১৬ নভেম্বর ২০২৬
আনপথে চলার মানচিত্র
চিত্রবিন্যাস :
বিজন অরণ্য
মোস্তাফিজ কারিগর
চিত্রশিল্পী, কবি, কথাসাহিত্যিক
51

মোস্তাফিজ কারিগর
চিত্রশিল্পী, কবি, কথাসাহিত্যিক

51

‘বিভোর আলেক বন’ থেকে কবিতাগুচ্ছ

আনপথে চলার মানচিত্র

১

বন্য-ব্যাঘ্র ও শ্বাপদের ভয় দেখাও?

চাঁদের পিঠে তাকানো নম্র নদীটি পেড়িয়ে
ঘন জঙ্গল অভিমুখে চলে যাবো

বার বার নিষেধাজ্ঞা, কম্পাস লুকিয়ে রাখছো

আমার পাজরস্থিত হাড় খসিয়ে
দৌড়যুদ্ধের ঘোড়া আঁকতে চাও কেনো?

জঙ্গলের হাওয়ায় ফুলিয়ে নিচ্ছি ফুসফুস
দুই ভ্রু-র মাঝখানে আঁকছি আনপথে চলার মানচিত্র
শ্বাপদের শীতল শরীর থেকে তুলে নেবো ছবি আঁকার রঙ
শান্ত কুয়ো– নেমে যাবো ব্যঘ্রের চোখে

২

পথ গহিনে, একা ও নির্জন

উদ্ধত বাস্তুকলা, দীর্ঘমেয়াদি সঞ্চয়পত্রের উল্লম্ফন
তর্কবাগীশ বন্ধুর সন্ধ্যাকালীন নর্তক আঙুল
নাম খারিজ করে নাম রাখতে চায়

কাঁধে পূর্বপুরুষের পবিত্র জোয়াল
হলকর্ষণের দিনে মাটির অনেক অন্তরে
প্রোথিত হয়ে চুপচাপ থেকে যাবো কিছুকাল

বৃষ্টির জল পেলে তৃণাঙ্কুর আমি
শষ্যশুক্তি নিয়ে হেসে উঠবো দেবতার চোখে

৩

আকাশের দিকে জেগে উঠছে ব্যক্তিগত মালবেরি
কীটদ্রষ্ট মদ-মাংসের দিন
বিগত জ্যোৎস্নার গহ্বরে ফেলে
বদলে নিতে হবে জিহ্বার আহ্নিক

চর্বিদস্যু ও রক্তের বদমেজাজ
আমলকি বনের ছায়ায় ঘুমিয়ে রেখে
উষ্ণীষ জলে মধুপর্ক সামান্য
চুমুকে মিশিয়ে নেবো থানকুনি পাতার সকাল

দখিনের দাওয়ায় ঘর, মৃন্ময়ীর কোল
উঠোনের এ-গাছে ও-গাছে দোল খেয়ে হাওয়া
কন্যার চোখের মতো প্রাতের পুকুরে
ঢেউয়ের কেশর জাগাবে
মীন ও মৌনতায় দুপুরের ব্যঞ্জন

সন্ধ্যায় পান-দোক্তা, তেঁতুল বনের ঝালর ডিঙিয়ে
উঠোনে এসে গৌরচাঁদ, রাত্রিকে সম্পূর্ণা রেখে যাবে
আমাদের পরাগমিলনে

৪

আলেক বনে হাওয়া বইছে, নরম
ভোরের ঘ্রাণ গহনাধিক, ডাকছে

আহ্বানে বিভোর

ঘুম পাড়িয়ে দিতে দিতে
তারকাপুঞ্জদের
শান্ত সমুদ্রের নীলে সুস্নাত আকাশ,
আয়না–

বিরাজিত অপার আনন–আব্রহ্মাণ্ড
পালকের মগ্ন ছায়ায় অঙ্কিত

৫

জীবিকার বোঁচা গলিতে আলোরতি ক্ষয়
রাত্রিদেহে গলে আছে যুগল মোম–
সৌন্দর্য, করুণ একা

গহন শিশিরে ভিজে চুপসালো রাতঘড়ি

ভোরের উপবন পত্র-পুষ্পের প্রতিভায়
সূর্য থেকে নিয়েছে আরক
সজ্জিত রেখেছে প্রাতআহ্নিকের নৈবেদ্য

সময় প্রোষিতভর্তিকা

দূর যোজনে বাজছে কড়ির নাকাড়া

সময়ের সন্তানেরা
সময়ের সন্তানেরা-২
After-Article Banner 2
After-Article Banner 2 mob

মন্তব্য লিখুন

ধন্যবাদ। নাম ও মতামত লিখুন। পর্যালোচনার পর অল্প সময়ের মধ্যেই মন্তব্যটি প্রকাশিত হবে।

Fill out this field
Fill out this field

সম্পর্কিত