১.
তুমি চলে যাবার পর থেকেই
তুমুল বৃষ্টি,
কাগজের নৌকার ভাঁজে
কত স্মৃতি আলগোছে
আড়মোড়া ভাঙে:
একটু ধীরে যেও অন্তত।
২.
তুমি তো সূর্যমুখী নও,
নও অন্য কোনো ফুল—
সূর্যাস্তের পর হারিয়ে যাবে না তাই;
যখন খুশি
ফুটে উঠবে নিজে নিজেই।
৩.
মানুষ যখন প্রেমে পড়ে
সে তখন বুঝতে পারে
নীলাকাশ থেকে নামে
বৃষ্টির চাইতে সুশোভন জলধারা।
৪.
ফুলেরা বসন্তের আশায়— ফুটবে বলে,
আর আমি— হেমন্তের কাছে
হৃদয় বন্ধক দেব বলে
অপেক্ষায় থাকি।
৫.
হৃদয়ের বড় কুঠুরিটা জুড়ে আছে
‘না বলা বাণীর ঘন যামিনী’;
কথারা লুকিয়ে থাকে
ছোট্ট কোনায়।
৬.
শূন্য করে দিয়ে গেছে যারা
তাদেরকেই কেন ভালোবাসো
পূর্ণ হৃদয় দিয়ে?
৭.
কারো অন্ধকার ভালোবেসে
দিন কাটিয়ে দিচ্ছো,
তুমি তো ধীরে ধীরে ভুলে যাচ্ছো
নিজের আলোভরা হৃদয়ের কথা।
৮.
মৌমাছির কি অবদান আছে?
বরং সে শুষে নেয় ফুলকে
সূর্যমুখীও সূর্যকে কিছু করে না দান
খেয়ে পরে থাকে বেঁচে সূর্যের আলোয়
কখনো কখনো লোকে
তোমার সাথেও করে
এমন ব্যবহার
৯.
এটাই তো জাদুকরী ব্যাপার—
কারো পাত্র যখন ভালোবাসায় ভরে দাও
তোমার পাত্রটিও ভরা থাকে পূর্ণতায়
১০.
কিছু মানুষ সূর্যাস্ত আর রামধনুর মতো
নির্বাক সৌন্দর্য আর শান্তির অনুভূতি আনে,
আর
দু হাত ভরা আলো
যে-কোনো হৃদয় পলিতে
আশার চারাগাছ বোনে।
১১.
বলো তো এটা কি মায়া নয়?
পাতা ঝরার দিনেও
কি করে এমন ফুটে থাকো!
১২.
যদি কারো চোখে চেয়ে
তোমার মুখে ভেসে ওঠে
এক অভূতপূর্ব হাসি,
জেনে নিও
তোমার হৃদয়
শেষমেষ খুঁজে পেল আপন আশ্রয়।
১৩.
সময় থামে না
মানুষ থেমে যায়
ভালোবাসা যায় না কোথাও
প্রেমিকারা চলে যায়
১৪.
কিছু কিছু সূর্যাস্ত
ফিরিয়ে আনে পুরনো স্মৃতি
কিছু কিছু সূর্যাস্ত
নতুন স্মৃতি গড়ে
১৫.
হয়ত এমন কাউকে পেয়েছ
যে তোমার হৃদয়
এত বেশি ভালোবাসায় ভরে দেবে যে
আর মোটেও ভারী লাগবে না
হৃদয়কে বয়ে নিতে।
১৬.
অনেকেই আসবে
যারা তোমাকে তারাদের গল্প শোনাবে
আকাশ থেকে নামিয়ে দেয়ার প্রতিশ্রুতিও দেবে
কিন্তু আমি চাই
তার জন্যে একটু অপেক্ষা করো
যে তোমাকে নিজের আলোয়
তারার মতো উজ্জ্বলতা দেবে।
তোমার হাসিতে আকাশ উজালা হবে।
১৭.
মানুষের কথা শোনো
তার কেমন লাগছে
কাউকে বলার জন্যে হয়তো মরিয়া
—তুমিও কি তাই ভাবছো?
১৮.
জানালার বাইরে তাকিয়ে ভাবি
ভোরের বৃষ্টির ভালোবাসায় স্নাত হয়ে
গাছগুলো কেমন রোদ মাখবার জন্যে দাঁড়িয়ে আছে,
যেমন করে আমি
তোমার প্রতীক্ষায়।
১৯.
যে মানুষটা তোমাকে বিপদে ফেলে গেল
তাকে নিয়ে শোক করতে করতে
ভুলে গেলে
তোমার উদ্ধারকারীকে
কৃতজ্ঞতা জানাতে
২০.
একটা বরফের হৃৎপিণ্ডকে
ভালোবেসে আঁকড়ে ধরো
ফুল হয়ে সে ফুটবে একদিন
ভালোবাসার করপুটে
২১.
ভালোবাসা এমন এক সাগর
যা মানুষকে মনে করিয়ে দেয়
নিজেদের
অপরিমেয় গভীরতার কথা
২২.
কিছু মানুষ আছে
যারা শুধু মানুষ নয়—
এক এক ফালি অনুভূতির টুকরো,
কখনো যেতে চায় না
হৃদয় ছেড়ে।
২৩.
তার সাথে ভাগাভাগি করে নাও
তোমার বসন্ত দিন
যে তোমাকে একা ফেলে যায়নি
পাতাঝরা ঋতুতেও।
২৪.
বসন্ত না এলেও
তুমি তো সারা বছরই
ফুল ভালোবাসো
প্রার্থনা এই—
তুমি যেন তেমনি করে
নিজেকেও ভালোবাসতে শেখো
যত্নে রাখো।
২৫.
আশাই সেই আলো
যে তোমার হৃদয়কে
আলোকিত করে।
২৬.
এই বিশ্ব তোমাকে যা যা বলতে চায়
তোমার আত্মাকে তা কান পেতে শুনতে দাও
২৭.
হৃদয় ভরা কত স্মৃতি
আর তুমি ভাবছ
হৃদয় কেন এত ভারী!
২৮.
একটা দীর্ঘশ্বাস নিয়ে
তাদের যেতে দাও
তোমার আত্মাকে যারা
বুঝতে পারেনি
তোমার জীবনে ওদের
অধিকার নেই।
২৯.
আজ আমাকে ক্ষমা করে দিলাম
তোমাকে আরো গভীরভাবে
ভালোবাসতে পারিনি
সে কারণে নয়—
নিজেকেও তেমন করে
ভালোবাসিনি তাই
৩০.
ভালোবাসা সেই পাখি—
যেসব হৃদয়
তার ডানা ছুঁয়ে যায়—
তাদের সবাই দুঃখী হয়।
৩১.
যা ভুলে যেতে চাই
সে সবের তুচ্ছাতিতুচ্ছ বিবরণ মনে ভাসে
চাই দূরে ভেসে যাক
তোমার স্মৃতিগুলো
কিন্তু গ্রাস করে নেয় আমাকে।
হৃদয়ের কি এক কালিঝুলি মাখা অবস্থা।
৩২.
নিসংগতাকে নয়—
নৈঃশব্দ্যকে ভয় পাই।
৩৩.
তোমাকে যখন অন্ধকার ঘিরে ধরে
তা তখন মনে করিয়ে দেয়
তোমার অন্তর্গত আলোর বিন্দুকে


















































