ইমাদেদ্দিন নাসিমি চতুর্দশ-পঞ্চদশ শতাব্দীর অন্যতম প্রধান তুর্কি ভাষার সুফি কবি। তিনি হুরুফি সম্প্রদায়ের প্রধান কবি-দার্শনিক এবং শহিদ কবি। তিনি আজারবাইজানি, তুর্কি ও ফার্সি ভাষায় কবিতা লিখেছেন। তৎকালীন মধ্য এশিয়া, আনাতোলিয়া ও ইরাকে তাঁর কবিতা অত্যন্ত জনপ্রিয় ছিল। তাঁকে ‘তুর্কি ভাষার প্রথম মহান দিওয়ান-কবি’ বলা হয়। ইউনেস্কো ১৯৭৩ সালে তাঁর ৬০০তম জন্মবার্ষিকী উদযাপন করেছে। আজারবাইজানে তিনি জাতীয় কবি হিসেবে সম্মানিত। এই মানুষটাকে শুধু কবি বললে কম বলা হয়। তিনি দেহভেদী এক বোধের কবি—যাঁর কাছে মানুষের শরীরই ছিল দিব্য ঐশ্বর্যের প্রকাশ। তাঁর জীবন, দর্শন আর কবিতা মিলিয়ে একটা আগুনের ইতিহাস।
নাসিমির জীবন সম্পর্কে ঐতিহাসিক তথ্য খুবই সীমিত ও বিতর্কিত। তাঁর জন্ম আজারবাইজানে, ১৩৬৯ সালের দিকে। মধ্যযুগের ইসলামি জগত তখন নানা মত, সাধনা আর দার্শনিক সংঘর্ষে গরম। সেই উত্তাপের ভিতরেই নাসিমি বড় হন।
তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঁক আসে হুরুফি আন্দোলনের গুরু ফজলুল্লাহ নায়িমির সঙ্গে দেখা হওয়ার পর। বাগদাদে গিয়ে তিনি হুরুফি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ফজলুল্লাহ নায়িমি হুরুফি (আস্তারাবাদী, মৃত্যু ১৩৯৪) এর শিষ্য হন। নায়িমির দর্শন—যা অক্ষর-সংখ্যা-মানবদেহকে ঈশ্বরের প্রকাশ বলে দেখত — নাসিমিকে প্রবলভাবে উদ্দীপিত করে।
হুরুফি ভাবধারাকে সমগ্র পশ্চিম এশিয়ায় ছড়িয়ে দিতে তিনি ঘুরে বেড়ান তাবরিজ, আনাতোলিয়া, বাগদাদ, আলেপ্পোতে। তাঁর ভ্রমণের ফলে তিনি শুধু দার্শনিক জ্ঞানই অর্জন করেননি, তাঁর কবিতাও ছড়িয়ে পড়েছিল সুদূর অঞ্চলে।
তাঁর স্পষ্টবাদী ও ধর্মীয় প্রথার বিরুদ্ধে বলা কথা অর্থোডক্স আলেম ও শাসকদের ক্ষুব্ধ করে। অবশেষে সিরিয়ার আলেপ্পোতে ১৪১৭ বা ১৪১৮ সালে মামলুক শাসকদের নির্দেশে তাঁকে ‘জিন্দিক’ (ধর্মদ্রোহী) ঘোষণা করে গায়ের চামড়া জ্যান্ত অথবা মৃত অবস্থায় খুলে ফেলা হয়। এই নৃশংস মৃত্যুই তাঁকে ‘শহিদ কবি’ উপাধি এনে দেয়। মৃত্যুর সময়ও তাঁর মুখে শান্তভাব ও স্থিরতা ছিল। মানুষের অন্তরে যে আলোক আছে, তার তো মৃত্যু নেই।
নাসিমি ছিলেন ফজলুল্লাহ হুরুফির প্রধান শিষ্য এবং হুরুফি সম্প্রদায়ের সবচেয়ে বড় কবি-প্রচারক। হুরুফি দর্শন চতুর্দশ শতাব্দীর শেষভাগে উদ্ভূত একটি অত্যন্ত রহস্যময়, এসোটেরিক বা বাতিনি, প্যান্থিইস্টিক বা সর্বেশ্বরবাদী ও কাবালা-ধর্মী সুফি-শিয়া মিশ্রিত মতবাদ। এর প্রতিষ্ঠাতা হলেন ফজলুল্লাহ নায়িমী আস্তারাবাদী (১৩৩৯/৪০ – ১৩৯৪)।
‘হুরুফ’ শব্দের অর্থ ‘অক্ষর’। এই দর্শনের মূল কথা হলো: বিশ্ব, মানুষ ও আল্লাহর মধ্যে সম্পর্কের সবচেয়ে গভীর রহস্য লুকিয়ে আছে ২৮টি আরবি ও ৩২টি ফার্সি হরফ বা অক্ষরে। সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড এই হরফ ও সংখ্যাগুলো দিয়ে গঠিত। আল্লাহর সবচেয়ে বড় প্রকাশ মানুষের চেহারা ও শরীরে। মানুষই আল্লাহর সর্বোচ্চ প্রতিচ্ছবি। মানুষের মধ্যে ঐশী সৌন্দর্যের পূর্ণ প্রকাশ ঘটেছে। কুরআনের বাহ্যিক অর্থের চেয়ে বাতিনি বা গুপ্ত অর্থই প্রধান।
ফজলুল্লাহ হুরুফি দাবি করেন, তিনি স্বপ্নে হযরত আলি থেকে সরাসরি ইলহাম পেয়েছেন এবং তিনি ‘মাহদি’ ও ‘সাহেবুজ্জামান’। তাঁর সর্বেশ্বরবাদী ভাবনা ও শরিয়ত-বিরোধী ব্যাখ্যার কারণেই তৎকালীন ধর্মীয় প্রতিষ্ঠান তাঁকে কাফের ঘোষণা করে। ৭৪ বছর বয়সে ১৩৯৪ সালে আজারবাইজানের আলিঞ্জা দুর্গে তৈমুর লঙ্গের নির্দেশে তাঁকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়।
হুরুফি সাধনা ও আচারে বাহ্যিক শরিয়তের পরিবর্তে বাতিনি প্রেম ও মারেফতই মুখ্য। প্রিয় মানুষের মুখের দর্শনই সবচেয়ে বড় ইবাদত।
নামাজ, রোজা, হজ্জের পরিবর্তে ‘চেহারা-নামাজ’ অর্থাৎ মুখের দিকে তাকিয়ে ধ্যান করা।
নাসিমির কবিতা তীব্র, দেহময়, ঈশ্বর-মানবের মিলনের ঘোষণা। তাঁর কবিতায় শরীর লজ্জার বিষয় নয়। শরীরই জ্যোতির প্রকাশ। এখানেই তিনি সুফি ঐতিহ্যকে আলাদা মোড় দেন—দেহ আর আত্মার বিরোধ ভেঙে দেন। তুর্কি, আরবি, পার্সি—সব ভাষাতেই তাঁর কাব্য একই রকম বিশ্বাসী ও ক্ষুরধার
এই দর্শন ইবনে আরাবির ‘ওয়াহদাতুল ওজুদ’ (অস্তিত্বের একত্ব) এর চরম রূপ। মনসুর হাল্লাজ-এর উচ্চারণ “আনাল হক”—তথা আমিই পরম সত্য — ছিল নাসিমি-এর দর্শনের কেন্দ্রবিন্দু। তিনি বিশ্বাস করতেন যে, মানুষের মধ্যে ঐশী সত্তার প্রকাশ ঘটে। তাঁর মতে, একজন পরিপূর্ণ মানুষ বা ইনসানে কামেল হয়ে ওঠেন আল্লাহর মূর্ত প্রতীক। নাসিমি বলেন, “আমার ভ্রূ-চোখ-ঠোঁটেই আল্লাহর সৌন্দর্য প্রকাশ পেয়েছে।” চলতি ধর্মীয় ব্যাখ্যার সামনে এরকম ঘোষণা ছিল নাটকীয় বিদ্রোহ।
নাসিমি হুরুফি মতবাদকে তুর্কি ও ফার্সি কবিতার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন। তিনি বারবার বলেন: মানুষকে তুমি অপমান করছ কেন? সে তো হক, সে তো সত্য, সে-ই সর্বোচ্চ পরিচয়। এই ঘোষণাই শেষ পর্যন্ত তার প্রাণ কেড়ে নেয়। কারণ এখানে মানুষের ভেতরের আত্মাকে তিনি ঈশ্বরত্বের সমান মর্যাদা দিয়েছেন।
নাসিমি প্রচারক ছিলেন—কিন্তু গোপনে নন। তিনি খোলা রাস্তায়, জনসমক্ষে, কবিতার আসরে দাঁড়িয়ে ঘোষণা করতেন: মানুষকে অবজ্ঞা কোরো না, সে-ই আল্লাহর আয়না। তাঁর এই বার্তা অনেক তরুণ অনুসারী তৈরি করেছিল। আনাতোলিয়ার তুর্কিভাষী অঞ্চল, ইরাক, আজারবাইজান—সব জায়গায় তিনি বিপ্লবীর সুনাম অর্জন করেন।
তাঁর কবিতা গান হয়ে ছড়িয়ে পড়ে দরবেশ সমাজে, বেকতাশি তরিকায়, লোকজ আখড়াতে। নাসিমি আসলে সুফি কবিতাকে নতুন মুখ দিয়েছিলেন—যেখানে দেহ, প্রেম, বিদ্রোহ আর ঈশ্বর একই ভাষায় মিশে গেছে।
নাসিমিই প্রথম তুর্কি কবি যিনি ফার্সি কাব্যের শাস্ত্রীয় ছন্দ ও রূপকে তুর্কি ভাষায় পুরোপুরি প্রয়োগ করেন। ফুজুলি, নেফ’ঈ, বাকি প্রমুখ পরবর্তী ওসমানি কবিরা তাঁর পথ অনুসরণ করেন।
নাসিমির কবিতা তীব্র, দেহময়, ঈশ্বর-মানবের মিলনের ঘোষণা। তাঁর কবিতায় শরীর লজ্জার বিষয় নয়। শরীরই জ্যোতির প্রকাশ। এখানেই তিনি সুফি ঐতিহ্যকে আলাদা মোড় দেন—দেহ আর আত্মার বিরোধ ভেঙে দেন। তুর্কি, আরবি, পার্সি—সব ভাষাতেই তাঁর কাব্য একই রকম বিশ্বাসী ও ক্ষুরধার।
তাঁর প্রেম ঈশ্বরীয়। কিন্তু সেই প্রেম শরীর পেরিয়ে যায় না—বরং শরীরের মধ্য দিয়েই ওঠে। আলেমরা যতই একে বিপজ্জনক বলুক, নাসিমির কাছে প্রেমই ছিল সর্বোচ্চ প্রমাণ—মানুষের ভিতরে আলোর বাস।
আনাতোলিয়ায় বেকতাশি তরিকা ও হুরুফি সম্প্রদায়ের ওপর তাঁর প্রভাব গভীর। পরবর্তীকালে বেকতাশী কবি কায়গুসুজ আবদাল, ইউনুস এমরে প্রমুখ তাঁর দ্বারা প্রভাবিত। আজারবাইজান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও তুরস্কে তিনি আজও জাতীয় কবি হিসেবে বন্দিত। সোভিয়েত আমলে আজারবাইজানে তাঁকে ‘ধর্মবিরোধী বিপ্লবী কবি’ হিসেবে প্রচার করা হয়েছিল।
তাঁর সবচেয়ে বড় শক্তি ছিল সাহস—নিজের ভেতরের সত্য উচ্চারণের সাহস। নাসিমি আমাদের মনে করিয়ে দেন: মানুষ যখন নিজের মর্যাদা নিয়ে দাঁড়ায়, রাষ্ট্র বা ধর্মের কঠোর কাঠামো তখন কেঁপে ওঠে।
তাঁর মৃত্যুর পরও নাসিমি চাপা পড়েননি। বরং তার ভাবনা আরও শক্ত হয়ে ছড়িয়েছে। তুর্কি সুফি সাহিত্য, বেকতাশি কবিতা, আলেভি আধ্যাত্মিক সঙ্গীত, আজারবাইজানের আধুনিক জাতীয় কাব্যধারা সর্বত্রই নাসিমির উত্তরাধিকার প্রবহমাণ। আজারবাইজানে তাঁর নামে শহর (নাসিমী রায়ন), মেট্রো স্টেশন, বিশ্ববিদ্যালয়, সাহিত্য পুরস্কার রয়েছে। প্রতি বছর বাকুতে ‘নাসিমি উৎসব’ পালিত হয়।
ইমাদেদ্দিন নাসিমি ছিলেন এক অসাধারণ সাহসী কবি-দার্শনিক, যিনি প্রেম ও সৌন্দর্যের নামে আল্লাহর সঙ্গে একাত্মতার ঘোষণা দিয়ে নিজের চামড়া দিয়ে সেই সত্যের মূল্য পরিশোধ করেছিলেন। তাঁর কবিতা আজও তুর্কি-ভাষী জগতের সুফি প্রেমের অন্যতম উজ্জ্বল নিদর্শন।

না সি মি র ক বি তা
১.
তুমি যে আলো খুঁজে ফেরো,
তার পথ তো তোমার শিরায়।
নিজেকে চিনতেই যদি না শেখো,
আকাশের তারাগুলোও তোমায় কিছু দেবে না।
২.
আমি দেহ নই,
আবার দেহ ছাড়া কিছুই নই।
এই চামড়ার নিচে যে আগুন জ্বলে,
তাই-ই আমার নাম,
তাই-ই আমার বংশ।
৩.
প্রেম যদি কেবল কথা হতো,
সবাই-ই সাধু হয়ে যেত।
আমি যে আগুনের কথা বলি,
তার ধোঁয়া চোখ জ্বালায়,
তার শিখা হৃদয় ছাড়ে না।
৪.
তুমি আমায় বন্দি করো,
কিন্তু আমার প্রাণকে কোথায় রাখবে?
ওটা তো বেঁচে থাকে
মাঠের বাতাসে,
না-লিখে রাখা সব কবিতায়।
৫.
মানুষের মুখ
আমি কখনো অপমান করতে পারি না।
ওখানেই তো অক্ষরের জন্ম,
ওখানেই প্রথম বাণী,
ওখানেই ঈশ্বরের হাসি।
৬.
ভয়ে যারা বাঁচে,
তাদের কাছে সত্য কখনো আসে না।
সত্য দরজা খোলে
সাহসীদের জন্য—
যারা মাথা উঁচু করে দাঁড়াতে জানে।
৭.
আমি প্রেমকে ডাকলে
সে আগুন হয়ে আসে।
তার ছাই গায়ে মেখে
আমি আবার পথ চলি—
আরও হালকা, আরও স্পষ্ট।
৮.
আমার ভেতরে যে সুর বাজে,
ওটা কেউ শেখায়নি।
আমি জন্মানোর আগেই
তা লেখা ছিল—
দেহের ভাঁজে ভাঁজে।
৯.
তুমি যদি জানতেই
মানুষ কত পবিত্র,
তবে কাউকে আর নিচু ভাবতে না।
একটা দৃষ্টির ভেতরেও
সমুদ্রের মতো গভীরতা থাকে।
১০.
আমার মৃত্যু নিয়ে যারা ব্যস্ত,
তাদের বলো—
আমি তো মরি না।
আমি চলে যাই শুধু
আরেক শরীরের ভেতরে
আমার আলোর জন্য জায়গা করতে।
১১.
আমি যে সত্যের কথা বলি,
ওটা বইয়ের পাতায় না।
মানুষের নিঃশ্বাসে ওটা থাকে,
মুখের নরম রেখায়,
চোখের ভিতরকার জ্যোতিতে।
সত্য খুঁজতে চাইলে
কারও দরজায় ভিক্ষা চাইতে হবে না—
নিজেকেই ফের খুঁজে নাও।
১২.
আমার শরীরের গোপন ভাষা
তুমি পড়তে জানো না।
এখানে অক্ষর জন্মায়,
এখানে মহাবিশ্বের মানচিত্র আঁকা।
তুমি যার দিকে তাকিয়ে থাকো বিস্ময়ে,
আমি তো সেই আয়নার সামনে দাঁড়িয়েই বড় হয়েছি।
১৩.
ভালোবাসা আমাকে শাসন করে না,
সে আমায় ভেঙে গড়ে।
আমার বুকে যে আগুন,
সে-ই আমার শিক্ষক।
ওটা আমায় শেখায়
কীভাবে ব্যথার ভিতর দিয়েও
মানুষ জ্যোতির পথ চিনে নিতে পারে।
১৪.
তুমি যদি খোদাকে খুঁজে পেতে চাও,
মন্দির-মসজিদে প্রথমে যেও না।
একজন মানুষের হাত ধরো,
তার চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকো—
দেখবে, যে আলো খুঁজছিলে,
সেটা সেখানেই জ্বলে উঠেছে।
১৫.
দেহকে ছোট কোরো না।
এই দেহই তো জন্ম দেয় ভাবনাকে,
উচ্চারণকে, প্রেমকে।
যে দেহকে তুচ্ছ ভাবতে শেখানো হয়েছে,
নাসিমির চোখে
সেই দেহই খোদার আরশ।
১৬.
আমার রক্তের স্রোতে যে গান বাজে,
সে গান পবিত্রতার নয়—
সে গান সাহসের।
যেখানে সব দরজা বন্ধ,
সেখানেই আমি দাঁড়িয়ে থাকি
অন্তরের দরজা খুলে।
১৭.
মানুষ আমাকে যা-ই বলুক,
আমি আমার নাম বদলাব না।
আমি সেই আগুনের সন্তান,
যাকে ঠান্ডা করা যায় না।
শরীরকে ছিঁড়ে ফেললেও
আমি মুছে যাই না—
কারণ আমার সত্য
মাংসের ভেতরে নয়,
আলোয়।
১৮.
তুমি আমাকে যদি প্রশ্ন করো—
খোদা কোথায়?
আমি বলব,
তোমার নিজের কণ্ঠে শুনে দেখো।
মানুষ যে সুরে কথা বলে,
সেই সুরেই তাঁর প্রথম প্রকাশ।
১৯.
আমি পথ খুঁজি না।
পথ আমার দিকে আসে।
যে সত্য টান দেয়,
তার পিছনে হেঁটে গেলেই
এক সময় বোঝা যায়—
জীবন আর মৃত্যু আসলে
একই দরজার দুই দিক।
২০.
আমাকে সৃষ্টি করা হয়েছে
অসীমের চিহ্ন বহন করতে।
তাই আমার কণ্ঠ বন্ধ করলেই
সত্য থেমে যায় না।
একজন নাসিমি মরলে
হাজার নাসিমি জন্ম নেয়—
একই আলোর ভিতর থেকে।
২১.
আমি আমার মুখ স্পর্শ করলে
তোমরা যে খোদার মুখ খুঁজে ফেরো,
তারই গরম আলো অনুভব করি।
মানুষকে বুঝতে হলে
আগে নিজের মুখটাই চিনে নিতে হয়।
২২.
যেদিন প্রথম প্রেমের আঘাত খেলাম,
আমি বুঝলাম—
এটাই সত্যের প্রথম পাঠ।
হৃদয় ভাঙে না,
হৃদয় খুলে যায়।
২৩.
তোমরা আমাকে ধর্ম জিজ্ঞেস করো,
আমি হাসি।
ধর্ম যদি আলাদা কিছু হতো,
তবে মানুষের শ্বাসই বা কেন
একটিই সুরে ওঠানামা করে?
২৪.
আমি মৃত্যুকে কখনো শত্রু ভাবিনি।
সে তো কেবল দরজা,
যার ওপরে লেখা থাকে—
চল, এবার আলো বদলাও।
২৫.
প্রেমের আগুনে যারা পুড়তে জানে না,
তাদের কাছে নাসিমির কথা কঠিন লাগে।
কারণ আমি যে আগুনের কথা বলি,
সে আগুন কেবল পোড়ায় না—
সে মানুষকে নতুন করে গড়ে।
২৬.
এই যে শরীর,
এটা আমার কারাগার নয়।
এটাই আমার পবিত্র স্থান,
যেখানে অক্ষর জন্মায়,
যেখানে শব্দ খোদার দিকে
ফিরে যাওয়ার পথ খুঁজে পায়।
২৭.
আমি আকাশের দিকে তাকাই না
খোদাকে দেখার জন্য।
আমি মানুষের দিকেই তাকাই,
কারণ মানুষই খোদার
সবচেয়ে স্পষ্ট ব্যাখ্যা।
২৮.
তোমরা আমাকে বলো—
সত্য লুকিয়ে রাখতে শিখো।
আমি বলি—
সত্য লুকিয়ে রাখা যায় না।
যে সত্য মরার নয়,
সে তো নিজের আলোয়
নিজেই প্রকাশ পায়।
২৯.
যারা আমাকে চুপ করাতে চেয়েছিল,
তারা জানত না—
মুখ চাপা দেওয়া যায়,
কিন্তু আলোর উৎস
বন্দি হয় না।
আমার কণ্ঠ নীরব হলেই
হাওয়া আমার হয়ে কথা বলে।
৩০.
আমি যখন বলি
মানুষের দেহে খোদা আছেন,
তোমরা ভয় পাও।
কিন্তু ভেবে দেখো—
যে ভালোবাসা মানুষ দিতে পারে,
তা কি কোনো সাধারণ জিনিস?
৩১.
আমার মুখে যা লেখা,
তা কোনো কিতাবে নেই।
ভ্রু, চোখ, ঠোঁট—
এই রেখাগুলোই আসমানের আয়াত।
৩২.
মানুষের দেহকে যে তুচ্ছ বলে,
সে অক্ষরের মর্যাদা জানে না।
কারণ প্রতিটি অস্থি
একটি উচ্চারণ,
প্রতিটি শ্বাস
একটি নাম।
৩৩.
আমি যখন কথা বলি,
শব্দ আমার নয়।
দেহ নিজেই খুলে যায়,
আর খোদা
অক্ষরে অক্ষরে
নিজেকে পড়ে নেন।
৩৪.
মুখ ঢেকে রেখো না।
এই মুখেই তো
সৃষ্টির প্রথম লিপি।
যে মুখকে লজ্জা বলো,
সেই মুখেই
সত্যের পূর্ণবিরাম।
৩৫.
আমার চোখ দুটি
দুটি দরজা।
একটা দিয়ে মানুষ ঢোকে,
আরেকটা দিয়ে
খোদা বেরিয়ে আসেন।
৩৬.
হুরুফিরা জানে—
আলো আগে দেহে নামে,
তারপর আকাশে।
তাই আমি আকাশে তাকাই না,
আমি দেহ পড়ি।
৩৭.
আমার কণ্ঠস্বর
শুধু ধ্বনি নয়।
এটা অক্ষরের চলাফেরা,
সংখ্যার স্পন্দন,
দেহের ভেতর দিয়ে
হেঁটে যাওয়া এক খোদাতায়ালা।
৩৮.
তুমি যদি জানতে
মানুষের মুখে কী লেখা আছে,
তবে কাউকে আর
অবমাননা করতে না।
কারণ যে মুখে অক্ষর,
সে মুখেই তো
স্রষ্টার স্বাক্ষর।
৩৯.
আমি বলি—
দেহ ছাড়া কোনো সত্য নেই।
যে সত্য দেহ এড়িয়ে যায়,
সে কেবল ধারণা,
আলো নয়।
৪০.
আমার শরীর
আমার মসজিদ।
আমার অস্থি
আমার মিনার।
আর আমার শ্বাস—
আজান,
যা থামে না।
৪১.
তুমি বলো—
খোদা অদৃশ্য।
আমি বলি—
তুমি পড়তে জানো না।
অক্ষর তো দেহেই থাকে,
শূন্যতায় নয়।
৪২.
আমাকে হত্যা করলেও
তোমরা অক্ষর মুছতে পারবে না।
কারণ আমি কোনো দেহ নই—
আমি দেহের ভাষা।
৪৩.
আমি একই সাথে দেহ আর আলোক।
যে আমাকে দেখছে, সে খোদাকেই দেখছে।
দূরে কী খুঁজছ?
তোমার শরীরেই তাঁর আসন।
৪৪.
তুমি আমায় হত্যা করতে পারো,
কিন্তু আমি মরব না।
আমি সেই সত্য,
যাকে মৃত্যুর ছুরি ছুঁতে পারে না।


















































































































































































