৯ নভেম্বর ২০২৬
নাড়ির ভেতর নড়ে ওঠা কবর
চিত্রবিন্যাস :
বিজন অরণ্য

কবিতাগুচ্ছ

নাড়ির ভেতর নড়ে ওঠা কবর

অভিশাপ প্রাপ্ত আমরা

আমাদের পথ জঙ্গল হয়ে গেছে
আকাশ ভেঙে হারিয়ে গেছে সূর্য

সূর্যের গহনার বাদক ছিলাম আমরা

আমাদের লোহা গলে যেত

আর রুপোর ভেতর ঐতিহাসিক দৃশ্য
কিছু কঙ্কাল দৃশ্য মুছতে রক্ত ঢালে

রক্তে হসপিটাল
ইমারজেন্সি বলে কিছু নেই

নক্ষত্র ধরে ইঁদুর বানানো হচ্ছে
ইঁদুরেই খুলবে নাকি রক্তের চোখ

কয়েকটি মুখ ও চিৎকারের স্বর খুলে সৌন্দর্য দেখছে

আমরা চিৎকারের গহ্বরে লুকিয়ে আছি
আমাদের সঞ্চয় অশ্রু
অশ্রু গিলে গিলে আমরা জীবন উপভোগ করছি

আমাদের বাগানে ফুল ফোটে না
ফুলের বেশে শত্রু ফোটে
আমরা শত্রু দিয়ে ঈশ্বর পূজা করি

ঈশ্বর আমাদের পাথরের মূর্তি।

 

এসো…

আকাশকে মাটির ডাক পৌঁছে দিচ্ছি
পৌঁছে দিচ্ছি অন্তর লগ্ন পিয়াস পরিধির স্বর
শখ করে আমার বৌ যাকে লজ্জা বলে ডাকে
ল..জ্জা…
ল..জ্জা…
ল..জ্জা…

ও আকাশ মাটিতে নেমে এসো
মাটির পাত্রে ভাত আছে, দুধ আছে
দোআঁশ মাটির মেঠো পথ বসতি নিয়ে বসে আছে
এসো…
এসো…
এসো…

মাটির পুতুল, বৌয়ের আঁচলের তলে এসো
সেখানে চাঁদ সূর্য আছে
মোহনীয় আদর আছে
চোখ জুড়ানো স্বপ্ন আছে
যৌবনের ঘ্রাণ, ঘন মেঘের মৌনতা ডেকে আনবে
বৃষ্টির বিনোদনে যোনির শস্য ঘরে ঘুমিয়ে থেকো
এসো…
এসো…
এসো…

মাটির মৌনতায় চোখের পুতুল নড়ে
খিস্তি খাওয়া জিভে যোনির জল
লাল গালিচায় মাটির স্তন দেখতে লাল সূর্যের মতো
এটেল মাটির প্রেমরসে নীল হয়ে ওঠে শিরা
তুমি সেই ব্যথার বুকে আদর করা পুরুষ হয়ে থেকো
এসো…
এসো…
এসো…

বেলে মাটির বালুচরে যোনির অসুখ
তুমি একটু দূরে সরে থেকো
দূরে সরে থেকো
এসো…
এ.. সো…

 

কাচের কুচকাওয়াজ

কাচের কুচকাওয়াজে ক্রুশবিদ্ধ হয়ে ঝুলে আছি আমরা
আমাদের পা দেশ দিয়ে বাঁধা
পাহাড়গুলো পেরেকের মতো গেঁথে আছে বুকে

বুকের ভেতর পাথরনুড়ি
সমুদ্র শুকানো ঘা

ঘায়ের ঘ্রাণ ধরে খুঁজেছি যারে সে আমাদের উপাসনালয়ের গম্বুজ
গম্বুজের পায়ে গুণ অঙ্কের কোনো ভার্সন নেই
যোগবিয়োগ থাকলেও
মানুষে মানুষে দ্বিগুণ হয়ে যাচ্ছে রাত্রি

ঘুমের মধ্যে খুন হওয়া মানুষগুলো ঈশ্বরের আকৃতি পরে থাকে

আকাশের পোষাক খুলে উলঙ্গ করে মহামারি

আবিষ্কৃত সীমাহীন এক আকাশ
নির্জনতার মধ্যে দাঁড়িয়ে থাকা জীবন পরজীবি রক্তের রেগুলেটর খুঁজে পায় না।

 

একটি হাঁয়ের ভেতর

একটা হাঁয়ের ভেতর আমরা বসে আছি
ঘাসগুলো মানুষ আর মানুষগুলোকে ঘাস মনে হচ্ছে

কংক্রিটের হসপিটাল হ্যাশট্যাগ দিয়ে উঁচু হয়ে আছে
ইঁটগুলি হাঁটতে হাঁটতে গম্বুজ হয়ে দাঁড়ালো
আমরা সেলফি তুললাম

সেলফির সিলিকন ভ্যালিতে শুঁড় তুলে দিলো আমাদের হাতি মুখ
খুঁড়িয়ে হাঁটা হাত-পাগুলো কেতাবি সিনেমার আলাপের ভেতর হারিয়ে গেলে
মোবাইলটি চার্জ হয়

আমরা চার্জের চর্চায় ছটফট করছি
বমির বনজঙ্গল আমাদের পাঠ্যবই
সামনে দিয়ে কান্নার ঢঙে বয়ে যাচ্ছে ভৈরব নদী
যার পিঠের ওপর নির্দয় আর নির্মমতার ফলবতী গাছ

কদবেলের ভেতর লবণ আর ঝালের গুড়ো খেলা করছে
বন্দুকের পেছনে জড়ো হয়ে বসে আছে জিভ জল
আর আমরা যদি বোম হতাম ফেটে পড়তাম পৃথিবীর রাজনৈতিক স্কুলে

তখন আমাদের চোখগুলো কেরামের পকেটের গর্ত
আমাদের গুটি বানিয়ে কেউ আমাদেরই চোখের ভেতর পুরে দিতে চাইছে
আর আমরা জড়ো হয়ে চায়ের কাপে ডুবে ডুবে থাকি

আমরা দাঁতের পর দাঁত রেখে অপেক্ষা করছিলাম
মেঘচিল উড়ে এল
পথের জানালায় যে কার্টুনটি ঝুলছিল সে আমাদের জন্ম থেকে বুকের ভেতর বাস করছে।

 

দ্বিধা দেহি ধনুষ্টংকার

নাড়ির ভেতর নড়ে ওঠা কবর আমাদের নিবাস

নীল নীল মাকড়সার ভরা পেট
বমিবমি গন্ধ
চামড়ার দেওয়াল

দলীয় কোনো ইশতেহার আমাদের নেই
আমরা কুয়োর কূলহীন জলে ভাসা কুলিন পোকা
দুবাহু উঁচিয়ে হাঁপ ছাড়ছি

মাখন-মাংস হাড়ের ওপর ভাসছে
যে যখন পারছে চেটে যাচ্ছে
চটপটির ফুচকার মতো আমরা গুঁড়ো গুড়ো হয়ে যাচ্ছি

গুড়-চিনি-মিষ্টি
লবণ নোঙরের লোহা
যাবতীয় মসলা আমাদের দিয়ে তৈরি

হাওয়ার হ্যাশট্যাগে আমরা মানুষ
নইলে…

সময়ের সন্তানেরা
সময়ের সন্তানেরা-২
After-Article Banner 2
After-Article Banner 2 mob

মন্তব্য লিখুন

ধন্যবাদ। নাম ও মতামত লিখুন। পর্যালোচনার পর অল্প সময়ের মধ্যেই মন্তব্যটি প্রকাশিত হবে।

Fill out this field
Fill out this field

সম্পর্কিত