১৯ নভেম্বর ২০২৬
আন্তোনিও পোর্কিয়া: এক অন্তহীন স্বর
চিত্রবিন্যাস :
বিজন অরণ্য
আহমেদ সজীব
কবি, অনুবাদক
20

আহমেদ সজীব
কবি, অনুবাদক

20

আন্তোনিও পোর্কিয়া: এক অন্তহীন স্বর

আজকের দিনে ভয় ও বিভ্রান্তিতে আক্রান্ত মানুষ যখন নিজের কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়েছে অনেক দূরে, নিজের মুখোমুখি দাঁড়াতে মানুষ যখন ধুঁকছে চরম অসহায়ত্বে, তখন আর্হেন্তিনার কবি আন্তোনিও পোর্কিয়া কবিতায় চিন্তাশীলতার মধ্য দিয়ে সেই মর্যাদা ফিরিয়ে এনেছেন, যা অসীম শূন্যে ঝুলে থাকা মানুষের প্রতিনিয়ত পরিবর্তনশীল অস্তিত্বের সীমাবদ্ধতাগুলো দৃশ্যমান করে তোলে এবং বাষ্পীভূত হওয়া সত্ত্বেও একইসাথে সেই অস্তিত্বের যাবতীয় অর্থহীনতা থেকে মানুষকে রক্ষা করে। আর্হেন্তিনার আরেক কবি আলেহান্দ্রা পিসারনিক পোর্কিয়াকে নিয়ে যথার্থই বলেছিলেন– “আমরা বিশ্বাস করি, পোর্কিয়া আমাদের দেশের বিশুদ্ধতম লেখক। তিনি শব্দকে তার আদি ও মৌলিক দায়িত্বে ফিরিয়ে দিতে পেরেছেন আর তা হলো মানুষের অস্তিত্বের নির্যাসকে আলোকিত করা। ব্লেক, হোল্ডারলিন বা র‍্যাঁবোর ক্ষেত্রে যেমন বলা যায় তেমনি হোল্ডারলিনের সেই বিখ্যাত পঙক্তিটি ধার করে পোর্কিয়ার সম্পর্কেও বলা যায়–তিনি ‘অজানার মাঝে ভাষাকে হারিয়ে ফেলেননি’ বরং তাকে পুনরুদ্ধার করেছেন এবং সর্বোচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন।” পোর্কিয়া নৈঃশব্দ্য ও শব্দের সংমিশ্রণে ঠিক ভাষা নয়, ভাষার এমন এক আবহ সৃষ্টি করেন যা আমাদের গভীরে ডুব দিয়ে পৃষ্ঠতলের নিচে লুকিয়ে থাকা সত্যকে আবিষ্কার করতে সাহায্য করে। তিনি তাঁর স্বরগুলোর মধ্য দিয়ে আমাদের এক অপার বিস্ময়ের মুখোমুখি দাড় করান এবং বিশ্বাস করতে শেখান যে, সবকিছু এখনো বলা শেষ হয়নি, বাস্তবতা আমাদের ভেতর থেকেই শুরু হয় এবং তা তৈরি করার সিদ্ধান্তও মূলত আমাদেরই। ভাষার এই আবহ আমাদের নিয়ে যায় এক গভীর নিরীক্ষণের জায়গায়, যেখানে দৃষ্টি চারপাশের সাথে লড়াই করে না, বরং চারপাশের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। ফেদেরিকো গার্সিয়া লোরকা যেমন ফ্রান্সিসকে দে ক্যুভেদো সম্পর্কে বলেছিলেন, পোর্কিয়াও তেমনি “কেবল ভাষাকে নয়, বরং ভাষার আত্মাকে ব্যবহার করেন।”

আন্তোনিও পোর্কিয়া জন্মগ্রহণ করেন ১৩ নভেম্বর ১৮৮৫ সালে, ইতালির কালাব্রিয়া শহরে। বাবা ফ্রান্সেস্কো পোর্কিয়া পেশায় একজন ধর্মযাজক ও কাঠ ব্যবসায়ী ছিলেন, মা রোজা ভেসসিও ছিলেন গৃহিণী। সাত ভাই বোনের মাঝে পোর্কিয়া ছিলেন সবার বড়। বোধকরি বাবা ধর্মযাজক হওয়ার কারনেণেই তাঁর পরিবারকে কিছুদিন পরপরই এক শহর থেকে আরেক শহরে বসতি গাড়তে হতো। পরিবারের প্রধান, আন্তোনিও পোর্কিয়ার বাবা, ফ্রান্সেস্কো পোর্কিয়া, ১৯০০ সালে মারা যান। বাবা মারা যাওয়ার দুই বছর বাদে, ১৯০২ সালে তাঁরা নাপোলি থেকে জার্মানের পতাকাবাহী একটি জাহাজে করে স্থায়ীভাবে আর্হেন্তিনায় চলে আসেন। আর্হেন্তিনায় এসে বুয়েনোস আইরেসের অন্য আরো দুস্থ পরিবারের সাথে বারাকাস এলাকায় জায়গা হয় পরিবারটির। খুব অল্প বয়সে বাবাকে হারান বলেই হয়তো পরবর্তীকালে পোর্কিয়া লেখেন– “যাওয়ার সময় বাবা আমার শৈশবকে দিয়ে যান অর্ধ শতাব্দীর একটি উপহার।” বাবার অবর্তমানে পরিবার প্রধানের ভূমিকায় অবতীর্ণ হওয়া আন্তোনিও পোর্কিয়া রাতারাতিই কৈশোর পেরিয়ে প্রাপ্তবয়স্ক হয়ে উঠেছিলেন। এতোদিনে ইতালিতে যদি কোনো নিজস্ব স্বর তৈরি হয়েও থাকে, তবে নতুন বাস্তবতার চাপে তাঁকে তা ত্যাগ করতে হয়েছিল। অভিবাসি পরিবারের বড় ছেলে হিসেবে তিনি এক দ্বৈত অনাথ অবস্থায় পড়েছিলেন: সদ্যপ্রয়াত বাবার দিক থেকে এবং সেই সাথে সদ্য ছেড়ে আসা মাতৃভাষার দিক থেকেও। এমন সময়ে পোর্কিয়া এতোটাই শূন্য হয়েছিলেন যে তাঁর সামনে উন্মুক্ত হয়েছিলো দুটো বিষয়: ব্যক্তিগত পরিচয়ের অসারতা ও নিজেকে নতুন পরিচয়ে গড়ে তোলার এক অসীম ইচ্ছা। এই বিষয়ে পরবর্তীতে পোর্কিয়া স্বর বইটিতে লেখেন: “যে সবকিছু শূন্য দেখেছে, সে-ই জানে সবকিছু কী দিয়ে পূর্ণ।” দুঃখ এবং দারিদ্র্যতা তাড়িয়ে বেড়িয়েছে তাঁকে আজীবন কিন্তু কখনোই কব্জা করতে পারেনি। কবি রবের্তো হুয়াররোস লিখেছেন– “একদিন আমায় তিনি বলেন, তখন একদম শিশু ছিলেন এবং ক্ষুধায় ছটফট করছিলেন, এইভাবেই একটি বল নিয়ে খেলতে শুরু করেন। হঠাৎ একটি লাফ দিতেই অচেতন হয়ে পড়ে যান। তিনি এইভাবে শেষ করেন যে, ক্ষুধা আনন্দের পথে বাধা নয়। ক্ষুধা আমাদের কাতর করতে পারে এবং আমরা আনন্দিতও হতে পারি: রুটি দিয়ে যে স্বর্গ বানায়, সে-ই ক্ষুধার নরকে পোড়ে।” পোর্কিয়া স্বশিক্ষিত ছিলেন। তিনি বুয়েনোস আইরেসের বন্দরে বহুদিন কেরানির কাজ করেন এবং পরে ভাই নিকোলা পোর্কিয়ার সাথে মিলিতভাবে ভিয়া বলিভারে একটি ছাপাখানা গড়ে তোলেন। দুই ভাই মিলে দিনরাত পরিশ্রম করে কয়েক বছরের ব্যবধানেই ছাপাখানাটি সম্প্রসারিত করতে সক্ষম হন। এই সময় Federación Obrera Regional Argentina (আর্হেন্তিনার আঞ্চলিক শ্রমিক সংগঠন) এর পদের জন্য লড়াই করে এবং La Fragua নামক একটি বামপন্থী ম্যাগাজিনকে সহযোগিতা করে অবিলম্বেই পোর্কিয়া দেখিয়েছিলেন যে তাঁর একটি সামাজিক দায়বদ্ধতা রয়েছে। এই La Fragua মাগ্যাজিনটিতেই তাঁর Voces (স্বর) বইয়ের কিছু অংশ প্রথমবারের মতো প্রকাশ করেন। পোর্কিয়া লেখেন– পৃথিবীর সর্বত্র আমি বাম দিকে। কেননা আমি এই দিকে জন্মগ্রহণ করেছি। কিন্তু তিনি রাজনীতিতে পুরোপুরিভাবে অংশগ্রহণের জন্য কখনোই প্রস্তুত ছিলেন না। তিনি প্রায়শই ইতালীয় অভিবাসী বসবাসকারী শহরের বোকা এলাকার সমাজতান্ত্রিক দলগুলির সাথে দেখা করতেন। ছোটো ছোটো ঘর– যার প্রতিটি অন্যটির থেকে ভিন্ন, দিনরাত বেনামি ঘরহীন মানুষদের আসা-যাওয়া, জাহাজের ভেঁপু আর জীর্ণ সরাইখানাগুলো– যেখানে নাবিক ও বন্দর শ্রমিকরা মিলিত হতো–এইসব নিয়ে সরগরম ছিলো আর্হেন্তিনা’র বুয়েনোস আইরেসের হতদরিদ্র বোকা এলাকাটি। হোসে লুই মেনঘি এবং আগুস্তিন রিগানেলি প্রমুখ শিল্পী-বন্ধুদের সাথে তিনি Impulso নামক শিল্প সংগঠনে অংশগ্রহণ করেছিলেন, যা শহরের একই বোকা এলাকাটির ভিয়া লামাদ্রিদে অবস্থিত ছিল।

১৯৪৮ সালে Impulso থেকে প্রকাশিত Voces(স্বর)-এর প্রচ্ছদ
১৯৪৮ সালে Impulso থেকে প্রকাশিত Voces (স্বর)-এর প্রচ্ছদ

১৯৩৬ সালের দিকে পোর্কিয়ার ভাইয়েরা যার যার পরিবার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, তাই পোর্কিয়াও মুদ্রন পেশা বাদ দিয়ে বুয়েনোস আইরেসের সাভেদ্রা এলাকায় ভিয়া সান ইসিদ্রোর ছোট একটি বাড়িতে একা বসবাসের মধ্য দিয়ে নির্জনতা খুঁজে নিয়েছিলেন। এখানেই আন্তোনিও পোর্কিয়া অজস্র নাক্ষত্রিক গোলাপ দিয়ে গড়ে তুলেছিলেন তাঁর ফুলের বাগান। এই সময় ফুলের বাগান পরিচর্যা আর কতিপয় বন্ধুদের সাথে সাক্ষাৎ করেই তাঁর অধিকাংশ সময় কাটত। বাগানের উদ্ভিদের জন্ম, বিস্তার আর মৃত্যু প্রত্যক্ষের মধ্য দিয়ে জগতের বিভিন্ন বৈচিত্র্যময় সূত্র পাখা মেলেছিলো তাঁর কাছে, এমন ক্ষুদ্র পরিসরের জায়গায় খুঁজে পেয়েছিলেন সবচেয়ে বড় আনন্দ– “ছোট সবকিছুই চিরন্তন, এবং বাকি সব, বাকি সবকিছু, সবকিছু, সংক্ষিপ্ত, খুবই সংক্ষিপ্ত”। অর্থনৈতিক দৈন্যদশা পোর্কিয়াকে এই বাড়িটিকে বিক্রি করে শহরের অলিভোস এলাকায় ১৬০০ ভিয়া মালাভারে খানিক কম মূল্যের একটি বাড়িতে উঠতে বাধ্য করেছিলো এবং জীবনের শেষ আঠারোটি বছর এখানেই কাটিয়েছিলেন। এই বিষয়ে কবিবন্ধু রবের্তো হুয়াররোস লিখেছেন– “যখন তাঁর ভাইয়ের কাছ থেকে পাওয়া বাড়িটি তাঁকে বিক্রি করতে হয়েছিলো এবং শহরের কেন্দ্র থেকে দূরে গিয়ে একটি সাধারণ বাড়ি কিনতে হয়েছিলো– ভিন্নতার সাথে আরো কিছুদিন বেঁচে থাকার জন্য, তখন আমরা তাঁর আরো ছোট হয়ে আসা বাড়িটিতে তাঁকে দেখতে গিয়েছিলাম। কিন্তু আমরা তখন সেই শিল্পকর্মগুলো দেখেছিলাম যা শিল্পীবন্ধুরা তাঁকে উপহার দিয়েছিলেন, যার মধ্যে রয়েছে এই শতাব্দীর কিছু জনপ্রিয় আর্হেন্তিনার শিল্পকর্ম (পেতোরুত্তি, বেনিতো কিনকেলা মারতিন, কাস্তানিনো, সলদি, বাতলার, ফরমার প্রমুখ)। তিনি কখনোই কোনোটিকে নিজের থেকে আলাদা করেননি, এমনকি চরম দারিদ্র‍্যের মূহুর্তেও, যখন আত্বীয়রা বা বন্ধুরা তাঁকে একটি বা দুটি বিক্রি করার জন্য প্ররোচিত করেছিল। তিনি বলেছিলেন যে তিনি একা থাকেন এবং বলতে গেলে তেমন কোনো চাহিদাও নেই। প্রকৃতপক্ষে, যা একটি উপহার তা তিনি কখনোই বিক্রি করতে চাননি। কার্যত তিনি লেখেন– “তোমার কিছুই নেই আর তুমি আমাকে একটি পৃথিবী দিবে। আমি তোমার কাছে এক পৃথিবী ঋণী।” বলতে গেলে ১৯০২ সালে ইতালি ছেড়ে আর্হেন্তিনায় বসবাস শুরু করার পর পোর্কিয়া কখনোই আর আর্হেন্তিনা থেকে বের হননি। কৈশোর থেকে আর্হেন্তিনাই ছিল তার স্বদেশ। এই অভিবাসনই ছিল তার জীবনের একমাত্র দীর্ঘ যাত্রা। এমনকি কোনো লেখক সম্মেলনে যোগ দেওয়ার জন্য বার্ধক্যেও যখন তাঁকে ইউরোপ ভ্রমণের প্রস্তাব দেওয়া হয়, তিনি দৃঢ়তার সাথে তা প্রত্যাখ্যান করেছিলেন: “দূরত্ব কোনো কিছুই করেনি, সবকিছু আছে এখানেই।” শেষ পর্যন্ত, বাইরের জগতের যাত্রা নিরর্থক হয়ে যায় যখন মানুষের আত্মা অবিরত অগণিত দূরত্ব অতিক্রম করে: “এখান থেকে সরে না গিয়ে, কীভাবে আমি এখানে ফিরে এলাম এতবার?” সকল পার্থিব বিষয়ে নির্লিপ্ত পোর্কিয়া সব আনন্দ উল্লাস খুঁজে বেড়িয়েছেন নিজের একান্ত দুঃখ আর নিঃসঙ্গতার ভিতর– “আত্মাকে তুষ্ট করতে এই জগতের যত দুঃখ-কষ্ট আর একটি ফুলই যথেষ্ট।” দীর্ঘজীবন বলতে গেলে একাই বয়ে গিয়েছিলেন তিনি। সামাজিক রীতিনীতি উপেক্ষা করে এই মুখোশধারী সভ্য জগতের বাইরের কারো প্রেমে পড়েছিলেন। রবের্তো হুয়াররোস স্মৃতিচারণ করেছেন– “খুব ভালোবেসে ফেলেছিলেন তিনি। এইসব বিষয়ে তাঁর সর্বোচ্চ সতর্কতা থাকা সত্ত্বেও একদিন আমাদের বলে ফেলেন এক ধীর জীবনের নারীর সাথে তাঁর প্রগাঢ় সম্পর্কের কথা, যে নারীটিকে বিয়ে করতে সম্মত হয়েছিলেন তিনি। পরে আমরা জানতে পারি যারা নিজেদের স্বার্থে এই নারীটিকে ব্যবহার করত, তারা তাঁকে কত ভয় দেখিয়েছিল, যাতে সে এই সম্পর্কটি ছিন্ন করে দেয়। এবং এভাবে তিনি নিজেই সরে গিয়েছিলেন, নিজের নিরাপত্তার তাগিদে নয়, যা তাঁর কাছে সামান্যই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু নারীটির নিরাপত্তার তাগিদে। এই অবস্থা থেকেই পোর্কিয়া লেখেন– “ঝরে পড়া ফুলের মাঝেই আমি খুঁজে পেয়েছি জগতের সুন্দরতম ফুলটি।” ভালোবাসা এবং ফুলের যোগসূত্র তার চিন্তার অন্যতম অনুসঙ্গ হয়ে ওঠে: “ভালোবাসা, যদি একটি ফুলে ফুটে ওঠে, তবে তা অসীমতা লাভ করে।” তাঁর চিন্তার আরো একটি মৌলিক অনুসঙ্গ ভালোবাসা ও যন্ত্রণার ধ্রুব যোগসূত্র: “যে ভালোবাসা সম্পূর্ণরূপে যন্ত্রণা নয়, তা সম্পূর্ণরূপে ভালোবাসা নয়।” পোর্কিয়া লেখেন– “বড় হৃদয় খুব অল্পতেই ভরে ওঠে।” ফলে আমাদের মতো সাধারণ মানুষেরও আগ্রহ জাগে– কতো বড় হৃদয় ছিল সেই মানুষটির, গভীরতার দিকে যার জ্ঞান ও প্রজ্ঞা মিলিত ধারায় পারাপারের এক আশ্চর্য পথ আবিষ্কার করতে সক্ষম হয়েছিল। কবি রবের্তো হুয়াররোস লিখেছেন– “জীবনে প্রজ্ঞার সঙ্গে ভাষার প্রজ্ঞার এমন উচ্চস্তরের যোগাযোগ আমি একমাত্র আন্তোনিও পোর্কিয়ার মধ্যেই পেয়েছি। প্রচলিত প্রথা অনুযায়ী যাকে বলা চলে এক আপেক্ষিক ও এমনকি সংকীর্ণ সংস্কৃতিরই মানুষ, কী করে তার মধ্যে এমন এক আশ্চর্য মিলন ঘটতে পারে, এবং তাও এমন এক যুগে যখন প্রজ্ঞা নামক বিস্তারটি প্রায় হারিয়েই গিয়েছে, তার কারণ বোঝার চেষ্টায় আমি অনেকদিন আগেই বিরত হয়েছি। কিন্তু জীবন ও উচ্চারণের একমাত্র এই দুর্লভ ঐক্য বা সমতার ফলেই যে সত্যিকারের প্রজ্ঞা জম্ম নেয়, সে-বিশ্বাস আমি ত্যাগ করিনি। যে-অভিজ্ঞতার মূল্য আছে, যে-সাহিত্যের মূল্য আছে, তাও সম্ভব একমাত্র সেই ক্ষেত্রেই।” এবং “ক্ষোভ বা নৈরাশ্যের একটি কথাও তার মুখে কখনো শুনিনি। একই সঙ্গে এত সরল ও রুচিপূর্ণ দীপ্তি আমি আর দেখিনি। জামা প্রায় তিনি কখনো পরতেনই না, গরমকালে হয়তো রাত্রিতে শোওয়ার পাজামার উপরের অংশটি গায়ে চাপালেন, শীতে আরো গরম একটা কোট; কোটের ভিতরে গলার একটা চাদর ঢুকিয়ে দেওয়া, যেনো খুলে না যায়, তার জন্যে চাদরটা একটা পিন দিয়ে আটকানো। কিছু গল্প-সল্পের পর তার খুব সাধারণ টেবিলটার উপর এনে হাজির করতেন এক বোতল মদ, খানিকটা চিজ, সসিজ, রুটি, যার সবই নিজেই বাজারে কিনতে যেতেন ছোট একটা থলি হাতে করে। সরল বন্ধুত্ব ছিল তার আর্ট, তা তিনি ঘিরে রাখতেন কী যত্ন দিয়ে, কী স্নেহ দিয়ে। ঠিক সেই একই স্বাভাবিক সরলতায় ঝাটা হাতে ধরতেন বাড়ি পরিষ্কার করতে বা বাগানে যেতেন গর্ত খুঁড়ে গাছের চারা পুঁততে।… আমরা তাকে ডাকতাম দন আন্তোনিও বলে… বারবার তিনি আমাদের বলতেন, ‘ধৈর্য হারিয়ো না, অপেক্ষা করতে শেখো’। এটা তার একটা বড়ো শিক্ষা ছিল…”

স্বর (Voces) এর বাঙলা দ্বিতীয় সংস্করণের প্রচ্ছদ। প্রচ্ছদশিল্পী: মোস্তাফিজ কারিগর
স্বর (Voces)-এর বাঙলা দ্বিতীয় সংস্করণের প্রচ্ছদ। প্রচ্ছদশিল্পী: মোস্তাফিজ কারিগর

১৯৪৩ সালে কয়েকজন বন্ধুদের অনুরোধে নিজের ছাপাখানা থেকেই আন্তোনিও পোর্কিয়া প্রকাশ করেন স্বর এর প্রথম সংস্করণ। স্বর প্রথম বই আকারে বের হওয়ার পর কেমন অভিজ্ঞতা হয়েছিলো পোর্কিয়ার? কবি রবের্তো হুয়াররোস লিখেছেন– “তাঁর বইটি যখন প্রথম প্রকাশিত হয়, তখন বলতে গেলে সবগুলো বই-ই তিনি একটি শিল্প সংস্থায় রাখেন। উক্ত প্রতিষ্ঠানের কোনো-কোনো সদস্য অভিযোগ করেন যে, তাঁর বইটি খুব বেশি জায়গা নিচ্ছে, তখন তিনি একটিও শব্দ না করে সবগুলো বই তুলে নিয়ে সবার জন্য উন্মুক্ত এমন কয়েকটি গ্রন্থাগারে উপহার দিয়ে দেন।” এই সময়ে আর্হেন্তিনার ভুবনবিখ্যাত বুদ্ধিজীবী ভিক্তোরিয়া ওকাম্পোর আমন্ত্রণে বিশিষ্ট ফরাসি কবি ও চিন্তক রজে কাইওয়া বুয়েনোস আইরেসে অবস্থান করছিলেন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে ফ্রান্সের ভিশি রেজিমের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় কাইওয়া’র ফ্রান্সে প্রবেশের উপর অবরোধ জারি করা হয়। পোর্কিয়ার স্বর বইটির একটি কপি রঁজে কাইওয়ার হাতেও পৌঁছেছিলো। স্বর পড়ে কাইওয়া এতোটাই মুগ্ধ হয়েছিলেন যে পোর্কিয়ার সাথে দেখা করার ইচ্ছে প্রকাশ করেন। কাইওয়া ভেবেছিলেন পোর্কিয়া হয়তো তাওবাদী পণ্ডিতদের দ্বারা প্রভাবিত কিন্তু ফ্রানৎস কাফকার মতো আধুনিক মননের, যে কিনা লিখে চলেছেন অতল গভীরতার সব পঙক্তি। কিন্তু পোর্কিয়ার সাথে দেখা করার পর তিনি অবাকই হয়েছিলেন– “সরল এবং লাজুক, এবং আমি পুরোপুরিভাবে নিজেকে আশ্বস্ত করেছিলাম … যে তিনি তার জীবনে লাওৎসু বা কাফকার নামও শোনেননি।” কাইওয়া তাঁকে বিখ্যাত Sur পত্রিকায় লেখা দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। কিন্তু লেখা পাঠানোর পর পত্রিকার কতিপয় কর্মকর্তা তাতে ব্যাকরণগত কিছু ভুলের দোহাই দিয়ে পোর্কিয়াকে পরিমার্জনা করতে বলেন। পোর্কিয়া পরিমার্জনার পরিবর্তে নিঃশব্দে সব লেখা ফিরিয়ে নেন। উক্ত ঘটনায় রজে কাইওয়া এতোটাই বিব্রত হন যে, ঘোষণা করেন তিনি তাঁর সমগ্র সাহিত্যকীর্তি ত্যাগ করতে রাজী আছেন কেবল ছোটো ছোটো এই কয়েকটি পংক্তির বিনিময়ে। ১৯৪৯ সালে রজে কাইওয়ার অনুবাদে ফরাসি ভাষায় স্বর প্রকাশিত হওয়ার পর তা বেলজিয়াম, জার্মানি, আমেরিকা ও ইতালিতে ছড়িয়ে পড়ে। বলতে গেলে রজে কাইওয়ার অনুবাদের মধ্য দিয়েই পোর্কিয়া ছড়িয়ে পড়েন পৃথিবীর নানা প্রান্তে।

এই বছর স্বর প্রথম বই আকারে প্রকাশিত হওয়ার ৮৩ বছর পূর্ণ হল। কি আছে এই বইটিতে যা প্রথম প্রকাশের ৮৩ বছর পরও প্রাসঙ্গিক আমাদের জীবনে? টুকরো টুকরো সময়ের বেড়াজাল ভেদ করে আন্তোনিও পোর্কিয়া আমাদের নিয়ে চলেন স্থির এবং একই সাথে চিরন্তন কতিপয় চিত্রের দিকে। পোর্কিয়া লেখেন– “যে সত্য কথা বলে, সে বলতে গেলে কিছুই বলে না।” এটা কবিতাও নয় এমনকি দর্শনও নয়। আর যেহেতু দর্শন নয় তাই আমরা এফোরিজমও বলব না। বাস্তবতা নিজেও সবক্ষেত্রে খুব বেশি বাস্তব নয়, বাস্তবতার কোটরেও বিরাজ করে রাশি রাশি রহস্যের ধারা। বাস্তবতার সেই রহস্যের দিকে আমাদের কিছুটা আভাস দেন পোর্কিয়া– “সবকিছুর ওজন করেছি, আমি জানি দীর্ঘশ্বাসের কোনো ওজন হয় না।” এবং “মানুষ কোথাও যায় না, সবকিছুই মানুষের কাছে আসে। যেমন আগামীকাল।” অন্যভাবে বলতে গেলে আমরা মূলত ভাষায় বাস্তব এবং ভাষা মূলত বাস্তবতার পরিপূর্ণ নয়, আংশিক প্রকাশিত রূপ মাত্র। তাই আমরা যখন ভাষার মধ্য দিয়ে বাস্তবতাকেও প্রকাশ করতে যাই, তাও একধরনের ধারণাগত মাধ্যমই হয়ে ওঠে। এই ধারণাগত মাধ্যমের যতোটুকু সম্ভব সুষ্ঠু ব্যবহার করে পোর্কিয়া আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেন বাস্তবতার সর্বাধিক রূপ। তিনি কবিতা ও চিন্তাকে, নীতিবিদ্যা ও নান্দনিকতাকে, শব্দ ও নৈঃশব্দ্যকে একে অপরের সাথে মিলিয়ে দিয়েছেন এক অনন্য অসীম ধারায়। বুদ্ধ বলেছিলেন: নিজেদের জন্য প্রদীপের মতো হও। নিজেদের অবলম্বন নিজেরাই হও। আর পোর্কিয়া লিখেছেন: “আমিই হয়েছিলাম আমার ছাত্র ও শিক্ষক। ভালো ছাত্র ছিলাম, কিন্ত একজন শিক্ষক হিসেবে ব্যর্থ।” বাড়িয়ে বলা হবে না যদি বলি, তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের বিশ্বদৃষ্টিকে একত্রিত করে দুটির মাঝে একটি সংযোগদ্বার তৈরি করেছেন। তাঁর কণ্ঠস্বরে প্রবাদ বাক্য ও হাইকুর একটি সহাবস্থান দেখা যায়: “একশ বছরের পুরোনো একটি গাছের মাঝে, আমি একদিনের ফুল দেখেছি।” শেষ পর্যন্ত পোর্কিয়ার কাজকে কেবল “কোনো ধারা নেই” এমন এক নতুন ধারার পথিক হিসেবে পাঠ করা যায়, অভিহিত করা যায় হিস্পানো-আমেরিকান সাহিত্যের একজন প্রধান পুরুষ হিসেবে।

আন্তোনিও পোর্কিয়া ১৯৬৮ সালের ৯ই নভেম্বর বুয়েনোস আইরেসের ভিসেন্তে লপেজে মৃত্যুবরন করেন। কিন্তু মৃত্যু কোথায়? মৃত্যু তো মূলত অনন্তের দিকে প্রবেশদ্বার মাত্র…

Antonio Porchia
Antonio Porchia. (13 November 1885 – 9 November 1968)

সহায়ক তথ্যপুঞ্জি:

  1. Antonio Porchia: Las Voces Leídas. Francisco José Cruz
  2. El Iluminado Antonio Porchia. Alejandra Pizarnik
  3. Voix- Antonio porchia, Préface de Jorge Luis Borges, Traduit de l’espagnol par Roger Munier
  4. The Extraordinary Story of Antonio Porchia. Vincenzo Villella
  5. Voix- Antonio porchia, Postface- Roberto Juarroz; Traduit de l’espagnol par Roger Munier
  6. Antonio Porchia: The Taoïste in Pin-striped pajamas. James Geary
  7. Postface- Roberto Juarroz; Traduit de l’espagnol par Roger Munier
  8. একটি গভীরতার নাম, আন্তোনিও পোর্কিয়া; লোকনাথ ভট্টাচার্য, জিজ্ঞাসা পত্রিকা, কার্তিক-পৌষ ১৩৯৬। দশম বর্ষ। তৃতীয় সংখ্যা
  9. Étoiles d’un ciel étranger: Roger Caillois et l’Amérique Latin. Annick Louis
  10. Voix Réunies-Antonio Porchia. Traduit de l’espagnol par Danièle Faugeras. Édition Érés
  11. Les « voix » multiples d’Antonio Porchia. Yves Humann
  12. আন্তোনিও পোর্কিয়ার কয়েকটি ‘স্বর’; মজনু শাহ, বাংলা নিউজ, অক্টোবর ৬, ২০১২

আরো পড়ুন:

সময়ের সন্তানেরা
সময়ের সন্তানেরা-২
After-Article Banner 2
After-Article Banner 2 mob

মন্তব্য লিখুন

ধন্যবাদ। নাম ও মতামত লিখুন। পর্যালোচনার পর অল্প সময়ের মধ্যেই মন্তব্যটি প্রকাশিত হবে।

Fill out this field
Fill out this field

সম্পর্কিত