মর্মরতা
এখনো যা কিছু মুখাপেক্ষী—
লুপ্ত হওয়ার আকাঙ্ক্ষায়।
সমস্ত শহর খরস্রোতার দিকে
ধূলিঝড় নামিয়েছে।
বর্ষণ ঘন না হতেই
চোরাস্রোতে ভেসে যাচ্ছে
সম্পূর্ণ অধর ও আধুলি
কলা ও কাকলি।
তাকে বলেছি,
ধ্যানবিন্দু কিসের যেন নাম?
ফুটে থাকা কি কারাগার?
ধুতুরার মতো তুমি চেয়ে থাকো
ধুতুরার মতো আমি চেয়ে থাকি
এ কেবল মন্দ বিকশিত।
শীতের প্রশ্রয়ে
সৌখিন শীতেরা নেমে এলে
পায়ে উষ্ণ আহবান নিয়ে
চড়ুই ঠোঁটের কাছে বসি।
শীতের শুরুতেই
সে শীতগ্রস্ত হয়ে উঠেছে
ত্বক পুরু,
বুক প্রশস্ত হয়ে উঠেছে।
নির্জন স্বরের কানে
চুপিচুপি ধ্বনি তুলি
শীতের শাড়ি খুলে
নেমে গেছি
তীরের কাছাকাছি।
চোখে হালকা আগুন-আভাস তুলে
ভেতরে ভেতরে প্রস্তুত হয়ে উঠি।
হেমন্ত ও হাওয়া বিকেল
শীতবাহিত ক্যাফেইন
এই মুখরোচক রোদ
এই তাপরোধক জামা
গুলিয়ে দেয় যত হাওয়া বিকেল।
জেগে আছে স্বর্ণলতার ঘ্রাণ
অনুমেয় কুসুম বাতাস
মাঠে ধান কাটা সারা হলে
ঘর হাসে, রমণীরা জাগে।
অপরিমেয় আশ্বাসে
ঋতুর সরল প্রলোভনে
শাশ্বত স্বরে—আবাহনে
কে তুমি জাগাও?
কুহক ও কুয়াশায়
প্রত্যাশায়,
ঘরে ঘরে রমণীরা জাগে।
ভ্রমর চঞ্চল হয়
নাতিশীতোষ্ণ ওমে।
তোমার উঠান
বাতাসের পর্দা সরালেই নিঝুম উঠান।
আলোর স্বচ্ছতায়
দূরত্বের ব্যাখ্যা কেবল একটিই পথরেখা।
এ প্রান্তে ঘন নিঃশ্বাস
ও প্রান্তে মৌন নির্যাস
এপারে সঘন সলাজ
ওপারে মৌন চিৎকার।
উঁচু উঁচু ছায়াপথ মাড়িয়ে বেঘোর হেঁটে চলি।
কেননা আলোর পর্দা সরালেই তোমার উঠান।
অন্ধকার ভালবাসে যে পাখি,
ভোরের মুখ খুলে গেলে সেও চায় আলো।
মগ্নতা পেয়ে বসলেই তোমার আঙুল খোঁজে
অগঠিত কবিতার দেহ।
আমিও ঠিক ততটুকু। একজোড়া কৃষ্ণমনির
জমজ তৃষ্ণায়—
নিয়মিত অশ্বত্থের পাতা হয়ে আছড়ে পড়ি।
অধর ও আধুলি
উলঙ্গ মন ফুঁপিয়ে ফুঁপিয়ে হাসে।
বিবশা রাতের স্তব্ধ আকাশে
নক্ষত্রযুবকের হাসির ঝলক!
তার চোখজুড়ে নীহারিকা,
ছায়াপথ ও বায়ুমণ্ডল।
আর নিচে নামলেই প্রান্তর। রহস্য। বেহালা।
আমার থকথকে মর্মরতা
কল্পনা যাকে পেরিয়ে সহজ রাস্তা হতে চায়,
সম্পূর্ণ কলা ও কাকলি, অধর ও আধুলি
তার মুখোমুখি দাঁড়ায়।
পৃথিবী প্রদক্ষিণের ধারণায়
সমূহ সংলাপ কেটে তাকে বলেছি,
রাজহংস!
তার পাখনা কী স্রোতময়?
আনন্দে জোয়ার আসে।
জলের প্লাবনে ভেসে যায়
জলের উদ্বৃত্ত।
















































































































