে
কবিতার রূপ দিতে জানতে।
আজ আর মনে রাখতে চাই না —
তুমি নিজেই এক ট্রাজেডি হয়ে গেছ —
তুমি কবিতা নও আর,
তুমিই একটা বিষাদ।
৬.
‘তোমার গ্যালারিতে আমার কত ছবি জমে আছে।
এতখানি জায়গা দখল করে আছি বলে আমি বিব্রত।‘
— একদিন সে বলেছিল আমাকে।
আর আমি ভাবছিলাম,
যদি সে কোনোদিন আমার হৃদয়ের অ্যালবাম দেখতে পায়,
তবে হয়তো জ্ঞান হারিয়েই ফেলবে!
৭.
তোমার চোখের নিচের কালি
কবিতার মতো ঝুলে আছে।
যদি আমি হারানো গল্প পাই খুঁজে
অবাক হব না।
জানি, কিছু গল্প শুনে
অসাড় হয়ে যাব,
তবু তোমার বইখানি পড়ে নিতে দাও
চলে যাবার আগে।
৮.
তোমার কোমলতা দেখে, এমনকি
বনের দাবানলও ভয় করছে।
৯.
তুমি যদি নিঃসঙ্গতাকে ভয় করো,
তবে নীরবতাই এক বুনো ঝড়।
১০.
আমি চাই তোমার হৃদয়
কাউকে খুঁজে পাক,
যার ভালোবাসা বয়ে যাবে
তোমার শিরায়।
১১.
আমি বিশ্বাস করি
তোমার নীরবতার সুতোয়
সিবন করা আছে কবিতা,
যা কেবলমাত্র আমার কানেই বাজবে।
১২.
অনেক বছর
এ হৃদয়ের
শ্বাস রোধ করেছিল
কয়েকটি গেরো।
যখন খুলে গেল —
দেখলাম
সে গেরো বেঁধে ফেলেছে
আমাদের হৃদয়।
১৩.
আমাকে তুমি
অত সহজেই
বুঝতে পারছো কি?
তোমার হৃদয় পূর্ণ চাঁদ,
আমার হৃদয় মেঘলা —
দূষিত আকাশের মতো অস্বচ্ছ।
তোমার জ্বলে ওঠা নক্ষত্রগুলো
আমার চোখে ঝাপসা দেখাচ্ছে।
১৪.
এ হৃদয়ের গল্প
বারবার অনূদিত হয়েছে,
কিন্তু মূল কাহিনিটা
কেউ না বুঝেই অনুবাদ করে গেছে।
১৫.
জলের যে উদাসীন ধারা,
আর সূর্যের যে কিরণ নৈর্ব্যক্তিক
ধুয়ে দিয়ে গেল তোমার হৃদয় —
ওরা জানেই না
কী ক’রে দিল!
১৬.
কিছু মানুষ খুব সুন্দর।
ওরা সকালের সূর্যের রূপে আসে।
ওরা তোমাকে ভালোবাসুক চাই না বাসুক,
ভাবুক বা না ভাবুক —
ওদের সান্নিধ্যে,
ওদের আলোয়
জীবনটা বদলে নাও।
১৭.
যে ফুলটা ছিড়েছিলে
সে কেঁদে কেঁদে বলছে —
“কার জন্যে তুলেছিলে আমাকে
সে তো চলে গেছে।”
১৮.
ঠোঁটে প্রার্থনার মতো
ঝুলিয়ে রাখে যে নীরবতাকে —
সে হৃদয়ে ফুলহীন গাছ দেখতে পাবে,
আশা যার নাম।
হাজারো ফুটে ওঠা বুনো ফুলের মাঝে
জীবনভর ফুটে থাকবার মতো
ভালোবাসেনি কেউ,
এমনকি সে-ও নয়
যে প্রথম তাকে বুনেছিল মাটিতে।
১৯.
কেউ যখন চলে যায়
তার স্মৃতিগুলো তোমার হৃদয়ের দেয়ালে
একটা অযাচিত চড়ুই পাখি হয়ে বসে:
আইসিইউর বাইরে
বসে থাকা আত্মীয় স্বজনের মতো
অধৈর্য অপেক্ষায় —
কী আছে কপালে, না জেনে।
২০.
জেসমিন ফুলের মতো
যে মেয়েটা চলে গেল
যখন পৃথিবীর সব ফুল ফোটা বন্ধ হয়ে গেল
তখনো তাকে মনে রাখি আমি।
সে যখন চলে গেল
অঝোরধারায় বৃষ্টি ছিল।
আমি জানি না কেন
অঝোর আর ঝড়
সমোচ্চারিত মনে হয়
সেদিন থেকে,
যেদিন সে আমাকে একা ফেলে
বৃষ্টির ভেতর চলে গেল।
ফুটপাতে এক শিল্পী মারা গিয়েছিল
তাঁর ছবিগুলো সব বৃষ্টিতে ভিজে গিয়েছিল
ছবির রংগুলো মোজাইক হয়ে গেছে
জলে ভিজে ভিজে
কখনো একগুচ্ছ সুন্দর ছবির
ঝাপসা প্রমাণপত্র হয়ে আছে।
আমরাও বৃষ্টিভেজা পেইন্টিং বৈ তো নই —
সুন্দর যা কিছু
বেদনায় প্লাবিত।





























































































