বেদনা
ভেবেছি একদিন ওই পাহাড় কিনব
কিন্তু যেদিন পাহাড় কেনার প্রস্তাব আসলো,
সেদিন আমার মনে একটা
পাহাড় চূড়ার মতো কী যেন দাঁড়াল!
পাহাড় কেনা হয়তো যায়
যার টাকা আছে
সে যা তা কিনে ফেলতে পারে
কিন্তু পাহাড় কেনার সঙ্গে
কিনতে হবে পাহাড়বাসীর বেদনা;
আমি আসলে এত অসম্ভব কিনতে পারব না।
২৭ অক্টোবর ‘২৬

বই থেকে নেয়া আরো দুটি কবিতা
জরুরি অবস্থায়
ফুটফুটে বাচ্চাকাল পেরিয়ে আজ আমি যৌবনে পড়েছি,
নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছে আমার কিছু চাইবার আছে,
কারণ রাষ্ট্রকে আমি নিয়মিত ট্যাক্স দেই। বিনিময়ে রাষ্ট্র
আমাকে দেয় গোরস্তানের মাটি, ওয়াসার জল, ইলেক্ট্রিক বাতি
. এবং সুবিশাল নিরাপত্তাবাহিনী।
একটি জরায়ুর বৈধতা দিয়ে রাষ্ট্র আমাকে বলেছে,
‘ছেলে হোক, মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট।’ কিন্তু জরায়ুর
গভীরে পা রাখতেই আমি অজস্র সন্তানের শুভেচ্ছা পেতে থাকি
তাদের কাউকে পারি না এড়াতে
সঙ্গমকালীন জরুরি নিরাপত্তার জন্য রাষ্ট্রের কাছে এবার আমি
. একদল দাঙ্গা-পুলিশ চাইব।
কাব্যগ্রন্থ: সাধারণ কবিতা, ২০০৯
অ-জনিত দিনের স্মারক
অ-জনিত দিন আসে
ক্রসফায়ারের মতো স্বাক্ষরবিহীন
কিনারে দাঁড়িয়ে একা, চারিদিকে অজস্র হাত
. বাড়িয়ে বলল: আ-কার উ-কার দিন!
মাঠের কিনারে বসি গাছপালাদের ছায়া
মধ্যে রোদ্দুর তার ইশারা
ছায়ায় দাঁড়ালে ভেসে আসে
. রৌদ্রজনিত মায়া।
অ-সৃষ্টিতে ভরেছে দুপুর
অ-দেখা তোমার সঙ্গে সমস্ত বিকেল
অ-জানা তোমার সঙ্গে দিশেহারা রাত
অ-য়ের সঙ্গে সারাটা দিন হয়েছি উপুড়
অ-তে ভরে গেছে আমাদের ঋণ
একটা অ-কাগজ শাদা বাতাসে
অ-জানার থেকে একটা হাত এসে
বলে,
‘এইখানে স্বাক্ষর দিন’।
কাব্যগ্রন্থ: চল্লিশ বসন্তে, ২০১২












































































































