২৭ নভেম্বর ২০২৬
পাঙ্গাশ মাছের চোখ
চিত্রবিন্যাস :
বিজন অরণ্য
দেবাশীষ ধর
কবি, গদ্যকার ও অনুবাদক
118

দেবাশীষ ধর
কবি, গদ্যকার ও অনুবাদক

118

পাঙ্গাশ মাছের চোখ

এটা অনেক আগের গল্প। তখন প্রাইমারি স্কুলে পড়তাম, আমরা থাকতাম দক্ষিণ পতেঙ্গার ষ্টীল মিলস্ কলোনিতে। বাবা মিল-এ চাকরি করতেন। আমাদের বাসা কলোনির ভেতরে ছিল। অনেক বড় এলাকা জুড়ে কলোনিটা। একটা ভবনের পর বিশাল উঠান সামনে-পেছনে, এরপর আরেকটা ভবন। এভাবে ভবনগুলো সেট করা। উঠোনের আশপাশ জুড়ে অনেক বড় বড় গাছ। বেশিরভাগ নারিকেল গাছ। শেষ মাথার ভবনটির পরে বিশাল খেলার মাঠ। ভবনের সামনে যে বিশাল উঠোন আছে সেখানেও সবাই খেলে। আমরা বিকেল হলেই বেরিয়ে পড়তাম। চলে যেতাম মাঠে। সবুজ ঘাসে শুয়ে থাকতাম কখনো। খেলার সাথীরা সবাই আসতেই জমে উঠত খেলা। সন্ধ্যা নাগাদ পর্যন্ত চলত। চারপাশে এত গাছ, গাছেদের আড়ালে আড়ালে রাস্তা চলে গেছে। একটা বড় সরু রাস্তা আছে কলোনির ভেতর দিয়ে বড় রাস্তা পর্যন্ত। বড় রাস্তাটি চলে গেছে একেবারে মিলের গেইট পর্যন্ত। মানে যেখান দিয়ে কলোনির প্রবেশ পথ। বড় রাস্তাটি যেতে যেতে ডানে-বাঁয়ে অনেকগুলো সরু রাস্তার সংযোগ আছে যেগুলো দিয়ে কলোনির একেকটা টাইপের ভবনের অবস্থান। সব ভবন একই রকম না, কিছু ভবন অফিসারদের জন্য আলাদা ধরনের। আমরা যেখানটায় থাকি মানে যে টাইপ ভবনে সেটার নাম বি টাইপ ভবন। আমাদের এখানে তিনতলা, বিল্ডিংয়ের পাশ বেশ বড়। লম্বা বারান্দা এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পাশাপাশি অনেক ঘর। বিল্ডিংয়ের সামনে উঠোন, পেছনেও অনেক জায়গা। সামনের উঠোনে কোনো এক পরিবার হাঁস-মুরগি পালে। ওখানে লাল একটা মোরগ আছে, এটারে দেখলে আমার কেমন যেন লাগত। নড়াচড়া কম করত, সবসময় বাঁশের বা টিনের চালে বসে থাকত। বসে বসে যেন মাথা নেড়ে নেড়ে সবাইকে দেখত।

আমাদের একটা বাগান ছিল। আসলে বাগান বলতে আমার বাবা সেখানে সবজি চাষ করতেন। বাগানটা উঠোনের ডানদিকে বিল্ডিংয়ের এক পাশে। খুব সকালে রোজ বাগানে কাজ করতেন। আলু, বেগুন, মরিচ, শাক, মিষ্টিকুমড়া এগুলো চাষ করেছিলেন। কোদাল দিয়ে মাটিগুলো ঠিকঠাক করে দিতেন, সার দিতেন, প্রয়োজনমতো পানি দেয়া এসব। আসলে বাবার বেশ শখ ছিল বাগান করার, এখানে খোলা জায়গা পাওয়াতে শখটা পূরণ করলেন। চারপাশে বেড়া দিয়ে ঘিরে রেখেছিলেন যাতে গরু ছাগল এসে নষ্ট করতে না পারে। অবশ্য আশেপাশের সবাই বেশ প্রশংসা করতেন। কখনো মিলের কাজ শেষে বিকেলে এসে কাজ করতেন। কোনো কোনো দিন সবজি ফললে তুলে নিয়ে যেতেন আর মা রান্না করতেন।

আমার স্কুলটা বেশ কাছেই, কলোনির ভেতরেই। ঐ বড় রাস্তাটি ধরে সোজা গিয়ে বামের দিকে অল্প কিছু গেলেই স্কুল। আমাদের পাড়ার সবাই ঐ স্কুলেই পড়ত, একসাথে চলে যেতাম হেঁটে হেঁটে। কখনো কখনো বাবা আমাকে নিয়ে আসতেন। তিন তলা ভবনের স্কুল। আমাদের ক্লাস হয় দোতলায়। স্কুলের পেছনে একটু দূরে একটা কবরস্থান ছিলো।চারপাশে গাছপালা ঘেরা এই কবরস্থানে নাকি প্রতিরাতে জিন দেখা যায়, বন্ধু রুবেল আমাকে অনেকবার বলেছে। এই কথাটা আমি আমার বন্ধু সুমিকেও বলেছি। সুমি আমার খুব ভালো বন্ধু। আমরা কখনো কখনো একসাথে স্কুল থেকে ফিরতাম। সুমির বাসা আমাদের বিল্ডিংয়ের দুটি বিল্ডিং পরে। আমরা দুজন রোকেয়া ম্যাডামের বাসায় একসাথে পড়তে যেতাম। রোকেয়া ম্যাডামের বাসা আমার বাসা থেকে দশ মিনিটের পথ। আমরা প্রতিদিন একসাথে হেঁটে হেঁটে কলোনির ভেতর দিয়ে চলে যেতাম।

এখানেই আমি আমার গল্পের ভেতর ঢুকছি। যেদিন কলোনিতে লাশ পাওয়া গেল একটা মেয়ের, খালপাড়ের পানিতে লাশটা ভেসে ছিল। খালপাড়টা কলোনির শেষ মাথায়। বড় নালাগুলোর সাথে এর সংযোগ ছিল। সেদিন বিকেলে জুয়েল ভাইয়ের কাছে কাহিনিটা জানলাম। ১৩/১৪ বছরের মেয়েটা, কলোনিরই মেয়ে, কোনো এক অফিসারের মেয়ে। জুয়েল ভাইয়ের কাছ থেকে জেনে আরো আশ্চর্য হলাম লাশটার সাথেই একটা মরা বড় সাইজের পাঙ্গাশ মাছও নাকি পাওয়া গিয়েছিল। মেয়েটার সাথে নাকি খারাপ কিছু ঘটেছিল। ওইদিন কলোনিতে অনেক পুলিশের ভিড়। মা আমাকে আর ঘর থেকে বের হতে দিল না কয়েকদিন। পাড়ার ছেলেরাও তেমন বের হতো না। পরে বাবার কাছ থেকেই জানতে পারলাম মেয়েটা হচ্ছে কাকলি আপু, কাসেম আঙ্কেলের মেয়ে। কাসেম আঙ্কেলের সাথে বাবার খুব ভালো বন্ধুত্ব, আর কাকলি আপুর বাসায় তো আমরা অনেকবার গিয়েছিলাম যখন তারা বি টাইপ বিল্ডিংয়ে থাকতেন। কাসেম আঙ্কেলের প্রমোশন (বড় অফিসার) হওয়ার পর ওরা অফিসারদের কলোনিতে চলে যায়। কাকলি আপু নবম শ্রেণিতে পড়ত। এটা কী হল! শুনলাম পুলিশরা কাকে কাকে যেন ধরে নিয়ে গেছিল। এদিকে সুমিরও তেমন কোন খবর নেই। বাবা বললেন কাকলি আপুর ডেডবডির কিছু আলামত নাকি সেই পুকুর পাড়ের ঝোপঝাড়ে পাওয়া গিয়েছিল। এটা শুনে তো আমি থ হয়ে গেলাম, জুয়েল ভাই বলল মরা পাঙ্গাশ মাছ। এই পাঙ্গাশ মাছটাকে তো আমি চিনি মনে হয়। সেই বড় গোঁফওয়ালা লোকটা!

ঘুমের মধ্যে দেখলাম সেই বড় গোঁফওয়ালা লোকটি হেসে হেসে আমার সামনে বড় পাঙ্গাশটির মুখে চুমু খাচ্ছে, আর পাঙ্গাশটি আমার দিকে অসহায়ভাবে চেয়ে আছে। আমি তখনি ওখান থেকে দৌড়ে চলে গেলাম। সুমি আমাকে চিৎকার করে ডাকছিল কিন্তু সে কেন ডাকছিল?

রোকেয়া ম্যাডামের বাসাটা যেদিকে, যাওয়ার পথে বামদিকে পথের পাশ ঘেঁষে ঝোপঝাড় পেরিয়ে ভিতরের দিকে একটা পুকুর ছিল। পুকুরের পাড়ের রাস্তাটা দিয়েই আমরা আসা-যাওয়া করতাম। ওইটা দিয়ে শর্টকাট আমরা ম্যাডামের বাসায় চলে যেতাম সহজেই। রোজ বিকেলে যাওয়ার সময় আমরা দেখতাম ঘাটে বসে একজন আঙ্কেল বড়শি দিয়ে মাছ ধরছেন। ওনার মুখে বড় গোঁফ ছিল। মাছ ধরা পড়ত কিনা জানি না, তবে উনি ঘাটের কোণে বসে বড়শি ধরে রাখতেন। আমরা পাশ দিয়ে হেঁটে চলে যেতাম। আমাদের দিকে কেমন যেন অদ্ভুতভাবে তাকাত। আমরা কখনো কথা বলিনি উনার সাথে। সুমি সামনের দিকে আমার হাতটি ধরে তাড়াতাড়ি পা চালাত। সেদিন দেখলাম লোকটি পেছনে হেলান দিয়ে উপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বড়শি ধরে আছে বাঁ হাতে। লোকটি স্থির কোন নড়াচড়া নেই। বড়শির ছিপিটা কখনো কখনো নড়ছিল। পরনে লুঙ্গি আর সাদা চেক শার্ট পরে থাকে সবসময়। ঘাটের ওপাড়টা জঙ্গলঘেঁষা প্রায়ই। তিনি বড়শি ধরে সেদিকেই তাকিয়ে থাকত নিরালায়। এর মধ্যে একদিন আমি একা আসছিলাম, সুমির জ্বর ছিল খুব। তখন ঘাটে কাউকে দেখলাম না, সেখানে অনবরত কিছু নড়ার শব্দ হচ্ছিল। দেখলাম ঘাটের সিঁড়িতে একটা বড় বালতিতে পানিভরা সেখানে একটি মাছ। ঘাটে লোকটিকে দেখলাম না, মাছটি বড় অনেক, দেখতে অনেকটা পাঙ্গাশ মাছের মতোই। বালতির ভেতর পানিতে সাঁতার কাটছে। পাঙ্গাশ মাছ আমার খুব প্রিয়। বাবা কখনো কখনো আনতেন।  বাবারও খুব প্রিয়। খেতেও মজা। এই পাঙ্গাশ মাছটিও সেরকম। লোকটি হঠাৎ আমার সামনে চলে আসলো, অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে হাসল। হাসলে উনার গালে টেপ পড়ে। সেদিন বাসায় ফেরার পর আমার শুধু পাঙ্গাশ মাছের মুখটি মনে পড়ছিল, মুখটি নড়ছিল অনবরত, চওড়া ঠোঁট দুটি খুলছে আর বন্ধ করছে। বুক নিঃশ্বাসের সাথে নড়ছে। পাখনা দুটি অনবরত নড়ছিল। চকচকে পিচ্ছিল শরীর, মনে হচ্ছে এখনই এটাকে ধরি। এখনই বড়শির ছিপি দিয়ে এটারে ধরে বাসায় নিয়ে যাই, মায়ের হাতে পাঙ্গাশ মাছের ঝোল সেরকম মজা হতো। আরেকদিন আমাদের গ্রামের বাড়ির পুকুরটায় একবার জাল ফেলে অনেগুলো মাছ ধরেছিল জেঠু। সেগুলোর মধ্যে রুই কই ছোট মাছ ছিল, ওখানে একটা মিডিয়াম সাইজের পাঙ্গাশ মাছ ছিল, সেটা দেখতে বেশ সুন্দর ছিল।

কিসের শব্দে ফিরে তাকালাম। দেখি ওপাশের ঝোপটা খুব নড়ছে, মনে হচ্ছে ঝোপের ভেতর কারা যেন কিছু করছে, আমার কেমন যেন অস্থির আর একাকী বোধ হচ্ছিল। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সিঁড়িতে তার দুই সিঁড়ি নিচে বালতিটা আর বালতির ভেতর থেকে একমাত্র আমার সঙ্গী পাঙ্গাশ মাছ, কারণ তার চোখ দুটি আমার দিকে চেয়ে আছে। আর কিছু একটা ইঙ্গিত দিচ্ছে নড়াচড়া করে এরকম মনে হল। কীসব ভাবছিলাম একটা পাঙ্গাশ মাছ আমাকে আবার কি বোঝাবে! পুকুরের ওইপাড়ে যেদিকটা আমি হাঁটা শুরু করলাম। লোকটি এদিকে কোথাও নেই। আমার এখনো মনে আছে সে দিন।

তার কিছুদিন পরেই আমি একই পথ দিয়ে যাচ্ছিলাম, তখন এক অদ্ভুত দৃশ্য দেখলাম। এখন তা মনে পড়ে আরো খারাপ লাগছে। পুকুরের কোণে ওইপাড়ে ঝোপের দিকে সেই গোঁফ আঙ্কেল একটা বড় পাঙ্গাস মাছের সাথে ধস্তাধস্তি করছিলেন। তবে মাছটিকে বুকের সাথে লাগিয়ে কেমন যেন করছিলেন, মাছটি অনবরত কামড় দিচ্ছিল আর লেজ শরীর নেড়ে নিজেকে সরাতে চাচ্ছিল। দৃশ্যটি দেখে মনে হচ্ছিল মাছটি খুব অসহায় হয়ে পড়েছে। যেন লোকটির আস্তানা থেকে ছাড়া পেলে বাঁচে। দেখলাম লোকটি মাছটার মুখে চুমু খাচ্ছেন। আমি তখন পাড়েই দাঁড়িয়ে ছিলাম তিনি খেয়াল করেননি। আর ঠিক তখনি হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। সুমি আমার হাতটি ধরে দৌড় দিল, দুজনে দূরে একটা গাছের নিচে গিয়ে দাঁড়ালাম। আমরা দৌড়ে আসাতে লোকটি আমাদের দেখল আর অদ্ভুত ভঙ্গিতে আমাদের দিকে চাইল, পাঙ্গাশটি সেভাবেই বুকে ধরে ঠোঁটে আবার চুমু খেল। আর তখনই সুমি বমি করে দিল, মুখ থেকে খাবার সব বের করে দিল যেন। এসব দেখে আমার নিজেরি চরম অস্বস্তি লাগছিল। সেদিনের কাকলি আপুর সাথে মরা পাঙ্গাশ মাছটি কি এটাই ছিল? জুয়েল দা বলেছিল, সাইজটা তো এরকমই মনে হল। ওইদিন লোকটির দিকে তাকাতেই আমার বিরক্ত লাগছিল। সুমিও বেশ ক্লান্ত আর বিরক্ত হয়ে পড়ল মনে হল। বৃষ্টি একটু কমে গিয়েছিল, তাকে বাসা পর্যন্ত এগিয়ে দিলাম।

কাকলি আপুর ঘটনাটা জানার পর আমার সেদিন বিকেলে আর কিছুই ভাল লাগছিল না, বাসায় গিয়ে ঘুমিয়ে গেলাম। ঘুমের মধ্যে দেখলাম সেই বড় গোঁফওয়ালা লোকটি হেসে হেসে আমার সামনে বড় পাঙ্গাশটির মুখে চুমু খাচ্ছে, আর পাঙ্গাশটি আমার দিকে অসহায়ভাবে চেয়ে আছে। আমি তখনি ওখান থেকে দৌড়ে চলে গেলাম। সুমি আমাকে চিৎকার করে ডাকছিল কিন্তু সে কেন ডাকছিল? জানি না আমি দৌড়াতেই লাগলাম। ঘুম ভাঙতেই দেখলাম বাহিরে বৃষ্টি খুব। যেদিন আমরা কলোনি থেকে চলে এসেছিলাম সেদিন খুব কান্না পেয়েছিল। মনে হল সব কিছু রেখে চলে যাচ্ছি। আমার খেলার বন্ধুদের জন্যও খারাপ লেগেছিল। ওইদিনের ঘটনার এক দুই মাস পরই আমরা কলোনি থেকে চলে গিয়েছিলাম। সরকার নাকি স্টীল মিলস্ বন্ধ করে দিবে। তাই বাবা আমাদের নিয়ে অন্যত্র বাসা পরিবর্তন করলেন। সেদিন আসার সময় সুমির সাথেও আর দেখা হল না। ঐ ঘটনার পর নাকি ও কারো সাথে আর কথাও বলছিল না। সেদিনের পর আমিও কেমন যেন হয়ে গেলাম, মরা পাঙ্গাশ মাছটির চোখ আমাকে কেবল তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে আর সেই বড় গোঁফওয়ালা লোকটা ঐ পাঙ্গাশ মাছটিকে জড়িয়ে ধরে ছিল।

সময়ের সন্তানেরা
সময়ের সন্তানেরা-২
After-Article Banner 2
After-Article Banner 2 mob

মন্তব্য লিখুন

ধন্যবাদ। নাম ও মতামত লিখুন। পর্যালোচনার পর অল্প সময়ের মধ্যেই মন্তব্যটি প্রকাশিত হবে।

Fill out this field
Fill out this field

সম্পর্কিত