ছেলেটা ছিল নিছক আখচাষীর ছেলে। সংসারে অভাব-অনটন লেগেই থাকত। তার বাবা যখন খুব অল্পতেই অভাবের কারণে রেগে গিয়ে মাকে পেটাতেন তখন ছেলেটি বুঝত যে অভাব তার বাবার মেজাজকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেত। কেননা সকালে হয়ত ছেলেটির বাবা মাকে মারলেন সেই তিনিই রাতে মাকে নিয়ে বাসার এক চিলতে বারান্দায় বসে গান শোনাতেন। দূরে আড়াল থেকে ছেলেটি এসব দেখে বুঝে ফেলে যে অভাব মানুষকে সুখী হতে দেয় না।
এরপর ছেলেটি বড় হতে হতে বদলাতে লাগল। বুঝে গেল রাষ্ট্র ক্ষমতাই সবকিছু নির্ধারণ করে অতএব ওখানে পরিবর্তন না আনলে কিছুই সম্ভব না।
ছেলেটির জীবনে প্রেম এসেছিল। কিন্তু সময় নেই তখন। চুরুট খেতো একের পর এক। অযত্নে অবহেলায় যে দাড়ি বেড়ে উঠেছিল সেগুলোই হয়ে উঠল একসময় তার সিগনেচার। মাত্র তেত্রিশ বছর বয়সে ছেলেটি কথা রাখল। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটল’ এ লাইনকে ভুল প্রমাণ করে দিল কিউবায়।
মানে এই ছেলেটি যে ফিদেল কাস্ত্রো এটি নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন। ১৯৫৯ সালে কিউবার তখনকার শাসক বাতিস্তাকে ক্ষমতাচ্যুত করে দিলেন। এরপর প্রায় পাঁচ দশক ক্ষমতায় ছিলেন। তিনি যখন কিউবার শাসন ক্ষমতায় তখন ধাপে ধাপে যুক্তরাষ্ট্রে দশজন প্রেসিডেন্ট হয়েছেন। ফিদেলকে মেরে ফেরার চেষ্টা করেছেন তার সকলেই অন্তত ৬শ ৪০ বার। কিন্তু এতবারের চেষ্টাও বিফল হয়েছে।
ইন্টারন্যাশনাল জার্নাল অব কিউবান স্টাডিজের সম্পাদক ড. স্টিফেন উইলকিনসন বিবিসিকে বলেন, এটা ঠিক যে কাস্ত্রো কঠোর হাতে তার শত্রুদের দমন করেছেন। কিন্তু এটাও ঠিক যে অন্য অনেক দেশে বিপ্লবের পর যেমন হয়েছে কিউবায় কিন্তু তেমন কোনো নির্যাতন হয়নি। স্তালিনের গুলাগের মতো কিউবায় কোন শ্রমশিবির ছিল না।
১৯৬১ সালে মার্কিন সমর্থিত বে অব পিগস অভিযানকে পরাজিত করতে পারাটা ছিল কাস্ত্রোর আরেকটি বিরাট অর্জন।
ফিদেল বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন এবং দুর্নীতিবিরোধী অর্থোডক্স পার্টিতে যোগ দেন। এসবের অনেক তথ্যই রয়েছে তার লেখা মাই লাইফ বইয়ে।
তো, তাকে হত্যার মিশনে নামেন সিআইএ-র স্পাই ইলোনা মারিটা লরেঞ্জ। মারিটা বিখ্যাত স্পাই। জার্মানির। অনেকটা বিশ্বখ্যাত স্পাই মাতাহারির মতো সুন্দরী ও কৌশলী-মেধাবী স্পাই তিনি।
সারিটার শৈশবও ভাল কাটেনি। শৈশবেই বার্গেন-বেলসেন কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দি ছিলেন। তার বাবা ছিলেন জাহাজের ক্যাপ্টেন। তার সাথে মারিটা সাগরে সাগরে ঘুরে বেড়াতেন।

এই তো ১৯৯৩ সালে ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিন মারিটাকে নিয়ে বিশেষ সংখ্যা করে। সেখানে অ্যান লুইস বারডেক ১৯৯৩ সালে তার বিষয়ে লেখেন এভাবে;
“আমার মনে হয়, আমি একজন বয়স্কা অভিজাত সুন্দরীর সাথে দেখা করার আশা করেছিলাম। মারিটা তো দুজন কিংবদন্তী ল্যাটিন আমেরিকান ক্ষমতাধর ব্যক্তির প্রেমিকা। এদের একজন ভেনিজুয়েলার মার্কোস পেরেজ অন্যজন ফিদেল কাস্ত্রো। প্রত্যেকের সাথেই তার একটি সন্তান রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন। প্রথমে সিআইএ পরে এফবিআই-তে কাজ করেছেন। আমার সাথে দেখা হওয়ার সময় তার বয়স ৫৪। কিন্তু ওই বয়সেই তাকে ক্লান্ত দেখাচ্ছিল। সামনে এলেন কালো জিন্স টারটলনেক ও ব্লু জিন্সের জ্যাকেট পরে। ও হ্যাঁ, গলায় লাল মাফলার আর হাতে রেড ওয়াইনের বোতল। তাকাতেই লক্ষ করলাম, তার দৃষ্টিশক্তি প্রখর, যেন চোখের পলক পড়ে না। বাউফ্যান্ট হেয়ারস্টাইল। মানানসই তার নখগুলোও। ছোট ও ভোতা যদিও কিন্তু ফ্রস্টেড পিংক রঙে রাঙানো। তার ভ্রু বেশ কালো ও গভীর, ঠিক ভ্রুর নিচেই বিষণ্ণ থালার মতো বাদামি দুটো চোখ। আমি তাকে দেখছি আর ভাবছি এই সেই মারিটা যিনি মার্কিন প্রেসিডেন্ট কেনেডি হত্যাকাণ্ডের ওপর মার্ক লেনের সর্বাধিক বিক্রিত বই প্লসিবল ডিনায়াল-এর কেন্দ্রবিন্দুতে তার সাক্ষ্য ও মতামত।
কথা শুরু হল আমাদের। প্রথমে ফিদেল কাস্ত্রো প্রসঙ্গ।
মারিটা হেসে বললেন, ‘আমি তার কাছেই একমাত্র হেরে গিয়েছিলাম। খুন করতে গিয়ে গর্ভে সন্তান নিয়ে ফিরেছিরাম। সে আসলেই দুর্দান্ত বিপ্লবী ও সত্যিকারের রোমান্টিকও ছিল।’
যা যা বললেন সবই তার বইয়ে আছে। তার বইয়ের নাম দ্য স্পাই হু লাভড কাস্ট্রো।
গল্পটা শুরু এভাবে;
জার্মানীর মারিটা লরেঞ্জ। একজন পেশাদার ডাকসাইটে সিআইয়ের স্পাই। তাকে এস্যাইন করা হয় কিউবায় যেতে। ফিদেল কাস্ত্রোকে খুন করতে হবে। এর আগে ফিদেলকে ৬৩৮ বার হত্যাচেষ্টা করেছে সিআইএ। সফল হয়নি। মারিতা লরেঞ্জ এক ভোরে কিউবার হাভানায় পৌঁছান। হোটেল হিলটন। বিকাল পর্যন্ত ঘুমিয়ে কাটান।
তিনি যেদিন কাস্ত্রোকে হত্যার উদ্দেশ্যে রওয়ানা দেন, জাহাজে সেদিনের ঘটনা মারিটার বয়ানে শুনি:
‘আমি জাহাজে দাঁড়িয়ে ছিলাম। একটা লঞ্চ আমাদের জাহাজের দিকে আসছিল। লঞ্চটিতে প্রায় ২৭ জন অস্ত্রধারী পুরুষ ছিল। সকলের মুখভর্তি একই স্টাইলের দাড়ি। সকলের সামনে দাঁড়ানো ব্যক্তিটি অন্যদের তুলনায় বেশ লম্বা। তিনি লঞ্চের গলুইতে ভর দিয়ে দাঁড়িয়ে ছিলেন। হাতে রাইফেল ছিল। দূর থেকে তিনি চিৎকার করে উঠলেন, “আমি জাহাজে আসতে চাই।”
আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে?
তা শুনে তিনি অট্টহাসি হাসতে শুরু করলেন। তিনি বললেন, আমিই কিউবা। অধমের পরিচয় ‘কমান্ড্যান্ট ফিদেল কাস্ত্রো’।
মারিটা ফিদেল কাস্ত্রোকে বলেন, ‘আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি, এটা জার্মান। মোটেও ভীরু কেউ না।’
তিনি পাল্টা বলেন, ‘কিন্তু হিটলার তো ভয়ে সুইসাইডই করেছিলেন।’ আমি তার কথায় হাসি।
ফিদেল এরপর পাল্টা বলেন, আপনি অবশ্য আমার আশ্রয়ে আছেন। ভয় নেই।

তখন ফিদেলের বয়স ৩৯ আর মারিতার ২০।
তো তাদের আলাপের সময় আরেকজন এগিয়ে এসে বললেন, ‘আমি চে গুয়েভারা। জার্মান বিয়ার চাই।’
এরপর চলে বিয়ার খেতে খেতে তিনজনের আড্ডা। সেদিন মারিটা সেই দুজনকে ঠিক চেনেননি। ভেবেছিলেন ফিদেল ও চে গুয়েভারার নাম ভাঙিয়ে খাচ্ছে।
তো মারিটা লরেঞ্জ হিলটন হোটেলে ফিদেলকে খুনের নকশা করে ফেলেন।
পরদিন ফিদেলের সাথে দেখা করতে গিয়ে দেখেন আসলেই জাহাজের ফিদেল ও সেই ফিদেল একই। মারিতা খুনের পরিকল্পনা করতে থাকেন। একদিন পাহাড়ে যান ফিদেলের সাথে বেড়াতে। পরিকল্পনা ছিল সেদিনই খুন করবেন। কিন্তু পাহাড় চুড়োয় উঠে ফিদেলের ভায়োলিন বাজানো ও সুর শুনে আর খুন করতে পারেন না।
আরেকবার মদের গেলাসে বিষ মিশিয়ে দেন। দুজনে বসে খাচ্ছিলেন। ফিদেল ওয়াশরুমে যাওয়ার ফাঁকে বিষ মেশান। ফিদেল এসে বসে কেমন মাতালের মতো অভিনয় করে ওই গেলাস ফেলে দেন এমন ভান করে যে অনিচ্ছাকৃত পড়ে গেছে।
অনেক পরে মারিটার সাথে যখন ফিদেলের প্রেম হয়ে যায় তখন ফিদেল বলেছিলেন, ‘তুমি আমাকে মারতে এসেছিলে। আমি জানতাম। কিন্তু আমি একজন বিপ্লবী। জানোই তো বিপ্লবী হতে হলে অনেক কৌশলী হতে হয়। আজ তুমি আমার বাচ্চা তোমার গর্ভে ধারণ করে ফিরছ। সে নারী বা পুরুষ হোক, সে হয়ে উঠবে আরেক ফিদেল। ফিদেলদের মৃত্যু নেই।’
এটি মারিটাকে বিদায়ের দিনের কথা। মানে ট্রুথ ইজ মোর ইক্সাইটিং দ্যান ফিকশন।
এরপর ভ্যানিটি ফেয়ারের পক্ষ থেকে অ্যান লুইস বারডেক মারিটার কাছে জানতে চান, ফিদেলের সঙ্গে বিশেষ কোনো মূহূর্ত মনে পড়ে কি?
মারিটা একটু অন্যমনস্ক হয়ে যান। সিগারেট জ্বালান। এক মুখ ধোঁয়া উড়ে যায় সিলিঙের দিকে। বলেন, ‘কেউ জানে না, ফিদেল বলেছিল, সত্যমিথ্যা জানি না, ফিদেলের একসময় খুব সুইসাইড করতে ইচ্ছে করত। কারণ তার বাবা-মা স্পেন থেকে কিউবায় এসে স্থায়ী হয়েছিলেন ও তাদের বিয়ের আগেই সে জন্মেছিল। এক রাতে ফিদেল আমাকে বলে, যে ছেলেটা সুইসাইড করার কথা ভাবত সে-ই হয়ে গেল পুরো কিউবা।’
বিদায়ের সময় মারিটা লন পেরিয়ে গেইট পর্যন্ত আমাকে এগিয়ে দিলেন। মনেই হলো না এত সাড়া জাগানো বিশ্বখ্যাত গুপ্তচর। যে কখনও কোথাও পাঁচবছরের বেশি স্থায়ী বসবাস করেনি। যার নাম শুনলে অনেক রাষ্ট্রনায়ক এখনও ভয়ে আঁতকে ওঠেন।
বললাম, বিদায় বিখ্যাত মারিটা।
মারিটা হেসে বললেন, ‘আমি তো মরেই গেছি। ফিদেল আরও হাজার হাজার বছর মানুষের মনে বেঁচে থাকবে যতদিন কিউবা থাকবে।”
গতকাল ২৫ নভেম্বর ছিল ফিদেলের মৃত্যুদিন।

















































































































































































































































































1 Comment. Leave new
ফিদেল কাস্ত্রো কেবল একজন লৌহমানব বা বিপ্লবীই ছিলেন না, তাঁর ভেতরে যে একজন সংবেদনশীল ও রোমান্টিক মানুষও বাস করত—মারিটা লরেঞ্জের জবানিতে তা দারুণভাবে ফুটে উঠেছে। বিশেষ করে অভাবের তাড়না থেকে বিপ্লবী হয়ে ওঠার শুরুর অংশটুকু এবং শেষের নাটকীয়তা লেখক অসামান্য দক্ষতায় তুলে ধরেছেন। এমন তথ্যসমৃদ্ধ ও সুখপাঠ্য গদ্য উপহার দেওয়ার জন্য লেখককে সাধুবাদ