৩ জুন ২০২৬
মুমের জার্নাল: ভালো আছি, ভালো থেকো
চিত্রবিন্যাস :
বিজন অরণ্য
মুম রহমান
কথাসাহিত্যিক ও অনুবাদক
91

মুম রহমান
কথাসাহিত্যিক ও অনুবাদক

91

মুমের জার্নাল

ভালো আছি, ভালো থেকো

কেমন আছেন?

অন্তত আশি ভাগ ক্ষেত্রেই এই উত্তরটি আমরা পাই, ভালো আছি। ভালো না থাকলেও বলি ‘ভালো আছি’। কেন বলি!?

প্রথমতই ‘ভালো আছি’ উত্তরটা বড় সংক্ষিপ্ত, মিষ্টি এবং ঝামেলাহীন। এই উত্তরের পর আর বেশি গভীরে যাওয়ার প্রয়োজন হয় না। মানে নিরাপদ একটা উত্তর।

দ্বিতীয়ত মনে হয়, জীবনে অসংখ্য মানুষকে আমরা চিনি, সামাজিকতা, কর্মক্ষেত্র, আত্মীয়-স্বজন ইত্যাদি সূত্রে না-চাইলেও নাগরিক মানুষকে এক জীবনে লক্ষ লক্ষ মানুষের সাথে যোগাযোগ রাখতে হয়। অন্তত ভদ্রস্থ আলাপ-আলোচনায় থাকতে হয়। এই পরিচয়গুলো অধিকাংশ ক্ষেত্রেই খুব আন্তরিক বা একান্ত নয়। ফলে আমরা নিজেকে খুলে ধরি না, মেলে ধরি না, সবার সামনে। তাই এককথায় আত্মরক্ষা বা আত্মপ্রবঞ্চনা করে বলি, ‘ভালো আছি।’

বুকের ভেতর ক্ষরণ হলেও, মুখে সাত দাঁত প্রকাশ করে বলার চেষ্টা করি ‘ভালো আছি’। কিন্তু যতটা চেষ্টা করি ভালো আছি’র মিথ্যা তকমা বা মুখোশ পড়তে তার অর্ধেক চেষ্টাও কিন্তু করি না সত্যিকারের ভালো থাকতে।

সে আলাপ অন্য কোথাও অন্য কোনোখানে হবে নাহয়। আজ বরং ‘ভালো নেই’ তবু ‘ভালো আছি’ বলার খতিয়ান নেয়া যাক।

এই মিথ্যাচার বা এড়িয়ে যাওয়া উত্তরের প্রাথমিক সূচনাটা হয় আমাদের শৈশবেই। সমাজ নামের এক অদ্ভূত জিনিস আছে আমাদের। এই সমাজ আমাদের কাছে নানা নিয়ম-রীতি পালনের প্রত্যাশা করে, একটু পরে গেলেই টিটকারি মারে, পান থেকে চুন খসলে সমাজ ধ্বংস হলো বলে হৈচৈ শুরু করে দেয়। এর সঙ্গে আরো বৃহত্তরভাবে আছে রাষ্ট্রব্যবস্থা বা প্রচলিত আইন। কার কী অসুবিধা হবে বিবেচনায় আপনি অনেক সময়ই সমাজ কিংবা আইনের চাপে নিজের অনুভূতিগুলোকে চাপা দেন।

‘আমি ভালো নেই, শানু আমাকে কষ্ট দিয়েছে। ও আমাকে বুঝতে পারেনি।’

‘শানু কে?’
‘আমার প্রেমিকা?’
‘তুমি না বিবাহিত?’
‘বিবাহিত, তবে মৃত নই। আমারও ভালোবাসতে ইচ্ছা করে।’
‘তোমার ভালো থাকার দরকার নেই।’

অতএব এমন ক্ষেত্রে কেমন আছেন-এর জবাবে, শুরুতে দাঁত প্রদর্শনী করে বলা উচিত ছিলো, ‘জ্বি জনাব ভালো আছি।’

পরিবারও এই মিথ্যা আচরণ কিংবা আড়াল করার প্রক্রিয়ার একটা বড় ভূমিকা রাখে। আপনি ছেলে, অতএব খুব ছোটবেলা থেকে শিখেছেন, ‘কাঁদা যাবে না। পুরুষ মানুষ কখনো কাঁদে না।’ আপনি মেয়ে অতএব শুনে আসবেন, ‘মেয়ে মানুষের অতো রাগ ভালো নয়। মেয়েরা কখনো ভালো মাছ-মাংসের পিস পায় না।’ তো এই যে পারিবারিক ধারণা, এর ফলে কী হয়! আপনি কাঁদতে পারেন না, রাগ দেখাতে পারেন না। আপনার মা-বাবা বা বড় ভাই-বোন যদি একটু কড়া হয় তবে তো আবেগ প্রকাশের আগে পয়ত্রিশবার ভাবতে হবে। ফলে আমরা লুকিয়ে ফেলি আমাদের প্রাণের আবেগ। অকপটে বলতে পারি না, আমার খুব কান্না পাচ্ছে, আমার হাতটা ধরো আমি একটু কাঁদবো। আমার খুব রাগ উঠছে, আমার মাথায় একটু হাত রাখো, আমি শান্ত হই! সেই ইনক্রেডিবল হাল্কের কথা মনে আছে? রেগে গেলে কেমন দৈত্যাকার হয়ে যায়। আবেগ চাপা রাখতে রাখতে আমরাও ভেতরে ভেতরে অমন ফুসতে থাকি। হাল্ককে শান্ত করে প্রিয়তমা নারী। সেই নারীর স্পর্শ পেলেই সে শিশুর মতো আবার শান্ত হয়ে যায়।

আমরা আবেগ চাপা রাখি, শান্ত হওয়ার অভিনয় করতে থাকি, মুখে বলি ‘ভালো আছি’, ভেতরে জ্বলছি। এসিডিটি বাড়ছে, প্রেশার বাড়ছে, ডায়বেটিস বাড়ছে। একেকটা মানুষ জ্বলন্ত চুল্লি হয়ে উঠছে ক্রমাগত, অথচ বলছে ‘ভালো আছি।’

আমি একবার আমার এক খালাকে বলেছিলাম, খালা আমার ভাল্লাগছে না। খালা বলেছিলো, কী হইছে, পেট ব্যথা! খালার ধারণা ছিলো এই জগতে মানুষের একটাই অসুবিধা আছে, সেটা হলো পেট ব্যথা।

আমি সাহস করে বলললাম, আমার মন খারাপ লাগছে।

কী খারাপ লাগছে!?
না। কিছু না।
পড়তে যা। পড়ার সময় নাটক করবি না। মন খারাপ লাগছে। চার ফুটের ছোকরা না তার আবার মন খারাপ! যা ভাগ!

সেই যে আমি ভাগলাম, এরপর আর সাহস করে কাউকে বলিনি, আমার মন খারাপ লাগছে। মন খারাপ লাগাটা যে একটা অপরাধ এটা আমি শিখে গিয়েছিলাম।

মুমের জার্নাল

আরেকবার; মানুষ তো, একটু নরম হয়ে গিয়েছিলাম। বিশ্ববিদ্যালয়ে পড়ি। প্রাণের এক বান্ধবীকে বললাম মনের কথা। ফলাফল, পরের দিন পুরো বিশ্ববিদ্যালয় জেনে গেলো আমি অমুক মেয়েকে ভালোবাসি। হাসির হুল্লোড় উঠলো। আমার নাম হয়ে গেলো, ছ্যাকা চণ্ডীদাস। আঠারো বছর বরশি বাইলো রজকিনীর প্রেমের জন্য। কিন্তু আমি ৮৮ বছর বরশি বাওয়া, জাল ফেলা, পুকুর সেচেও কোন মাছ পাইলাম না। কারণ, বান্ধবীর কাছে যে মেয়েটির জন্য দূর্বলতার কথা প্রকাশ করেছিলাম সেই মেয়েটি আমার সঙ্গে আয়নার সামনে দাঁড়ালে আয়নায়ও শরম পেতো। আমাদের ময়মনসিংহের ভাষায় ‘চান্দে ও পেন্দে পিরিত হয় না।’ এই পেন্দে জিনিসটা কি তা অবশ্য আমি জানি না। কিন্তু এটুকু বুঝেছিলাম মনের কথা কাউরে বলতে নেই। বললে, সে বিপদ ডেকে আনবে। কার লেখায় যেন পড়েলিাম, ‘যদি কাঁদতে চাও, তবে একা একা কাঁদো। অন্য কেউ তোমার চোখের জল মুছিয়ে দিলে, তার মূল্যটাও সে বুঝে নিবে।’

অতএব সাধু সাবধান, কেউ জিজ্ঞেস করলে সোজা বলে দেই, আলহামদুলিল্লাহ, ভালো আছি।

এই আলহামদুলিল্লাহ যোগ করায় ভালো থাকার মিথ্যা কথাটাও বেশ একটা অথেনটিক ভঙ্গি পায়।

আমাদের উপরি-উপর সম্পর্ক, সম্পর্কের গভীরতার অভাব, পারস্পরিক ঈর্ষা, প্রতিযোগিতা এইসব মিলিয়েও ‘খারাপ আছি, এই অসুবিধায় আছি’ তা বলি না। কারণ কাউকে নিজের দূর্বলতা জানানোও এই প্রতিযোগিতার দুনিয়ায় বিরাট বোকামি। হেথা নিরাপদে মনের কথা কাউরে যায় না বলা। অতএব ‘ভালো আছি।’

নিজের সমস্যা আর অনুভূতির গোপন কথা আড়াল করার জন্য সবচেয়ে মোক্ষম উত্তর হলো ‘ভালো আছি।’ আমরা সত্যিকারের উত্তরটি এড়িয়ে যাই।

কিন্তু এই এড়িয়ে যাওয়া, অস্বীকার করার ফলাফল কি শেষ পর্যন্ত স্বাস্থ্যকর? মোটেও নয়। তবে এ থেকে বাঁচার উপায় কি? আপনি আমাকে সত্যি বলেন না, আমি আপনাকে মনের কথা বলি না। অথচ সারাদিন আমরা কথা বলেই যাই এর সাথে, তার সাথে, ওর সাথে। এইসব কথার খেলাধূলা কি কোনো বীজ বপণ করে? করে না।

তাহলে উপায়টা কি? উপায় কিছু আছে বলে আমার বিশ্বাস। আমার উপায়টা বলি। আমি জার্নাল লিখি। ডায়েরি, নোটবুক। সেগুলোতে পাসওয়ার্ড দেয়া। কাজেই অন্য কেউ কখনোই পড়তে পারবে না। সেইসব নোট বা জার্নাল কারো পড়ার জন্য নয়। আমার নিজের জন্য। আমি নিজের কাছে সৎ থাকি। কখনো এক লাইনে, কখনো দশ লাইনে লিখে রাখি, আমি আজ ভালো নেই। আজ আব্বার কাছে যাইনি। আজ রোদ বেশি ছিলো। তাই ফাঁকি দিয়েছি। এই ফাঁকি দেয়াটা অন্যায় হয়েছে। এই লেখাটুকু আমাকে এক ধরণের সততা ও স্বীকারোক্তি করার সাহস দেয়।

আমি প্রায়শই নিজেকে আদর করি। কোনো একটা কাজ শেষ করলে বা ভালো কিছু করেছি মনে করলে, নিজের ঠোঁট থেকে পাঁচ আঙুল জড়ো করে ‍চুমু নেই, সেই চুমু দিয়ে দেই নিজের গালে। আবার নিজের পিঠ নিজে চাপড়ে দেই। দিনে দু’চারবার বলি, মুম তুমি দারুণ! সাবাস তোমাকে। আর খারাপ কিছু ঘটলেই নিজের চোখের পানি বালিশে লুকাই, শাউয়ার ছেড়ে কাঁদি আর বলি, ‘ঠিক হয়ে যাবে। আজ তুমি ভালো নেই। তবে বেঁচে আছো। তোমার জন্য কালকের সূর্যোদয় আছে। তুমি কাল ভালো থাকবে।’ মানে নিজেকে নিজের কথাটা বলা।

আপনি যদি খুব ভাগ্যবান হন, তাহলে এক জীবনে একটা বন্ধু বা প্রেমিক হয়তো পেয়ে যাবেন, যাকে বলতে পারবেন মনের সব কথা। যার বুকে মাথা রেখে কাঁদতে পারবেন। যার কাঁধে মাথা রেখে হাসতে পারবেন। এমন কিন্তু চাইলে পাওয়া যায়। কেমন করে পেতে হয়! আন্তরিক হতে হয়। দিন শেষে আমরা সবাই মানুষ। আন্তরিকভাবে আমার দিকে আপনি হাত বাড়ালে আমিও হাত বাড়াবো। হয়তো দুটো ক্ষেত্রে ভুল হতে পারে। কিন্তু একটি সম্পর্ক হয়তো আপনাকে সম্মান দেবে। কাঙ্খিত সঙ্গ দেবে। এইটুকু পাওয়ার অন্যতম শর্ত হলো, নিজেকে অনেক কিছুর মধ্যে, অনেকের মধ্যে ছড়িয়ে না-দেয়া। মানুষের নিঃসঙ্গতা কাটাতে হাজার হাজার লোক লাগে না। আপনি যখন ব্যথায়-বেদনায়, হাসপাতালে, তখন আপনার পাশে একটি হাতই যথেষ্ট। চরম শোকের মুহূর্তে একটি হাতের স্পর্শ আপনার ভুবন ভরিয়ে দেবে। কাজেই তেমন একটি হাতের সন্ধান করুন। বরং আপনি আপনার হাতটি আন্তরিকভাবে বাড়িয়ে দিন কারো দিকে। দেখবেন সেই হাত একসময় আপনার জন্যও তৈরি থাকবে। সৎ হলে সম্পর্ক ক্রমশ মধুরই হয়।

শুনেছি, আফ্রিকানরা গাছের খোড়লে মুখ রেখে তাদের গোপন কথা বলে। দুঃখ-বেদনা ঢেলে দেয় বোবা গাছের কাছে। খ্রিস্টীয় ভাই-বোনেরা কনফেশন বক্স পায়। চার্চে গিয়ে ফাদারের কাছে স্বিকার করে নিজের পাপ-অন্যায়-বেদনা। আর এখন কিন্তু আরো আধুনিক ব্যবস্থা আছে। পেশাদার মনোবিজ্ঞানী আছেন যিনি আপনার কথা মন দিয়ে শুনবেন এবং পূর্ণাঙ্গ গোপনীয়তা রক্ষা করবেন। তেমন খারাপ থাকলে আপনি পেশাদার সাহায্য নিতে পারেন।

তবে সাহায্যের বড় সাহায্য—নিজেকে সাহায্য করা। যে নিজের জন্য সহায়ক নয়, তাকে কেই-বা সহায়তা দিতে পারে! কাজেই আত্ম উপলব্ধি, আত্মশক্তি বাড়ানোর চেষ্টা করা উচিত। মন খুলে বলা উচিত, ‘ভালো নেই আজ, তবে ঠিক হয়ে যাবে। জীবন তো সাদা-কালো টিভি নয়, তার রঙ-রূপ প্রতিদিন বদলায়। কাল ভালো থাকবো আপনি সহায়তা করলে।’

আমি! আমি কী সহায়তা করতে পারি আপনার।
তুমি শুধু কাল সকালে একটা ফোন দিয়ে জিজ্ঞেস কোরো ‘কেমন আছো মুম’দেখবে আমি ভালো থাকবো। কাল থেকেই।

আপাতত আমি মিথ্যা ভালো আছি, আপনি, তুমি, তুই সত্যি ভালো থাকিও।

সময়ের সন্তানেরা
সময়ের সন্তানেরা-২
After-Article Banner 2
After-Article Banner 2 mob

1 Comment. Leave new

  • মিজানুর রহমান শাওন
    6 June 2026 7:13 pm

    আমাদের ছোট বেলায় কেউ ভাল আছি বলত না, বলত ভাল নেই, অথবা মোটামুটি আছি, আল্লায় রাখছে কোন রকম, সেখান থেকে ভাল আছি একটা উত্তরণ। ভাল আছি মিথ্যে হলে তার অনেক বিকল্প আছে,তবে তা লম্বা আলোচনার ব্যাপার। ভাল থাকবেন 🙂

    Reply

মন্তব্য লিখুন

ধন্যবাদ। নাম ও মতামত লিখুন। পর্যালোচনার পর অল্প সময়ের মধ্যেই মন্তব্যটি প্রকাশিত হবে।

Fill out this field
Fill out this field

সম্পর্কিত